সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫১ পি.এম
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামে তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ ও ছয় বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেদীকুড়া গ্রামের মো. আব্দুল খালেক ও ঝর্না খাতুনের ছেলে আজিজুল হক (২৩) ও হাবিল (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে তাঁদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে থানার এসআই হারুন, এসআই আজিজুল হাসানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে আজিজুল হকের বসতঘরের মাচার নিচে আটটি বস্তায় ৮০ বোতল ভারতীয় আইকনিক হোয়াইট (ICONIQ WHITE) মদ পাওয়া যায়। অন্যদিকে, হাবিলের বসতঘরের সামনের লাকড়ির নিচে রাখা দুটি বস্তা থেকে একই ব্র্যান্ডের আরও ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া হাবিলের দেখানো মতে একটি বস্তা থেকে ছয় বোতল কিংফিশার স্ট্রং সুপার প্রিমিয়াম (KINGFISHER STRONG SUPER PREMIUM) বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা ১০২ বোতল মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ধোবাউড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁদের আদালতে সোপর্দ করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই আন্দোলনের সময় মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামিপক্ষের জামিন আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন নূরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী শাহা জামিনের জন্য আবেদন করেন। জামিন আবেদনে তিনি উল্লেখ করেন যে, নূরুল ইসলাম নাহিদ অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং মামলার ঘটনার অনেক আগে তিনি রাজনীতি থেকে অবসরে গেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য প্রদান করেছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। তবে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালিত হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাদশা বিল পূর্বকান্দায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান; উদ্ধার গাঁজা গাছ, আটক হেলাল মিয়া
কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির উঠানে চাষ করা প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। এ ঘটনায় হেলাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হেলাল মিয়া কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ভৈরব উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়। এ সময় হেলাল মিয়ার বাড়ির উঠানে ৬ মাস যাবদ ধরে চাষাবাদ করা অবস্থায় প্রায় ১০ ফুট উচ্চতার ডালপালাযুক্ত একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরবের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এএইচ এম আজিমুল হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চাষ, সংরক্ষণ ও বেচাকেনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। এই পেক্ষিতে মাদকদ্রব্য অধিদপ্তরের নিয়মিত মামলা দায়ের করা হবে।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে আটক হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ