০২:১৬ পি.এম
কানাডায় শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা (রিফিউজি ক্লেইম) প্রক্রিয়ার অনলাইন আবেদন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ৩ নভেম্বর থেকে দেশটির অভিবাসন বিভাগ ‘ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) একটি সম্পূর্ণ নতুন ‘অনলাইন ইনটেক প্রসেস’ বা আবেদন গ্রহণ পদ্ধতি চালু করতে যাচ্ছে।
কানাডার শরণার্থীব্যবস্থাকে আধুনিক, গতিশীল ও কাঠামোবদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি পাস হওয়া ‘বিল সি-১২’ আইনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আইআরসিসি জানিয়েছে, ৩ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন পোর্টালে আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীদের বেশ কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং অধিকতর বিস্তারিত ব্যক্তিগত ও পারিবারিক তথ্য প্রদান করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো—প্রথম ধাপেই একটি সম্পূর্ণ ও ত্রুটিহীন আবেদন সরাসরি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের (আইআরবি) কাছে পৌঁছে দেওয়া, যাতে করে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও মামলার জট কমিয়ে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ
যারা ইতিমধ্যে আইআরসিসি পোর্টালে ড্রাফট বা খসড়া আবেদন তৈরি করা শুরু করেছেন, কিন্তু এখনো চূড়ান্তভাবে সাবমিট করেননি, নতুন এই নিয়মে তাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
বর্তমান পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হলে সংগৃহীত পূর্বের ডেটা মুছে না গেলেও ৩ নভেম্বর থেকে আবেদনকারীকে নতুন অতিরিক্ত প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে এবং পূর্বের প্রদত্ত তথ্যসমূহ পুনর্বিন্যাস ও পর্যালোচনা করতে হবে।
আগের আবেদনকারীদের জন্য স্বস্তি
আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
নতুন এ পরিবর্তন নিয়ে সাধারণ আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও অভিবাসন বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, যাদের আবেদন ইতিমধ্যে সঠিকভাবে জমা হয়েছে, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ২ নভেম্বরের মধ্যে জমা হওয়া সমস্ত আবেদন পূর্বের নিয়মেই আইআরবি কর্তৃক স্বাভাবিক প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ পাস হওয়া বিল সি-১২-এর আওতায় কানাডা সরকার তাদের অভ্যন্তরীণ শরণার্থী প্রক্রিয়াজাতকরণ দ্রুত ও কার্যকর করতে এই প্রযুক্তিগত আধুনিকায়ন বাস্তবায়ন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন