০৫:৩৬ পি.এম
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অননুমোদিত স্বর্ণখনিতে বন্যার পানিতে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে উদ্ধারকারী দল জোরালো অভিযান চালাচ্ছে। প্রবল বর্ষণের কারণে নিকটবর্তী নদী উপচে খনির ভেতরে পানি প্রবাহিত হলে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার পংকোর পার্বত্য এলাকায় এই ঘটনা ঘটেছে। সোমবার শুরু হওয়া ভারী বর্ষণের ফলে নদীর পানি উপচে খনির ভেতরে প্রবেশ করে।
আটকা পড়া শ্রমিকের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রোচমাওয়ানের বরাতে জানা গেছে, অন্তত ২৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে প্রায় ২৯ থেকে ৩০ জন শ্রমিক আটকা পড়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ
সোমবার পানি ঢোকার আগেই ১১ জন শ্রমিক নিরাপদে খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে আটকা পড়া শ্রমিকদের বর্তমান অবস্থা বা তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জাকার্তা অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেসিয়ানা কার্তিকা বাহরি জানিয়েছেন, খনির কূপটি প্রায় ১০০ মিটার গভীর। প্রবেশপথ অত্যন্ত সরু, ভেতরের পথ পিচ্ছিল ও অন্ধকার এবং আলোর ব্যবস্থা সীমিত। উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযান পরিচালনার জন্য এসব বিষয় বিবেচনায় নিয়ে কৌশল নির্ধারণ করা হচ্ছে। ভূগর্ভস্থ পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে এবং খনি থেকে পানি নিষ্কাশনে বেশ সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
খনির কাছাকাছি স্থাপিত নিখোঁজ ব্যক্তিদের তথ্যকেন্দ্রে অপেক্ষমাণ ৫০ বছর বয়সী ইউয়ু জানান, তার ১৮ বছর বয়সী ছেলে হাইকাল সেখানে কাজ করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি ছেলের নিরাপদ প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেন।
এদিকে, পংকোর এলাকায় স্বর্ণ উত্তোলন কার্যক্রমের সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় খনি প্রতিষ্ঠান আন্তাম জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি অননুমোদিত খনিতে এবং এর সঙ্গে তাদের কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠানের সব কর্মী নিরাপদ আছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তারা উদ্ধার ও অনুসন্ধান কাজে সহায়তা করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন: আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে
ইন্দোনেশিয়ার প্রত্যন্ত ও খনিজসমৃদ্ধ এলাকায় অনানুষ্ঠানিক বা অবৈধ স্বর্ণখনিতে ভূমিধস, বন্যা ও সুড়ঙ্গ ধসের মতো দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যেখানে শ্রমিকদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অভাব থাকে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন