০৪:৪৭ পি.এম
নেত্রকোণা, ২১ আগস্ট, ২০২৬ : নেত্রকোণার আটপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আজ আল মামুন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে।
শুক্রবার সকালে আনুমানিক ৯টার সময় আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিক নগর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল মামুন মল্লিক নগর গ্রামের আল আমিন এবং ময়মুনা আক্তার দম্পতির পুত্র। সে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১
স্থানীয় সূত্র ও আটপাড়া থানা পুলিশের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষা শেষ করার পর মামুন নিজ বাড়িতে অবস্থান করছিল এবং সে পিতা-মাতার গবাদিপশুর দেখভাল করছিল। আজ সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে মামুন বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ধর্মীয় রীতিনীতি অনুযায়ী দাফন সম্পন্ন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন