১২:১২ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে সন্তোষপুর ইকোপার্কের পাশে।
নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় পথচারীরা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশের খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের ঠিক পাশেই একটি নীল রঙের বাজাজ আরটিআর মডেলের দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল পড়ে ছিল। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে চলন্ত মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: কাউখালীতে নারীর ক্ষমতায়নে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, তাঁর ছেলে পেশায় রাজমিস্ত্রি। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সন্তোষপুর তেলপাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সারারাত তার মোবাইল ফোনে কল দিলেও কেউ রিসিভ করেনি। পরে ভোরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পান।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত্যুর সনদ নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন