শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০০ পি.এম
বরিশাল, ১৩ নভেম্বর, ২০২৬ : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে নগরীতে একটি বণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এই র্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বর্ণিল সাজে ঢাক ঢোল বাজিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।
তিনি উল্লেখ করেন, শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য আজ একটি গৌরবময় দিন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এটি যেন এক মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠিদের সাথে দেখা হওয়ায় তারা আনন্দিত।
র্যালিতে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা তাদের আবেগ এবং স্মৃতিচারণ করেন। দুই দিনব্যাপী আয়োজনে নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটসের শেষ যাত্রা সম্পন্ন হয়েছে সাগরের তলদেশে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে এটি কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হয়ে উঠেছে। সামুদ্রিক প্রাণীর আবাসস্থল তৈরি করার পাশাপাশি, এই স্থানটি ডুবোজাহাজ দেখতে আসা পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
জাহাজটির দৈর্ঘ্য প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) এবং এটি বুধবার ডুবানো হয়। এর আগে, জাহাজের ভেতরের বিভিন্ন অংশ সরিয়ে ফাঁপা করা হয়েছিল, যাতে এটি সাগরের তলদেশে স্থায়ীভাবে অবস্থান করতে পারে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ‘স্কাটলিং’।
জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকার প্রক্রিয়া চলে প্রায় পাঁচ ঘণ্টা। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়। এখন এটি বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এই স্থানটি জনপ্রিয় ডাইভিং গন্তব্যে পরিণত হবে।
কেমন ছিল এসএস ইউনাইটেড স্টেটস
১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে এসএস ইউনাইটেড স্টেটস নির্মাণ করা হয়। এটি ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার) দীর্ঘ টাইটানিকের চেয়েও বড় ছিল। জাহাজটি গতি, শক্তি ও বিলাসবহুল ব্যবস্থার জন্য পরিচিত ছিল।
১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এটি। প্রথম সমুদ্রযাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গতি রেকর্ড গড়ে। মাত্র তিন দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল এটি, যার গড় গতি ছিল ঘণ্টায় ৩৫ দশমিক ৫৯ নট, অর্থাৎ প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী কোনো জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।
১৭ বছর ধরে চলাচলের সময় জাহাজটিতে হাজারো যাত্রী ভ্রমণ করেছেন, তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ার।
হলিউডের তারকাদেরও পদচারণ ছিল জাহাজটিতে। তাদের মধ্যে ছিলেন মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মারলন ব্র্যান্ডো। এ ছাড়া পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি এবং জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটনও এই জাহাজে ভ্রমণ করেছেন।
তবে আকাশপথে যাতায়াতের প্রসার ঘটলে ১৯৬৯ সালে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি
দীর্ঘদিন ধরে জাহাজটি আর চলাচল করছিল না। বিভিন্ন মালিক সেটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। জাহাজটি ফিলাডেলফিয়া বন্দরে নোঙর করা অবস্থায় ছিল। সময়ের সঙ্গে এর রক্ষণাবেক্ষণের খরচও বাড়তে থাকে।
২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দরের কর্তৃপক্ষ জাহাজটির দৈনিক নোঙর খরচ বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।
এরপর ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।
কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটি ডুবিয়ে দেওয়ার আগে প্রায় এক বছর ধরে পরিবেশের জন্য নিরাপদ করার কাজ চলে। এ কাজে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টি।
কাউন্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য উপকারী, ক্ষতিকর নয়। এগুলো এমন আবাসস্থল তৈরি করে, যা আগে ছিল না। এর ফলে বৈচিত্র্যময় পরিবেশ গড়ে ওঠে। সামুদ্রিক প্রাণী, মাছ ধরার শিল্প এবং পর্যটন—সব ক্ষেত্রেই তা উপকার বয়ে আনে।’
বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে উঠলে সেখানে ডুবোজাহাজ দেখতে আসা পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। এতে ফ্লোরিডায় পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে।
কেন জাহাজ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সমুদ্র ও মহাসাগরের তলদেশে প্রায় ৩০ লাখ জাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। এসব ধ্বংসাবশেষের অনেকটিই সময়ের সঙ্গে সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। প্রবাল, ঈল মাছ ও স্ন্যাপার মাছের মতো প্রাণী এসব জায়গায় আশ্রয় নেয়।
কিছু জাহাজ দুর্ঘটনায় ডুবে গেলেও কিছু জাহাজ পরিকল্পিতভাবে ডুবিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা এবং মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীকে আকৃষ্ট করা।
তবে এভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। জাহাজের রং, বৈদ্যুতিক তার, জ্বালানি এবং পরিবেশের জন্য ক্ষতিকর অন্যান্য উপাদান সরিয়ে ফেলতে হয়। তা না হলে এসব উপাদান সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।
একসময় ডুবে যাওয়া জাহাজের মূল কাঠামো আর চেনার উপায় থাকে না। মাছ, বার্নাকল ও ক্রাস্টেশিয়ানসহ নানা ধরনের সামুদ্রিক প্রাণী তখন জাহাজটিকে নিজেদের আবাসস্থল হিসেবে ব্যবহার করে।
জাহাজ ছাড়াও যেসব বস্তু দিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি হয়, সেগুলোর মধ্যে অব্যবহৃত জাহাজ, তেল ও গ্যাস উত্তোলনের স্থাপনা, বেতার টাওয়ার এবং মালবাহী ট্রেনের বগি ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছে। এসব স্থাপনায় মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বসবাসের সুযোগ পায়।
যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ১৯৮৪ সালে ‘রিগস টু রিফস’ নামে একটি কর্মসূচি শুরু হয়। এর আওতায় দেশটির বাইরের মহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন স্থাপনা কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে।
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে কাঠের ঘর, ফ্রিজ, বাজারের ট্রলি এবং নিউইয়র্ক শহরের অব্যবহৃত পাতালরেলের বগিও ব্যবহার করা হয়েছে।
গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলে একটি বায়ুবিদ্যুৎ টারবাইনের ভিত্তির চারপাশে বিশ্বের অন্যতম বড় কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। এতে বিশেষভাবে তৈরি ৭৫ হাজার কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ঘনক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ঘনকের মাঝখানে একটি কক্ষ রয়েছে। বাইরের অংশ মৌচাকের মতো নকশায় তৈরি। সামুদ্রিক প্রাণীদের আবাস গড়ে উঠতে সহায়তা করার জন্য এ নকশা করা হয়েছে।
ঘনকগুলো বায়ুবিদ্যুৎকেন্দ্রের স্থাপনাটিকে ক্ষয় থেকে রক্ষা করার জন্যও তৈরি করা হয়েছে। এগুলো সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শক্তির বিরুদ্ধে বাধা হিসেবে কাজ করে। ফলে স্থাপনার গোড়ার মাটি ক্ষয়ে যাওয়ার আশঙ্কা কমে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরেটন বে মেরিন পার্কে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করে। এতে কংক্রিটের ব্লক ব্যবহার করা হয়।
সরকারি কর্মসূচির আওতায় দেশটির প্রথম কৃত্রিম প্রবালপ্রাচীরের সম্প্রসারণ করা হয়েছিল ২০০৮ সালে। ১৯৭৫ সালে পুরোনো গাড়ির টায়ার দিয়ে তৈরি হ্যারি অ্যাটকিসন কৃত্রিম প্রবালপ্রাচীরে গ্রানাইট পাথর ফেলে নতুন আবাসস্থল তৈরি করা হয়। এতে ছোট মাছের বসবাসের সুযোগ তৈরি হয়।
২০১১ সালে ফাঁপা কংক্রিট দিয়ে তৈরি ‘রিফ বল’ ব্যবহার করে ইস্ট কুচি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়। একই বছর স্টিলের তৈরি বিশেষ কাঠামো ‘ফিশ কেইভ’ বসিয়ে ওয়াইল্ড ব্যাংকস কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। বিভিন্ন প্রজাতির মাছকে আকৃষ্ট করার জন্য এসব কাঠামো ব্যবহার করা হয়।
২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও তৈরি করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো চাঙ্গা কংক্রিটের তৈরি ঘনক, যার ভেতরে আড়াআড়ি একটি কাঠামো রয়েছে।
২০১৫ সালে অস্ট্রেলিয়ায় নর্থ মোরেটন কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। সেখানেও ফিশ বক্স ব্যবহার করা হয়েছিল। একই বছর টার্নার কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে কংক্রিটের বিভিন্ন কাঠামো বসানো হয়। এর আগে ২০১০ সালে রিফ বল ব্যবহার করে ওয়েস্ট পিল কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়েছিল।
এ ছাড়া ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অব্যবহৃত মাইনসুইপার বা সমুদ্রের মাইন অপসারণকারী ছোট যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে ডুবিয়ে দেয়। এর মাধ্যমে সেখানে একটি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও সঠিকভাবে চিনতে পারেননি। বাংলাদেশের জনগণ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এই দেশে রাজনীতি অথবা সন্ত্রাসের জন্য আর সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে কারা কীভাবে জড়িত, সে সম্পর্কে সরকারের কাছে তথ্য-উপাত্ত আমাদের কাছে বিদ্যমান।
আইনমন্ত্রী সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।’
গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রসঙ্গে আইনমন্ত্রী উল্লেখ করেন, ‘শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিডনির সমস্যা, স্ট্রোক, ডেঙ্গু এবং একাধিক সংক্রমণের কারণে অসুস্থতার সঙ্গে দীর্ঘ সময় ধরে লড়াই করে অবশেষে সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৩ বছর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি আর ফিরে আসতে পারেননি।
সাহেদের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বন্ধু এবং গণমাধ্যমকর্মী এরশাদুল হক।
অসুস্থ থাকা সত্ত্বেও নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। তিনি প্রায় ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান শ্রোতাদের সামনে আনতে চান। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট এবং ভিনাইল রেকর্ড সংগ্রহের উদ্যোগও নিয়েছিলেন। প্রতিটি মাধ্যমে চারটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা ছিল তার।
শেখ সাহেদ আলী নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেছিলেন। তিনি ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। সংগীতাঙ্গনে তিনি ‘রোকযানা সাহেদ’ নামেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রোকযানা’ গানটি শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করে। এছাড়া তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ এবং ‘প্রেম আসবেই’।
১৯৯১ সালে সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয়। এরপর তিনি আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। দীর্ঘ সংগীতজীবনে তিনি নিজের গান এবং স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল এক নীলকান্তমণি বসানো ব্রেসলেট সম্প্রতি বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকারটি প্রত্যাশিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি রয়েছে। এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে এই ব্রেসলেটটি তৈরি করেছে।
নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত এর দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁতে।
সোথবির নিলাম তালিকায় উল্লেখ করা হয়েছে, এই অসাধারণ ঐতিহাসিক নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের সংগ্রহ হিসেবে গণ্য করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সূচনালগ্নে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে পরিবারের সদস্যরা নিহত হন।
রোমানভ পরিবার কবে নীলকান্তমণিটি সংগ্রহ করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।
রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের অলংকারগুলো বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজের উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে সোথবি জানিয়েছে।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রির সময়ও অন্য একটি ছোট নেকলেসে বসানো ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমানে দেখা যাচ্ছে এমন হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ