০৯:৩২ এম
যশোরের ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুরের গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতকরণ (গাছ তোলা) কার্যক্রমের উদ্বোধন এবং গাছি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।
কৃষি কর্মকর্তা জানান, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুরগাছের মধ্যে অন্তত ৩০ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা সম্ভব। প্রতিটি গাছ থেকে মৌসুমে প্রায় ৮০ লিটার রস এবং তা থেকে ১০ কেজি গুড় উৎপাদন হয়। সেই হিসাবে চৌগাছায় ৯ কোটি টাকা এবং চলতি মৌসুমে সমগ্র যশোর জেলায় কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে বিএমপির সাঁড়াশি অভিযান: গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩০, ২৪ ঘণ্টায় উদ্ধার বিপুল মাদক
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সরকার চলতি মৌসুম থেকে খেজুরের গুড় বিদেশে রপ্তানির ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে একজন উদ্যোক্তা খেজুরের রস থেকে সিরাপ তৈরি করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক গাছিদের মধ্যে খেজুরের চারা, দা ও মাটির ভাঁড়সহ বিভিন্ন প্রণোদনাসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেসবাউর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন