০৬:২৬ পি.এম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নান নামের দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো গুরুত্বপূর্ণ রুটে দায়িত্ব দেওয়া হবে না। তাদের স্টেশন ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।
বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী দৃশ্যমান প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশন প্রদানের জন্য প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছিল। তবে ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর এবং এ নিয়ে দেশজুড়ে সমালোচনার প্রেক্ষাপটে শেষ মুহূর্তে তাদের ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (পি-৩সো১৮) ও বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩সো৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শেরপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী
গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে ব্যবহৃত হয় বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ। বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইটের উড্ডয়নের আগে ও পরে উড়োজাহাজটির কারিগরি সক্ষমতা এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। বিশেষ করে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা ফেরার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির স্পয়লারে মারাত্মক ত্রুটির সতর্কবার্তা দেখা দেয়। এতে পুশব্যাক ও ট্যাক্সি করে রানওয়ের দিকে যাওয়ার পরও পাইলট উড্ডয়ন বাতিল করতে বাধ্য হন।
পরে দীর্ঘ সময় ধরে কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়। একই সঙ্গে ভিভিআইপি ফ্লাইটের মতো অতি সংবেদনশীল যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বিমানের প্রকৌশল বিভাগের ছাড়পত্র দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটির এই অনভিপ্রেত ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকেও তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তদন্ত কমিটিতে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগের বৈধতা ও উড্ডয়নযোগ্যতার সনদ প্রদানের পুরো প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন