০২:৫২ পি.এম
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, বিগত ১৮ বছর ধরে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে তারা ভয় করেননি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনের সময় তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়েছেন এবং মিছিল-মিটিং করেছেন। বিএনপির নেতাকর্মীরা হত্যা ও নির্যাতনের ভয় সত্ত্বেও রাজপথ ছেড়ে পালিয়ে যাননি। তবে, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও আমলারা ভারতে পালিয়ে গেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আরও পড়ুন: গোদাগাড়ীতে দুই যুবককে কারাগারে পাঠানো হলো
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন তার সভাপতির বক্তব্যে বলেন, আইজিপির নির্দেশনায় মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা থেকে যুবসমাজকে দূরে রাখতে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার নিয়মিত চর্চার মাধ্যমে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।
এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান।
মাগুরা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এমপি ওয়াহাবের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন