ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ পছন্দের লোক দিয়ে কমিটি করার অভিযোগ, বঞ্চিত হচ্ছেন সাধারণ অভিভাবকরা


কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনে অনিয়মের অভিযোগ পছন্দের লোক দিয়ে কমিটি করার অভিযোগ, বঞ্চিত হচ্ছেন সাধারণ অভিভাবকরা

পিরোজপুরের কাউখালী উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিধিমালা অনুসরণ না করে বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকদের অভিযোগ, কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল অভিভাবককে না জানিয়ে নিজেদের পছন্দের লোকজনকে নিয়ে কমিটি গঠন করছেন। ফলে এসএমসি গঠনের প্রক্রিয়ায় সাধারণ অভিভাবকদের অংশগ্রহণের সুযোগ থাকলেও তারা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি গঠনের জন্য ক্লাস্টার পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করার কথা। কিন্তু অনেক বিদ্যালয়ে কমিটি গঠনের বিষয়টি নিয়ে যথাযথভাবে প্রচার-প্রচারণা করা হয়নি।
বর্তমান নীতিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির মোট সদস্য সংখ্যা ১২ জন। এর মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে চারজন সদস্য থাকার কথা—দুইজন পুরুষ ও দুইজন নারী। অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকের কমপক্ষে এসএসসি পাস হওয়ার শর্ত রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, নির্বাচনের আগে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মা-বাবাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করার কথা থাকলেও অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা করেননি। বরং নির্দিষ্ট কিছু অভিভাবককে বিষয়টি জানিয়ে তাদের মধ্য থেকেই সদস্য নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা আমাদের সন্তানদের নিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়া করি। অথচ এসএমসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেককেই জানানো হয়নি। কারা কমিটিতে থাকবে, কখন নির্বাচন হবে—এসব বিষয়ে আমরা পরে জানতে পেরেছি। নিয়ম মেনে সকল অভিভাবককে জানানো হলে যোগ্য অভিভাবকরা অংশগ্রহণের সুযোগ পেতেন।
তাদের দাবি, এসএমসি গঠনের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে সমানভাবে তথ্য জানাতে হবে এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠন নিশ্চিত করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি গঠনের অন্যতম উদ্দেশ্য হলো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে বিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমে সম্পৃক্ত করা। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথা।
অভিভাবকদের অভিযোগ সত্য হলে পছন্দের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে এসএমসির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এতে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কমে যাওয়ার পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহেদুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি বিধিমালা ও নির্ধারিত তফসিল যথাযথভাবে অনুসরণ করতে হবে। সব অভিভাবককে অবহিত করা এবং নির্ধারিত নিয়মে কমিটি গঠন করা প্রধান শিক্ষকদের দায়িত্ব। কোনো বিদ্যালয়ে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “এসএমসি গঠনের মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ত করা। তাই কোনোভাবেই কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করার সুযোগ নেই।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারি প্রতিষ্ঠানে যেকোনো কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমসি গঠনে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর জন্যই এসএমসি ব্যবস্থা চালু করা হয়েছে। তাই কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: পিরোজপুরে বৃদ্ধকে মারধরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ: লীগ নেতা নোমান মৃধা গ্রে-প্তা-র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


লেবাননে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানাল ইরান

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের তিন শিশু এবং দুই নারীসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’-এর সূত্রে জানা গেছে যে, ইরান এই ঘটনাকে ‘নিষ্ঠুর হামলা’ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, নাবাতিয়ে জেলার আল-আনসার, আলি আল-তাহের মালভূমি, নাবাতিয়েহ আল-ফাওকা ও দেইর আল-জাহরানি এলাকায় এ হামলা চালানো হয়। হামলার ফলে আবাসিক এবং বেসামরিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি একাধিক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আল-আনসারে তিন শিশুসহ মোট সাতজন এবং দেইর এজ-জাহরানীতে চারজন নিহত হন।

ইসমাইল বাঘাই বলেন, এই হামলা লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করে তিনি এটিকে নিন্দনীয় উল্লেখ করেন। পাশাপাশি লেবাননের সার্বভৌমত্ব এবং জনগণের প্রতিরোধের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর পূর্ববর্তী হামলায় তাদের তিন সৈন্য আহত হওয়ার পর এই পাল্টা সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

হামলায় বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার কথা স্বীকার করে ইসরায়েল দাবি করেছে যে হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে তাদের সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে।

এই হামলার তীব্র সমালোচনা করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন যে মার্কিন পৃষ্ঠপোষকতায় পরবর্তী আলোচনার আগে ইসরায়েল নিজেদের আগ্রাসী মনোভাবের বার্তা দিচ্ছে। বর্তমানে সীমান্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরাজের ফাইফার, গ্রিনের সেঞ্চুরির পরও মামুলি লক্ষ্য বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ এম


মিরাজের ফাইফার, গ্রিনের সেঞ্চুরির পরও মামুলি লক্ষ্য বাংলাদেশের

ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে সুবিধা করতে পারেনি অজিরা। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। এতে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছে ৫৬ রানের মামুলি লক্ষ্য।

রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এরপর টানা আরও ২টি উইকেট তুলে নেন মিরাজ। ২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ রান করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় করেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন ক্যামেরন গ্রিন। তিনি বের করেছেন রান, আর সুযোগ বুঝে হাঁকিয়েছেন বাউন্ডারিও। গ্রিন ছুঁয়ে ফেলেন ফিফটি। যদিও আরেক প্রান্তে টপাটপ উইকেট পড়ে যায়, তবে অটল থেকে লড়াই চালিয়ে গেছেন গ্রিন।

ক্যামেরন গ্রিনকে শেষদিকে ভালো সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়ে নিজেদের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন এবং উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন।

তবে ইনিংসটি লম্বা করতে পারেননি স্টার্ক। ৩৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন ক্যামেরন গ্রিন। সেঞ্চুরির পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি এই অজি ব্যাটার। ২০১ বলে ১০৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড আউট হন তিনি। এতে অজিরা চাপের মধ্যে পড়ে যায়।

শেষে নাথান লায়ন হ্যাজলউডকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন। কিন্তু মিরাজের বল থেকে লেগ বিফোর আউট হন তিনি। এর ফলে ২৮৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৫৬ রান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মিরাজ। এ ছাড়াও হাসান মাহমুদ তিনটি ও তাসকিন-তাইজুল মিলে নিয়েছেন বাকি দুটি উইকেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবার সঙ্গে প্রেমে ‘ফাটল’! ডেটিং অ্যাপে দেখা গেছে হৃতিকের? ছবি ছড়াতে শুরু জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ এম


সাবার সঙ্গে প্রেমে ‘ফাটল’! ডেটিং অ্যাপে দেখা গেছে হৃতিকের? ছবি ছড়াতে শুরু জল্পনা

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী ঊর্বশী রৌতেলা দাবি করেছিলেন যে, তিনি ওই অ্যাপে হৃতিক রোশনের প্রোফাইল দেখেছেন। আবার আলোচনায় সেই বিশেষ প্রাইভেট অ্যাপ।

প্রেম ভাঙল হৃতিক রোশন এবং সাবা আজ়াদের? তাঁদের সম্পর্ক নিয়ে আবার জোর জল্পনা শুরু হয়েছে। এ বার একটি ডেটিং অ্যাপের ‘রহস্যময়’ প্রোফাইলকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক্সক্লুসিভ (এই অ্যাপে যোগ দিতে বিশেষ ‘আমন্ত্রণ’-এর প্রয়োজন পড়ে) ডেটিং অ্যাপ ‘রায়া’-তে হৃতিকের নামে একটি প্রোফাইল রয়েছে বলে দাবি করে একটি স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই অ্যাকাউন্টটি সত্যিই অভিনেতার কি না, সে ব্যাপারে কোনো সত্যতা যাচাই করা যায়নি এখনও।

ছড়িয়ে পড়া স্ক্রিনশটে যে প্রোফাইল দেখা যাচ্ছে, সেই প্রোফাইলে অভিনেতার ছবি, বয়স এবং ইনস্টাগ্রাম হ্যান্ডল ব্যবহৃত হয়েছে। প্রোফাইলে পেশা হিসাবে ‘অভিনেতা / প্রযোজক / উদ্যোগপতি’ উল্লেখ করা হয়েছে। বাসস্থান হিসাবে লেখা রয়েছে 'মুম্বই'। বিভিন্ন সমাজমাধ্যমে ওই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর হৃতিক এবং সাবার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ওই অ্যাকাউন্টটি বর্তমানে সক্রিয় কি না, তা স্পষ্ট নয়। আদৌ অ্যাকাউন্টটি অভিনেতারই কি না, তাও নিশ্চিত নয়। এর আগেও ‘রায়া’ থেকে হৃতিকের নামে একই ধরনের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়েছিল।

নতুন স্ক্রিনশটটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটাগরিকদের কিছু অংশ বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। একজন মন্তব্য করেন, ‘‘কিন্তু, সাবার কী হবে?’’ আর একজন লেখেন, ‘‘তাহলে হৃতিক কি সাবার থেকে ‘আজ়াদ’ হয়ে গেলেন?’’ তৃতীয় জন লেখেন, ‘‘‘গ্রিক গড’-ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা হলে আমাদের কী হবে?’’

তবে কেউ কেউ বিষয়টি নিয়ে অন্য সম্ভাবনার কথাও বলেছেন। এক নেটাগরিকের দাবি, এই অ্যাপ শুধু ডেটিংয়ের জন্য নয়, পরিচিতি ও যোগাযোগ বাড়ানোর জন্যও ব্যবহার করা হয়। তার মতে, অ্যাকাউন্ট থাকলেই যে কোনও ব্যক্তি বর্তমানে অ্যাপটি ব্যবহার করছেন বা সেখানে ডেটিং করছেন, এমনটি ধরে নেওয়া ঠিক নয়।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী ঊর্বশী রৌতেলা দাবি করেছিলেন যে, তিনি ওই অ্যাপে হৃতিক এবং আদিত্য রায় কপূরের প্রোফাইল দেখেছেন। তবে সেই দাবিরও কোনো সত্যতা যাচাই করা যায়নি। প্রোফাইলগুলি সত্যিই সংশ্লিষ্ট অভিনেতাদের কি না, সক্রিয় ছিল কি না বা তাঁরা সেগুলি ডেটিংয়ের উদ্দেশ্যেই ব্যবহার করছিলেন কি না— তা-ও নিশ্চিত প্রমাণ মেলেনি।

এ দিকে, হৃতিক ও সাবা ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন। কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা প্রথম প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা জানান। ২০২৫ সালের অক্টোবরে তাঁদের সম্পর্কের চার বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে হৃতিক সমাজমাধ্যমে সাবার সঙ্গে বেশ কিছু অদেখা ছবি ভাগ করেছিলেন।

এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠান, পার্টি এবং পারিবারিক আয়োজনে একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। সাম্প্রতিক প্রেম ভাঙার জল্পনার প্রসঙ্গে কেউ এখনও কোনো মন্তব্য করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ এম


রাবি ছাত্রদল নেতা ৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডলসহ আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটকের সময় সাত পিস ভারতীয় মাদক ট্যাপেন্টাডলসহ আটক করেছে মতিহার থানার পুলিশ।

শনিবার সন্ধ্যায় তার আটক হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তাকে মতিহার থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির।

বলেন, আটক হাসিবের বিরুদ্ধে এর আগে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে। ছাত্রলীগ নেতাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগের কারণে এক সময় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।

এছাড়া অন্যের ফুডকার্ট নিজের মালিকানা দাবি করে হাতিয়ে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

এই ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বহিরাগত সদস্যদের সঙ্গে নিয়ে রাবির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতও করতে দেখা গেছে।

শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী জানান, তিনি সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছেন। তিনি বলেন, ছাত্রদল সব সময় মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে বদ্ধপরিকর।

এখনো নিশ্চিত নয়, প্রশ্ন উঠেছে যে মাদক তার নিজের কাছে ছিল নাকি বন্ধুদের কাছে ছিল। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেবো।

মতিহার থানার ওসি মোহাম্মাদ গোলাম কবির বলেছেন, হাসিব মাদকসহ আটক হয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান উল্লেখ করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী মাদক গ্রহণ, ক্রয় ও বিক্রয় দণ্ডনীয় অপরাধ। যেহেতু তিনি মাদক নিয়ে ধরা পড়েছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়ে দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%