মোহাম্মদ এম.আর উজ্জ্বল ,নেত্রকোনা জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৫৭ পি.এম
নেত্রকোনার মদনে বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেল চুরির শিকার হয়েছেন এক যুবক। চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে মদন থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মদন উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আল আক্কাসের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে মদন থানার চকপাড়া (চানগাঁও শাহপুর) গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মো. শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮) সেখানে যান।
তিনি তাঁর ব্যবহৃত কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি মরহুমের বাড়ির সামনে কবরস্থানের পাশে রেখে জানাজায় অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে ফিরে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর মদন থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির মামলা করেন শামসুল হক। মামলা হওয়ার পরপরই চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে তৎপর হয় মদন থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে তেলুয়াড়ী মুন্সিপাড়ার নিজ বাড়ি থেকে মো. মাজহারুল ইসলাম জয় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. সবুজ মিয়া ও মোছা. খালেদা আক্তারের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাজহারুল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া থানার দরগাহ রোড এলাকায় অভিযান চালানো হয়। পরে জনৈক আ. লতিফের চায়ের দোকানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ গোলাপ রজক (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের কালী বাড়ি লাইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোলাপ রজক (৫৬)-কে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
আটক গোলাপ রজক লংলা চা বাগানের কালী বাড়ি লাইনের বাসিন্দা। তাঁর পিতার নাম রামচন্দ্র রজক এবং মাতার নাম পিয়া রিয়া রজক।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ২১১ জনে পৌঁছেছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের ২৪ দিনে মারা গেছেন ১১৪ জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ১০৪ জন।
আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬২ শতাংশ এবং নারীর সংখ্যা ৩৭ শতাংশ। বয়সের দিক থেকে তরুণদের আক্রান্ত হওয়ার হার বেশি লক্ষ্য করা গেছে।
সর্বমোট, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি হয়নি। তবে মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু ঘটে। জুলাই মাসে ডেঙ্গুতে প্রাণহানি প্রায় দ্বিগুণ হয়ে যায়। ওই মাসে ৩৬ জন মারা যান। আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বরের ২৫ দিনে মশাবাহিত রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই তথ্য আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পূর্ববর্তী মামলায় ৮৩ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ১৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৪ জন, পরোয়ানা মূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৪ জন রয়েছেন।
মাদক মামলায় ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৩ জন মাদকবহনকারী এবং ১০৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৪ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ১৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ১৫ হাজার ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৭২ বোতল স্কাফ সিরাপ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এর প্রায় সব এজেন্ট এবং চাকরিতে আবেদনকারীদের 'অতি সংবেদনশীল তথ্য' চুরির দাবি করেছে। কর্তৃপক্ষ জানায়, তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হ্যাকাররা এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিদারম্যানকে পাঠানো একটি বার্তায় জানায়, তারা ব্যুরোর চাকরির ওয়েবসাইট 'fbijobs.gov'-এ অনধিকার প্রবেশ করেছে। এই ঘটনার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ ছিল।
এফবিআই নিশ্চিত করেছে যে, নিরাপত্তা লঙ্ঘনের উৎস কোথা থেকে এসেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এটি এফবিআইয়ের নিজস্ব ব্যবস্থা থেকে ঘটেছে, নাকি সংশ্লিষ্ট কোনো তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের ত্রুটি থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাইবার অপরাধ বিশেষজ্ঞ আইনজীবী মিরিয়াম উগমিস্টার জানান, শাইনি হান্টার্সের অতীত কর্মকাণ্ডের কারণে তাদের এই দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক কতজন এজেন্ট ও আবেদনকারীর কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
গত মে মাসে এফবিআই শাইনি হান্টার্সকে 'থ্রেট অ্যাক্টর' বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একটি সতর্কবার্তা প্রকাশ করেছিল। হ্যাকারদের দাবি, ওই সতর্কবার্তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে এবং এফবিআইকে সেই সতর্কবার্তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি সত্যিই তথ্য চুরি হয়ে থাকে, তবে এজেন্ট ও তাদের পরিবারের সদস্যরা হয়রানি, ব্লাকমেইল ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। ইতিপূর্বেও একাধিকবার এফবিআইয়ের অভ্যন্তরীণ ব্যবস্থা ও পরিচালকদের তথ্য লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ