সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২২ পি.এম
রাজস্থলী উপজেলায়, রাঙ্গামাটিতে পাহাড়ি এবং বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা রক্ষা করা, মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী হেডম্যান, কারবারি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের সঙ্গে একটি মাসিক সমন্বয় সভা আয়োজন করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ সৈকতের নেতৃত্বে ক্যাম্পে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় হেডম্যান, কারবারি এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পাহাড়ি-বাঙালি জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সহাবস্থান বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক বিভেদ, ভুল বোঝাবুঝি এবং অস্থিতিশীলতা এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া, মাদকদ্রব্য এবং অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের চাষ, সেবন ও ব্যবসা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। এলাকার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন সন্ত্রাসী বা দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য উপস্থিত ব্যক্তিদের অনুরোধ করা হয়।
এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পোস্টার-ব্যানার লাগানো কিংবা অপপ্রচারমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেনা ক্যাম্পকে অবহিত করার নির্দেশনা এবং আহ্বান জানানো হয়।
স্থানীয় পর্যায়ে শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃত্বের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অভিযান পরিচালনা করে গফরগাঁও থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ১ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ (৪১), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুন অর রশিদ (৫৪) এবং ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম (৪৫), পিতা মো. ইউনুস আলী। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র অনুযায়ী, রোববার রাতে গফরগাঁও থানা পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. হানিফ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক এবং মো. হারুন অর রশিদ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, রোববার রাতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল জমিদারবাড়ি। তবে কালের বিবর্তনে আজ সেই জমিদারবাড়ি অস্তিত্ব হারাতে বসেছে। দীর্ঘ সময় ধরে অবহেলা, অযত্ন এবং সংস্কারের অভাবে ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। যথাযথ সংরক্ষণ করা হলে এটি এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ হতে পারে। স্থানীয়রা ঐতিহাসিক জমিদারবাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্প্রতি সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে, যেখানে একসময় জমিদারি শাসনের জৌলুস, মানুষের পদচারণা এবং আভিজাত্যের ছোঁয়া ছিল, আজ সেখানে বিরাজ করছে নীরবতা। সময়ের সাথে সাথে জমিদারবাড়ির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও স্থাপনার অংশ ভেঙে পড়েছে। গাছপালা এবং আগাছায় ঢেকে যাচ্ছে ঐতিহাসিক এই নিদর্শন।
জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে প্রায় আড়াই যুগ ধরে জমিদারি পরিচালনা করতেন ভারতের কুচবিহার এর মহারাজা নীপেন্দ্র নারায়ন রায় এর অধিনস্থ জমিদার ধর্য্য নারায়ন, মতিলাল রায় ও লক্ষিন্দ্র নারায়ন রায়। ১৯৫০ সালে দেশে জমিদারী প্রথা আইনগতভাবে বিলুপ্ত করা হয়। এর ফলে জমিদারদের জমির মালিকানা এবং খাজনা আদায়ের প্রচলিত অধিকার রাষ্ট্রের অধিনে চলে যায়।
জমিদারের নাতীরা জানান, পাকিস্তান সরকার জমিদারি প্রথা বিলুপ্ত করে। তখন জমিদার মতিলাল রায় ও মধুসূদন ভারতে চলে যান। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর খাজনার কারণে তাদের জমিদারি বিলুপ্ত হয়ে যায়। সরকার সম্পত্তিগুলো এনিমেনি করে দেয়। জমিগুলো যদি সরকার তাদের ফেরত দেয়, তাহলে তারা ভালোভাবে চলতে পারবেন।
সোনাহার টেকনিক্যাল কলেজের প্রভাষক রতন কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় জমিদারবাড়ীটির ঐতিহাসিক সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটি সংস্কার করা হলে একটি পর্যটন কেন্দ্র তৈরি হতে পারে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তার।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, জমিদারের বাড়ি ও মন্দির পরিদর্শন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পঞ্চগড় যেহেতু পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা, সেহেতু প্রত্নতত্ত্ব ও পর্যটনের জায়গা হিসেবে নির্ধারণ করা হলে, পর্যটন খাত আরো এগিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার মহানগরের নারুলী তালতলা এলাকায় শিশু ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত রাহুলসহ অন্যান্য জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকাবাসী এই মানববন্ধন করে। দুপুরের দিকে বগুড়া শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, "শিশু ধর্ষণের মতো নৃশংস অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" তারা দাবি করেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।
এছাড়া, ভুক্তভোগী শিশুর উন্নত চিকিৎসা, মানসিক সহায়তা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার কথাও তারা তুলে ধরেন। মানববন্ধনের শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৮ সালে বিকাশ পান্ডে, যিনি বিকাশ সংকৃত্যায়ন নামেও পরিচিত, তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন। এই মামলা ধ্রুব রাঠির একটি ভিডিওকে কেন্দ্র করে করা হয়।
ওই ভিডিওতে ধ্রুব রাঠি অভিযোগ করেছিলেন যে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি সেল বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। সোমবার নয়াদিল্লির সাকেত আদালতের বিচারিক ম্যাজিস্ট্রেট (প্রথম শ্রেণি) আনাম রইস খান এই পরোয়ানা জারির আদেশ দেন।
কেন এই পরোয়ানা জারি করা হলো?
২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠি ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিজেপির আইটি সেল তাকে হেয় করার উদ্দেশ্যে বিকাশ পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। এই ভিডিওর কারণে বিকাশ পান্ডে ধ্রুব রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেন।
বিকাশ পান্ডে ফেসবুক পেজ ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’-এর প্রতিষ্ঠাতা। তার অভিযোগ, ধ্রুব রাঠির বক্তব্য মিথ্যা এবং এতে তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে তিনি রাঠির বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, ওই ভিডিওটি তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শেয়ার করেছিলেন।
এ ঘটনায় পান্ডে তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এর আগে আদালত ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু তাকে আদালতে হাজির করা এবং পরোয়ানা কার্যকরে জটিলতা দেখা দেওয়ায় পরে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির অর্থ হলো, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করবে। জামিনযোগ্য পরোয়ানার ক্ষেত্রে গ্রেপ্তারের পর জামিন পাওয়ার সুযোগ থাকলেও জামিন অযোগ্য পরোয়ানার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকে না। তবে এ ধরনের পরোয়ানা জারি হওয়া মানেই অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। এটি মূলত আদালতে ধ্রুব রাঠির উপস্থিতি নিশ্চিত করার একটি আইনি পদক্ষেপ।
মামলাটির পরবর্তী শুনানি ২০২৬ সালের ৩ ডিসেম্বর সাকেত আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জার্মানিতে বসবাসরত ধ্রুব রাঠি ‘ককরোচ জনতা পার্টি’-এর নেতৃত্বে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে ভারতে এসেছিলেন।
নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাঠি বেঙ্গালুরুতে বিক্ষোভে অংশ নেন। পরে দিল্লিতে পূর্বনির্ধারিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগে গুরুগ্রামের বাসভবন থেকে পুলিশ তাকে আটক করে। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ