০৭:১৭ পি.এম
রাজস্থানের একটি আদালত হাওয়া মহল আসনের উগ্র হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক বালমুকুন্দাচার্য ওরফে সঞ্জয় শর্মার বিরুদ্ধে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) নথিভুক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মিনা কলোনিতে একটি বাড়ি কেনাকে কেন্দ্র করে এক মুসলিম দায়রা বিচারককে হুমকি দেওয়া হয়েছে।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৫(৩) ধারার অধীনে অতিরিক্ত দেওয়ানি বিচারক ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে গত ২৩ নভেম্বর গলতা গেট থানায় এফআইআরটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বিধায়কের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ধর্মীয় ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, জাতীয় সংহতির পরিপন্থী কার্যকলাপ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইচ্ছাকৃত আচরণ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব খানের দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ ডিসেম্বর বালমুকুন্দাচার্য প্রশাসনিক কর্মকর্তা ও সমর্থকদের নিয়ে মিনা কলোনিতে দায়রা বিচারক মোহাম্মদ আরিফের বাসভবনে যান।
আরও পড়ুন: অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার
এফআইআরে উল্লেখ করা হয়েছে, ওই বিধায়ক এলাকা থেকে হিন্দুদের চলে যাওয়ার প্রসঙ্গ তুলে অশালীন ও হুমকিমূলক ভাষা ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিচারককে বাড়িটি বিক্রি করে ‘সি স্কিম’ বা ‘বৈশালী নগরে’ চলে যেতে বলেন এবং মন্তব্য করেন যে, “মিনা কলোনি এখন মিয়া কলোনিতে পরিণত হয়েছে।”
অভিযোগে আরও বলা হয়েছে, বালমুকুন্দাচার্য পুরো ঘটনাটির একটি ভিডিও ধারণ করে অনলাইনে আপলোড করেন। ভিডিওতে তিনি বিচারকের নাম লেখা দেয়ালটি ফোকাস করে দেখান এবং ওই এলাকায় মুসলিমদের বাড়ি কেনা, নির্মাণ বা সংস্কারের বিরোধিতা করেন। যদিও ভিডিওটি পরে মুছে ফেলা হয়, তবুও তা অনলাইনে ছড়িয়ে পড়তে থাকে।
অভিযোগকারী খান দাবি করেন, এফআইআর নথিভুক্ত করার জন্য তিনি ২০২৫ সালের ডিসেম্বরেই গলতা গেট থানা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া ২০২৫ সালের আগস্টে বিচারকের বাড়িতে সংঘটিত একটি চুরির ঘটনার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা পুলিশ নথিভুক্ত করেনি। অভিযোগে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, সম্পত্তিটি বিক্রিতে বাধ্য করার কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি ঘটানো হয়ে থাকতে পারে।
এফআইআরে বলা হয়েছে, বিধায়কের এমন আচরণ এবং সেখানে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ভবিষ্যতে আরও ভীতি প্রদর্শন বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করেছে।
আরও পড়ুন: দেশ রসাতলে যাচ্ছে রাজনৈতিক দলের দলান্ধ সিদ্ধান্তে: পীর সাহেব চরমোনাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন