ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, টিআরএম বাস্তবায়নের দাবি


যশোরের ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, টিআরএম বাস্তবায়নের দাবি

ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ৩০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত চলমান এই প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এতে ১৭ হাজার ২০০ হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে এবং বছরে ৭০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে, প্রকল্পের পাশাপাশি ভবদহের স্থায়ী সমাধানে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা।

শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘অমিত্রাক্ষর’-এ ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভায় এসব দাবি ও আলোচনা উঠে আসে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারাও ছিলেন।

আরও পড়ুন: শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৭ বছরের কিশোর নিহত, মহাসড়ক অবরোধ

সভায় জানানো হয়, ভবদহ এলাকায় ছোট-বড় ৫২টি বিল রয়েছে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার ২১টি উপজেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্পের আওতায় সেচব্যবস্থার উন্নয়ন, পাম্প স্থাপন ও পানি নিষ্কাশনের মাধ্যমে কৃষিজমি চাষাবাদের উপযোগী করা হবে।

সভায় ভবদহের জলাবদ্ধতার কারণ হিসেবে হরি নদীর জোয়ার-ভাটার বৈষম্যের বিষয়টি তুলে ধরা হয়। নদীতে প্রায় ৯ ঘণ্টা জোয়ার এবং ৩ ঘণ্টা ভাটা হয়। জোয়ারের পানির প্রবাহ বেশি থাকলেও ভাটার সময় পানি প্রবাহ কমে যাওয়ায় নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদী ও খালে পলি জমে নাব্যতা কমছে। এতে বছরের অধিকাংশ সময় বিলগুলোতে পানি জমে থাকছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে।

উন্মুক্ত আলোচনায় স্থানীয় কৃষক প্রদত্ত বিশ্বাস বলেন, "বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করা গেলে কৃষকরা উপকৃত হবেন।" তিনি জানান, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। খাল পুনঃখননের পাশাপাশি ফসল পরিবহনের জন্য রাস্তা নির্মাণের দাবি জানান তিনি।

কামরুজ্জামান বলেন, "খনন করা নদীগুলোতেও আবার পলি জমছে। এতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। নদীর পলি অপসারণ ও সেচ পাম্প সচল রাখা জরুরি।"

আরও পড়ুন: ফটিকছড়িতে ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছে শাহনগর তালুকদার বাড়ি নূরানী মাদরাসা

ভবদহ পানি নিষ্কাশন কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ বলেন, "ভবদহের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে টিআরএমই কার্যকর সমাধান।" তিনি উল্লেখ করেন, "শুধু সেচব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।" টিআরএম ছাড়া সেচ প্রকল্পকে বিকল্প হিসেবে তাঁরা মেনে নেবেন না। নদীর পলি বিলের মধ্যে স্থানান্তরের ব্যবস্থাও করার দাবি জানান তিনি।

কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, "মাথাভাঙা নদীর সঙ্গে ভৈরব নদীর সংযোগ স্থাপন করা প্রয়োজন।" এতে উজানের পানি নিষ্কাশন সহজ হবে। বিএডিসির সেচ প্রকল্প বাস্তবায়িত হলেও সেটিকে টিআরএমের বিকল্প হিসেবে দেখা যাবে না।

অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বলেন, "পলি ব্যবস্থাপনা নিশ্চিত না করে নদী-খাল খনন করলে স্থায়ী সুফল পাওয়া যাবে না।" অন্যদিকে, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ভবদহের জন্য টিআরএম ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, "ভবদহের সমস্যা শুধু এ এলাকার নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের সমস্যা।" নদী-খাল পুনরুদ্ধারের পাশাপাশি মাছ চাষের জন্য নদীতে নির্মিত বাঁধ অপসারণ করতে হবে।

নদী খননকাজের অগ্রগতি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ জানান, "৮২ কিলোমিটার নদীর মধ্যে ৬০ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে।" তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব হবে। তবে নদীতে পলি জমা ঠেকাতে নিয়মিত পলি ব্যবস্থাপনা জরুরি।

আরও পড়ুন: রাজশাহীর স্কুলমাঠ এখন আখ সংগ্রহ কেন্দ্র, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, আমডাঙা খালের কাজ বাস্তবায়নে প্রায় ১৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খান বলেন, "কৃষক ও কৃষির উন্নয়নই সরকারের লক্ষ্য।" স্থানীয় মানুষের চাহিদা বিবেচনা করেই বিএডিসির প্রকল্প নেওয়া হয়েছে। এলাকার মানুষ প্রকল্পটি না চাইলে তাঁদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেন, "জলাবদ্ধতার কারণে এলাকার শিশুদের শিক্ষাকার্যক্রমও ব্যাহত হচ্ছে।" এ সমস্যা বিবেচনায় শিক্ষা সহায়ক উঁচু ভবন নির্মাণের বিষয়টি ভাবা হচ্ছে। স্থানীয় মানুষের চাহিদা ও মনোভাব বুঝে জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানান তিনি।

যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক অপরিকল্পিত ঘেরের বাঁধ অপসারণ এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীও সেচ প্রকল্পের পাশাপাশি টিআরএম চালু রাখা এবং আইন অনুযায়ী ঘেরের বেড়ি নির্মাণের ওপর গুরুত্ব দেন।

আরও পড়ুন: মাগুরার মহম্মদপুরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক কর্মশালা

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।" আইভিএম, সিজিএস ও বুয়েটের সহযোগিতায় এ প্রকল্পের কাজ এগোচ্ছে। প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের আগ পর্যন্ত ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্বল্পমেয়াদি উদ্যোগ নিতে হবে। ভৈরব ও মুক্তেশ্বরী নদীর সংযোগ এবং আমডাঙা খালসহ সংশ্লিষ্ট নদী-খালের পানিপ্রবাহ সচল করার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "সরকার দ্রুত ভবদহ সমস্যার সমাধান করতে চায়।" বিএডিসির প্রস্তাবিত প্রকল্পটি টিআরএমের সহযোগী প্রকল্প হিসেবে কাজ করতে পারে। ভবদহ এলাকার মাটির পিএইচ ৬ দশমিক ২৫, যা কৃষির জন্য উপযোগী। পাম্পের মাধ্যমে পানি সরবরাহের পাশাপাশি উন্মুক্ত মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। স্থানীয় কৃষক ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "ভবদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়া প্রয়োজন।" এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আলোচনায় উঠে আসে, ভবদহের জলাবদ্ধতা নিরসনে শুধু সেচ প্রকল্প কিংবা নদী খনন যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পলি ব্যবস্থাপনা। স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে টিআরএম বাস্তবায়ন, নদী-খাল পুনরুদ্ধার, অবৈধ বাঁধ অপসারণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুন: টেকনাফে ফের লোকালয়ে ঢুকে পড়েছে গুলিবিদ্ধ বন্যহাতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছে শাহনগর তালুকদার বাড়ি নূরানী মাদরাসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ফটিকছড়িতে ধর্মীয় শিক্ষায় এগিয়ে যাচ্ছে শাহনগর তালুকদার বাড়ি নূরানী মাদরাসা

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআন মাজিদ খতম এবং পঞ্চম শ্রেণির ২৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা। শাহনগর এলাকার তালুকদার বাড়ী তা'লীমুল কোরআন নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দময় পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সভাপতি মাস্টার মুসলিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাস্টার ওচমান, জাবেদ হোসেন, জয়নাল আবেদীন, মাওলানা শহিদুল্লাহ এবং ডা. মোহাম্মদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অনুষ্ঠানে বলেন, "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়তে প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের পবিত্র কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।" তালুকদার বাড়ী তা'লীমুল কোরআন নূরানী মাদ্রাসা দীর্ঘকাল ধরে ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও প্রতিষ্ঠানটি প্রশংসনীয় অবদান রাখছে। বক্তারা আগামী দিনেও মাদ্রাসাটির সুনাম ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে খতমে কুরআন সম্পন্নকারী কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করা হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় অনুশাসন ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মঈনুদ্দীন তালুকদার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

পরে কোরআন খতম সম্পন্নকারী ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরি হওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে চুরির এই ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানিয়েছেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দুর্বৃত্তরা দোকান থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে।

এ ঘটনার পর পুলিশ নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্যদিকে, বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানিয়েছেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে।

জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, একই কৌশলে কয়েক বছর আগেও চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ছয় গ্রামবাসী বর্ষার ভোগান্তি থেকে মুক্তি পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


কলাপাড়ায় ছয় গ্রামবাসী বর্ষার ভোগান্তি থেকে মুক্তি পেল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে ৬টি গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে চলাচলকারী মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই। এটি কাঁচা রাস্তা, নাকি হালচাষ করা জমি, তা স্পষ্ট নয়। প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা জমে। গুরুত্বপূর্ণ সড়কটি এবারের বর্ষাতেও তার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও কাঁচা রাস্তাটি পাকা হয়নি, এমন দুর্দশা স্থানীয়রা জানিয়েছেন।

চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং তার নেতৃত্বে সরকার গঠিত হয়, তবে জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এমপি এবং ওই সময় নিজ জন্মভূমি মায়ার টানে ভোটারদের কাছে তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে উপস্থিত হন। কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত মেয়র হাজী হুমায়ুন শিকদার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো বাস্তবায়নে বর্তমানে কাজ করছেন।

কলাপাড়া উপজেলা প্রকৌশলী এলজিইডি সূত্রে জানা গেছে, অনন্তপাড়া (খেয়াঘাট) থেকে মনজু মিয়া দোকান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পাঁচ’শ মিটার পাকা করণের টেন্ডার প্রক্রিয়া সেপ্টেম্বর ২০২৬ সালে শেষ হবে। ২২ নভেম্বর ২০২৬ তারিখে প্রস্তাবিত সড়ক নয়াকাটা মনজু মিয়া দোকান থেকে সাত ভাইয়ের ঘাট সড়ক বিসি দ্বারা উন্নয়ন আনুমানিক দৈর্ঘ্য ২.১৫০ কিলোমিটার। রোড আইডি নং ৫৭৮৬৬৫০০৫। যার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকা, যা টেন্ডারের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচা সড়কটির বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে সম্পূর্ণ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বর্ষাকালে কাদা ও পানি জমে থাকে। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

সাধারণ জনগণের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এই কাঁচা রাস্তা দিয়ে ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারিকাটা দাখিল মাদ্রাসা, ধুলাসার আলহাজ জালাল উদ্দিন কলেজ, চরচাপলী ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়, বৌলতলী সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াকাটা এবতেদায়ী মাদ্রাসা যেতে হয়। এতে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নানা দুর্ভোগ ভোগ করে। অসুস্থ গর্ভবতী মায়েদের জন্য কষ্টের কোনো শেষ থাকে না।

ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য নোয়াব আলী হাওলাদার জানান, "আমার জীবনের দীর্ঘ প্রতীক্ষা ছিল এ রাস্তা পাকা দেখে যেতে পারব কিনা।" কিন্তু আমাদের এমপি আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী হুমায়ুন শিকদার দু’জনের অনুপ্রেরণায় ধুলাসার ইউনিয়নে ৬টি গ্রামের কাঁচা রাস্তায় চলাচলকারী মানুষ সীমাহীন ভোগান্তি থেকে মুক্তি পেল।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও বার বার নির্বাচিত মেয়র হাজী হুমায়ুন শিকদার বলেন, "নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে চলছি।"

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশারফ হোসেন এমপি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমার নির্বাচনি আসনে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের পর সেগুলো বাস্তবায়নে কাজ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৭ বছরের কিশোর নিহত, মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ১৭ বছরের কিশোর নিহত, মহাসড়ক অবরোধ

চাঁদপুরের শাহরাস্তিতে সাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৭ বছর বয়সী ফয়সাল নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যা প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। পরে পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার রাঢ়া কাজী বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার পুত্র। তিনি উয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ফয়সালের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উয়ারুক বাজারের মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। তবে কুমিল্লায় যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

ফয়সালের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এর ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটে কয়েক হাজার যাত্রী ও চালক ভোগান্তিতে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%