মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪১ এম
মহাবিশ্বের অন্যতম রহস্যময় মহাজাগতিক বস্তু ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর। এর প্রবল মহাকর্ষীয় আকর্ষণ এতটাই শক্তিশালী যে আলোও বের হতে পারে না। এত দিন ধরে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, দুটি ব্ল্যাকহোল একে অপরের সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু কোনো ব্ল্যাকহোল কখনো দুই ভাগে বিভক্ত হতে পারে না। তবে নতুন এক গবেষণায় এই দীর্ঘদিনের ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের মতে, নির্দিষ্ট কিছু শর্তে অত্যন্ত দ্রুত ঘূর্ণনশীল একটি ব্ল্যাকহোল তাত্ত্বিকভাবে দুটি ছোট ব্ল্যাকহোলে বিভক্ত হতে পারে।
ফিজিক্যাল রিভিউ ডি জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় ব্ল্যাকহোলের এমন অস্বাভাবিক সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত মহাবিশ্বে এ ধরনের কোনো ঘটনা পর্যবেক্ষণ করতে পারেননি বিজ্ঞানীরা।
ব্ল্যাকহোলের বিভাজন কেন অসম্ভব মনে করা হতো?
ব্ল্যাকহোল মূলত মহাকাশের এমন একটি অঞ্চল, যেখানে মহাকর্ষের আকর্ষণ এতটাই শক্তিশালী যে আলোও সেখান থেকে বের হতে পারে না। এর চারপাশের সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই সীমানা অতিক্রম করলে কোনো বস্তু বা আলো আর বাইরে ফিরে আসতে পারে না।
আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, ব্ল্যাকহোলের গঠন ও আচরণ নির্ধারণে মহাকর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এর সঙ্গে জড়িত রয়েছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র এবং এনট্রপির ধারণা।
এনট্রপি হলো কোনো ভৌত ব্যবস্থার সম্ভাব্য মাইক্রোস্কোপিক বিন্যাসের পরিমাপ। ব্ল্যাকহোলের এনট্রপি তার ইভেন্ট হরাইজনের পৃষ্ঠের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্কিত।
পদার্থবিদ স্টিফেন হকিংয়ের প্রস্তাবিত ব্ল্যাকহোল এরিয়া থিওরেম অনুযায়ী, ধ্রুপদি সাধারণ আপেক্ষিকতার অধীনে ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজনের মোট ক্ষেত্রফল সময়ের সঙ্গে কমতে পারে না। দুটি ব্ল্যাকহোল একত্র হয়ে একটি বড় ব্ল্যাকহোল তৈরি করলে এই নীতির সঙ্গে কোনো বিরোধ তৈরি হয় না। কারণ নতুন ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল আগের দুটির সম্মিলিত ক্ষেত্রফলের চেয়ে কম হয় না।
কিন্তু একটি ব্ল্যাকহোল দুটি ছোট ব্ল্যাকহোলে বিভক্ত হলে তাদের সম্মিলিত ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল মূল ব্ল্যাকহোলের তুলনায় কমে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে তা এরিয়া থিওরেমের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হতো।
যেভাবে বদলে যেতে পারে পুরোনো ধারণা
নতুন গবেষণায় বিজ্ঞানীরা ব্ল্যাকহোলের ঘূর্ণনগতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, কোনো ব্ল্যাকহোল যদি সর্বোচ্চ সম্ভাব্য ঘূর্ণনগতির কাছাকাছি পৌঁছে যায়, তাহলে সেটি প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভিন্ন আচরণ করতে পারে।
গবেষণায় নির্দিষ্ট কিছু শর্তের অধীনে দ্রুত ঘূর্ণনশীল ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন দুটি পৃথক অংশে বিভক্ত হওয়ার একটি তাত্ত্বিক সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এই অস্বাভাবিক গঠনকে বোঝাতে ব্যবহার করা হয়েছে ‘পেয়ার-অব-প্যান্টস টপোলজি’ ধারণা।
বিষয়টি বোঝার জন্য একজোড়া ট্রাউজারের আকৃতি কল্পনা করা যেতে পারে। ট্রাউজারের ওপরের অংশটি একক হলেও নিচের দিকে দুটি পৃথক অংশ রয়েছে। একইভাবে একটি ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন তাত্ত্বিকভাবে এমন আকৃতি নিতে পারে, যেখানে একটি অংশ থেকে দুটি পৃথক অংশের সৃষ্টি হয়। এর ফলে দুটি স্বতন্ত্র ব্ল্যাকহোল তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
এখনো কি দেখা গেছে এমন ঘটনা?
বিজ্ঞানীদের এই গবেষণা ব্ল্যাকহোল সম্পর্কে প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে এর অর্থ এই নয় যে সব দ্রুত ঘূর্ণনশীল ব্ল্যাকহোলই বিভক্ত হয়ে যেতে পারে। এ ধরনের বিভাজনের জন্য বিশেষ ভৌত শর্ত পূরণ হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ এপ্রিল ইভেন্ট হরাইজন টেলিস্কোপ সহযোগিতা প্রথমবারের মতো একটি ব্ল্যাকহোলের ছায়ার ছবি প্রকাশ করে। এর আগে ব্ল্যাকহোল সম্পর্কে বিজ্ঞানীদের ধারণার বড় অংশই ছিল গাণিতিক হিসাব ও তাত্ত্বিক মডেলনির্ভর।
নতুন গবেষণাটিও মূলত একটি তাত্ত্বিক সম্ভাবনার কথা বলছে। বাস্তবে কোনো ব্ল্যাকহোলকে এভাবে বিভক্ত হতে দেখা যায়নি। তবে গবেষণাটি মহাবিশ্বের অন্যতম রহস্যময় এই বস্তু সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে উৎসাহিত করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকারের একটি সভার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বর্তমানে পলাতক থাকা এবং সিলেটে একাধিক মামলার আসামি রঞ্জিত সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে এমন সভার ভিডিও প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি রঞ্জিত সরকারের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা শামিয়ানা টানিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে দুই ব্যক্তি ব্যানার ধরে আছেন এবং মঞ্চে তিনি একাই বক্তব্য দিচ্ছেন।
জানা গেছে, সভার পেছনের ব্যানারে আয়োজক হিসেবে ‘সুনামগঞ্জ-১ আসন’ লেখা ছিল। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনা যে সীমান্ত এলাকা দিয়েই দেশে আসবেন, সেই এলাকায় সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে যে, সুনামগঞ্জের ওপারে ভারতের সীমান্ত ঘেঁষা কোনো স্থানে তিনি এসে এই গোপন সভা করেছেন। তবে আওয়ামী লীগের কোনো স্থানীয় নেতা কিংবা হাওর এলাকার কেউ এখনো নিশ্চিত করে বলতে পারছেন না যে সভাটি আসলে কোথায় অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় এ ধরনের কোনো সভা হওয়ার সুনির্দিষ্ট তথ্য নেই। এটি সিলেট সীমান্ত এলাকার কোথাও হতে পারে।
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, সভাটি সিলেটের সীমান্তে হয়নি, বরং সুনামগঞ্জ সীমান্ত এলাকার কোনো একটি স্থানে সভাটি অনুষ্ঠিত হয়েছে এবং সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা।
অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। সীমান্তে এ ধরনের কোনো গোপন সভা হওয়ার কোনো তথ্য বা সত্যতা পাওয়া যায়নি।
এদিকে, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, পলাতক সাবেক এমপি রঞ্জিত সরকার তাহিরপুর সীমান্ত এলাকায় গোপন সভা করেছেন বলে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, তারা পুরো এলাকায় খোঁজ নিয়ে জেনেছেন, কোথাও এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।
একই ভিডিও নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক মহলের মাঝে চার পক্ষের চার রকম বক্তব্য পাওয়া গেছে। সুনামগঞ্জ পুলিশ বলছে সভা সিলেটে হয়েছে, সিলেট পুলিশ বলছে সভা সুনামগঞ্জে হয়েছে, অন্যদিকে বিজিবি ও স্থানীয় বিএনপি বলছে সুনামগঞ্জ সীমান্তে কোনো সভাই হয়নি।
পলাতক অবস্থায় এবং একাধিক মামলার আসামি হয়েও সাবেক এমপি রঞ্জিত সরকার কীভাবে এমন সভা করলেন এবং সভার প্রকৃত স্থান কোথায়—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পরস্পরবিরোধী বক্তব্যে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে অভিশংসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের পাশে দাঁড়িয়েছেন।
রুবিও অভিশংসনের উদ্যোগকে ‘অন্যায্য’ হিসেবে অভিহিত করেছেন এবং একই সঙ্গে হেগসেথকে একজন ভালো মন্ত্রী বলেও উল্লেখ করেছেন।
হেগসেথ আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে, অভিশংসনের উদ্যোগ আসতে পারে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিশংসনের প্রস্তাবগুলোকে ‘রাজনৈতিক নাটক’ বলে উল্লেখ করেন এবং জানান, তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়বেন না।
অন্যদিকে, অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে তিনি ‘অসন্তুষ্ট কংগ্রেসম্যান’ বলে আক্রমণ করেন। ম্যাসির আচরণকে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারার ফল হিসেবে ব্যাখ্যা করেন হেগসেথ।
কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।
ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। অভিশংসনের প্রস্তাবে তার বিরুদ্ধে উল্লেখ করা হয়েছে, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।
হেগসেথের পক্ষে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। ট্রাম্প ম্যাসিকে ‘চরম ব্যর্থ’ এবং ‘অসুস্থ’ বলে আক্রমণ করেছেন।
হেগসেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার যুদ্ধে তিনি জয়ী হয়েছেন এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ছিল নিখুঁত।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, হেগসেথ এই যুদ্ধেও জয়ী হচ্ছেন। এদিকে ম্যাসির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করায় ট্রাম্প সমালোচনা করেন এবং তাকে ‘চরম ব্যর্থ’ ও ‘অসুস্থ’ বলে অভিহিত করেন।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য আধুনিক মানের ভবন নির্মাণ করা হয়েছে, কিন্তু সোয়া ৪ বছর পেরিয়ে গেলেও ভূমির মালিকরা সেবা পাচ্ছেন না। জনবল অভাবের কারণে ওই ভূমি অফিসে তালা ঝুলছে।
গাজীপুর এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ ও পানি সুবিধা সম্বলিত আধুনিক ভবনটি প্রায় সোয়া ৪ বছর আগে নির্মাণ করা হয়, যার ব্যয় ছিল প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। ভবন নির্মাণের পর অফিসের কার্যক্রম উদ্বোধনের প্রায় ৪ বছর অতিবাহিত হলেও ইউনিয়নবাসী ভূমি সংক্রান্ত কোন সেবা পাচ্ছেন না।
জানা গেছে, দেশের বিভিন্ন শহর ও ইউনিয়নে ভূমি সংক্রান্ত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ধামরাই উপজেলাধীন ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের জন্য গাজীপুর এলাকায় আধুনিক ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আধুনিক মানের এই ভবন সোয়া ৪ বছর আগে নির্মাণ কাজ শেষ হয়। ২০২২ সালের ২৫ জুলাই তৎকালীন ডিসি মো. শহিদুল ইসলাম অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের সময় একজন ভূমি উপ সহকারিকে দায়িত্ব দেওয়া হয়। নতুন ভবনে ৭ থেকে ৮ দিন বসে এলাকার জনগণকে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করেন ভূমি উপ সহকারি কর্মকর্তা। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)'র তদারকির অভাবে কিছুদিন পর ওই কর্মকর্তা নতুন ভবনে না বসে ধামরাই সদর ইউনিয়ন ভূমি অফিসে অফিস করতে শুরু করেন।
ফলে, ভাড়ারিয়া ইউনিয়নের মানুষ বাধ্য হয়ে ভূমি সংক্রান্ত সেবা নিতে ধামরাই সদরে যেতে হচ্ছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওই অফিসে তালা ঝুলতে দেখা গেছে।
ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা রিফাজ উদ্দিন বলেন, "প্রায় ৪ বছর আগে আমাদের এখানে আধুনিক মানের ভূমি অফিস নির্মিত হয়। ডিসি স্যার এ ভবন উদ্বোধন করার পর ৭/৮ দিন নায়েব সাহেব বসেছিলেন। তখন এলাকার মানুষ কিছু ভূমি সেবা পেয়েছিল। কিন্তু কয়েকদিন পর আর কোন কর্মকর্তা এখানে আসেনি। আমাদের বাধ্য হয়ে আগের মতো ধামরাই সদরে যেতে হচ্ছে ভূমি সেবা নেয়ার জন্য।"
তিনি আরও জানান, "এ অফিসের তালা ভেঙে চোরেরা জেনারেটর নিয়ে গেছে। পরে ধামরাই ভূমি অফিসের এক কর্মকর্তা অফিস দেখাশুনা করার জন্য আমার কাছে তালার চাবি দিয়ে গেছে। বর্তমানে আমি বিনা পয়সায় দেখাশোনা করছি।"
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ধামরাই, ফাহিম শাহরিয়ার জানান, "নতুন অফিসগুলোর জন্য জনবল তৈরি হয়নি, তাই অফিসের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। তবে অফিসের কার্যক্রম চালু করার বিষয়ে উর্ধতন স্যারের সাথে আলাপ আলোচনা চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামের আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০০ এর বেশি হয়ে গেছে। চলতি বছরে অঙ্গরাজ্যটিতে এ রোগের কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৫ জনে পৌঁছেছে। আগের হিসাবের তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ জন। গত সাত দিনে নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৯০ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের হার ৩৩ শতাংশ। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের মধ্যে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তির সংখ্যা ১ শতাংশেরও কম।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১৮২ জনে পৌঁছেছে। ১৯৯১ সালের পর এটি দেশটিতে এক বছরে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য জানা যায়নি।
পেনসিলভানিয়ার পর সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি হাম ছড়িয়েছে। এদিকে, ২০০০ সাল থেকে হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখা যুক্তরাষ্ট্র সেই অবস্থান বজায় রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করতে চলতি সপ্তাহে বৈঠকে বসবে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ কমিশন।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ