ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত


‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত

জামায়াতে ইসলামী মনে করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের পেছনে দুটি কারণ থাকতে পারে। দলটির দাবি, দেশে ফেরার প্রক্রিয়া দেখানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করতেও শেখ হাসিনা এমন পদক্ষেপ নিতে পারেন।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক ভিডিও বার্তায় দলের এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, "পাসপোর্ট চাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা নতুন অবস্থানের পেছনে কৌশল অবলম্বন করে থাকতে পারেন। জনগণকে বিভ্রান্ত করছেন।"

আরও পড়ুন: এনসিপির নারী সংগঠনের দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, "এবং তিনি যেহেতু বলেছেন ‘আমি আসব’; তার একটা প্রসেস তিনি দেখাচ্ছেন যে, ‘আমি এখন পাসপোর্টের জন্য, আমার এনআইডির জন্য চাচ্ছি; আমি খুব লয়াল একজন মানুষ বাংলাদেশের।’"

জামায়াতের এই নেতা আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দিতেও শেখ হাসিনা এমন পদক্ষেপ নিতে পারেন। তার ভাষ্য, "তার দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া যে, ‘আমি যে আসছি তার একটা প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি।’"

শেখ হাসিনার অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জুবায়ের আরও বলেন, "শেখ হাসিনা তার রাজনীতিতে এবং তার অতীতের কর্মকাণ্ডে এ ধরনের কাজ তিনি করেছেন, যেগুলো জনগণের কাছে হাস্যকর ছিল। এবং এমন কিছু কাজ করেছেন, যেটি এই দায়িত্বে থেকে সাধারণত মেলে না, কিন্তু তার চরিত্রের সঙ্গে এগুলো মিলে যায়। তিনি এই ধরনের ফ্রড কাজ করতে পারেন, ফাউল কাজ করতে পারেন এবং মানুষকে অস্থির করার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি তিনি নিতে পারেন। যেহেতু তিনি নেতাকর্মীদের ফেলে গেছেন, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য।"

পাসপোর্ট আবেদনের পেছনে দ্বিতীয় কারণ হিসেবে দলীয় পদ-পদবি ধরে রাখার বিষয়টি উল্লেখ করেন জামায়াতের এই মুখপাত্র। তিনি বলেন, "আরেকটা কারণ আছে, পদ-পদবি যাতে ঠিকমতো থাকে, এটাও একটা কারণ। তিনি আসবেন না বললে তো স্বাভাবিকভাবে ছিন্ন কাউকে চেয়ার করতে হবে। দলীয় নেতা বানাতে হবে। ‘আমি আছি, আসছি’ এজন্য তিনি এটা বলছেন।"

আরও পড়ুন: ডেপুটি স্পিকার কায়সার কামালের সংসদে উষ্মা প্রকাশ

এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। আইনজীবীর মাধ্যমে হাইকমিশনে চিঠি পাঠিয়ে তিনি এ আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্স জানায়, আবেদনসংক্রান্ত চিঠি দেখার সুযোগ পেয়েছে তারা।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ওই সময়ের পর তার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর প্রথমবারের মতো সামনে আসে।

রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়েও আলোচনা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম। পরে জামায়াতের পক্ষ থেকেও এ বিষয়ে বক্তব্য দেওয়া হয়।

আরও পড়ুন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকার বরাদ্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।’

সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ সময় বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে বিকালে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাদের মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সভাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনা হয়। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে।

সোমবার এ বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিও শুনেছি, টেলিভিশন স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কিনা, যথাযথভাবে করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার আছে কিনা, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে এ মুহূর্তে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছেন, সেই দেশের কাছে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


নভেম্বরের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ১১৩ কোটি মার্কিন ডলার এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ১২ কোটি টাকা হিসেবে গণনা করা হয়েছে (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

রোববার (৮ নভেম্বর) প্রবাসী আয় হিসাবে ২৫ কোটি ১০ লাখ ডলার বা তিন হাজার ১১২ কোটি ৪০ লাখ টাকা দেশে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম আটদিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৭৫ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৪৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ নভেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে এক হাজার ২৫৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৯০ কোটি ৩০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির নারী সংগঠনের দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২২ পি.এম


এনসিপির নারী সংগঠনের দায়িত্ব পেলেন পাইলট ফারিয়াল হামিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। তিনি পেশাগত পরিচয়ের পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা এবং বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সাথে যুক্ত রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এবং আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে সিফাত সুলতানা মিম মনোনীত হয়েছেন। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।

এদিকে একই দিনে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আহ্বায়ক হিসেবে খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব হিসেবে রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হিসেবে সালমা আক্তারকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%