বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:৪৫ পি.এম
নাটোরের লালপুরের ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রহ.) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায়।
এ সময় তারা প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায়। চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। প্রতি তিন থেকে চার মাস পর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যায়।
মাজার কমিটির সভাপতি এবং লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেশকাতুল ইসলাম বলেন, "মাজারে চুরির ঘটনা ঘটেছে।" তিনি আরও জানান, মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল এবং একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ গেছে।" তিনি বলেন, "মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদীতে খালের ভেতর ড্রামবন্দী অবস্থায় উদ্ধার হওয়া এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারীর নাম ঝিনুক (২৮)। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার শাকিলের মেয়ে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনীয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুটেমনি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেতু দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় তারা ভেতরে মানুষের শরীরের অংশ দেখতে পেয়ে কাছে যান। পরে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করে পিবিআই। প্রযুক্তির সহায়তায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়।
ফেসবুকে ‘পিস্তলের’ ভিডিও দিলেন এনসিপি নেতা, মুহূর্তেই ভাইরাল
মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে সেতুর নিচে ফেলে রাখা হয়েছে।
শেরপুর ও জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পিবিআই বায়োমেট্রিক ডিভাইসের সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত করেছে। তার ঠিকানা গাজীপুরের টঙ্গী এলাকায় হলেও সেখানে গিয়ে স্বজনদের পাওয়া যায়নি। তবে তারা দীর্ঘদিন ধরে ওই ঠিকানায় থাকেন না। দ্রুতই নিহতের পরিবারের সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও পিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আশ্বাস প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, "চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যেন সহজে ভিসা পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।"
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’র (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন।
সংগঠনটির সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহী কমিটির ১০ সদস্য উপস্থিত ছিলেন।
এসময় ইমক্যাবের প্রতিনিধিরা ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার বিষয়টি তুলে ধরেন। দীনেশ ত্রিবেদী বলেন, "ভিসা পেতে ভোগান্তির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।"
তিনি আরও জানান, "অনলাইনে ভিসার আবেদন জমা দেওয়ার পর সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত স্লট পেতে কেন দেরি হচ্ছে, তা বোঝার চেষ্টা করছে ভারতীয় হাইকমিশন। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন।"
তিনি বলেন, "বাংলাদেশ-ভারতের লোকদের মধ্যে যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্কও তত গভীর হবে।"
এসময় ইমক্যাবের বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের দ্বাদশ শাহাদাতবার্ষিকী শুক্রবার পালিত হবে। এই উপলক্ষে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি বিবৃতি প্রদান করেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “উপমহাদেশের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের দ্বাদশ শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহান রবের কাছে তার মাগফিরাত কামনা করছি ও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।”
বিবৃতিতে তিনি আরও বলেন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, অসংখ্য বইয়ের লেখক, ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ ও জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে বাংলার এ জমিনে পাঠিয়ে মহান আল্লাহ দ্বীনের দাওয়াতকে প্রসারিত করার দায়িত্ব পালন করিয়েছেন। তিনি শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি ও জুলুমের শিকার হয়েও মাথানত না করে দাঈ হিসেবে জীবনকাল অতিক্রান্ত করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি—তিনি যেন তার সমস্ত ভালো প্রচেষ্টা কবুল করেন এবং ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।
ডা. শফিকুর রহমান বলেন, তার জীবনকালটি ছিল শিক্ষার ও বর্তমান সময়ের জন্য গবেষণার। তিনি রাজনৈতিক জীবনে মানুষের অধিকার আদায়ে ছিলেন সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসহীন আর বাতিলের জন্য ছিলেন চ্যালেঞ্জস্বরূপ। নিজের বর্ণাঢ্য শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন ও পেশাগত জীবনে তিনি সেই স্বাক্ষর রেখে গেছেন এবং অনুসরণীয় হয়ে রয়েছেন। ইসলামী মূল্যবোধসম্পন্ন এবং ইনসাফভিত্তিক সমাজ ও দেশ গঠনে তার অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
তিনি বলেন, নাগরিকদের অধিকার রক্ষায় তিনি ছাত্রজীবনে ভাষা আন্দোলনে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি তমদ্দুন মজলিসে যোগ দিয়ে সামাজিক ও রাজনৈতিক কাজে জড়িয়ে পড়েন। পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের মানুষের জীবনের মানোন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক ও তাদের দোসরদের শত অত্যাচার-নির্যাতন ও অপবাদ সহ্য করেছেন ইসলামী আন্দোলনের এ মজলুম দাঈ।
ডা. শফিকুর রহমান বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা”র রূপকার অধ্যাপক গোলাম আযম। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি ১৯৮৩ সালে সর্বপ্রথম এ ফর্মুলা উপস্থাপন করেন। ১৯৯৬ সালে তার পূর্ববর্তী প্রস্তাবমতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধানে ‘তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা’ সংযোজন করে। তার প্রণীত এই ফর্মুলা শ্রীলঙ্কা, পাকিস্তানসহ পৃথিবীর অনেক দেশ গ্রহণ করেছে।
তিনি বলেন, অধ্যাপক গোলাম আযমের দীর্ঘ রাজনৈতিক পথচলায় জামায়াতে ইসলামী সমৃদ্ধ হয়েছে; উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তিনি ১৯৫৪ সালের এপ্রিলে জামায়াতে ইসলামীতে সহযোগী (মুত্তাফিক) হিসেবে যোগ দেন। ১৯৫৫ সালের জুন মাসে তিনি রাজশাহী বিভাগীয় জামায়াতের সেক্রেটারি নিযুক্ত হন। এর এক বছর পর তাকে পূর্ব পাকিস্তান জামায়াতের সহকারী সেক্রেটারি এবং রাজশাহী বিভাগীয় জামায়াতের আমিরের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯৬২ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ১৯৬৯–৭১ সেশনে তিনি জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানের আমির নির্বাচিত হন। সর্বশেষ ২০০০ সালের ডিসেম্বরে মজলিসে শূরার কাছে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, অধ্যাপক গোলাম আযমের দীর্ঘ রাজনৈতিক জীবনে কারাভোগের সময়কাল ও জুলুমের শিকার হওয়ার ইতিহাস বেশ দীর্ঘ। ৯২ বছরের জীবনে তিনি পাঁচবার কারাভোগ করেছেন—ভাষা আন্দোলনের সময় দুইবার, ১৯৬৪ সালে একবার, ১৯৯২ সালে একবার এবং সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসনের সময় ২০১২ সালের ১১ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। প্রিজন সেলে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৩ অক্টোবর নশ্বর পৃথিবী ছেড়ে অনন্ত সুন্দর জীবনে চলে গেছেন এ দাঈ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রায় দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন মাওলানা আজিজুল হক ওরফে জানু মিয়া (৬০)। পরিবারের দাবি, ২০২৪ সালের পবিত্র ঈদুল ফিতরের চার দিন পর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আজিজুল হক নাসিরনগর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আব্দুল মান্নান মনা মিয়া। তিনি হরিপুর ইউনিয়ন তাবলীগের আমির এনামুল হক রানার বড় ভাই বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে বের হওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মাওলানা আজিজুল হক জানু মিয়ার সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৩২৮-০৩৪০৩৩
নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে তাঁর ছবি ও এ সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার। তাঁর সন্ধান পেলে পরিবারকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ