১১:৫৮ এম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হামলায় ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্টারলিংকের দুটি ‘অননুমোদিত ব্যবহারের’ বিষয়টি জানার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ হন। তার প্রতিষ্ঠানের একটি দল মনে করে যে, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক কার্যক্রমের সম্পর্ক রয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তির উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ‘স্টারশিল্ড’ নামের সামরিক সংস্করণের স্টারলিংক ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এ জন্য স্থলভিত্তিক অভিযানের উদ্দেশ্যে নির্ধারিত তুলনামূলক সস্তা একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন।
আরও পড়ুন: মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযান
স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।
তবে বিষয়টি নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রীর দফতরে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা আমাদের জানা নেই।’ ফলে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং পেন্টাগনে জমা দেওয়া কথিত গোপন প্রতিবেদনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার নিয়ে নতুন করে নজরদারি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগ উদ্বেগ বাড়িয়েছে। স্টারলিংক ইরানে কার্যক্রম পরিচালনার সরকারি অনুমোদন পায়নি। তবে এর আগে ইলন মাস্ক জানিয়েছেন, দেশটিতে স্টারলিংক সেবা চালু আছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন