০৬:০৬ পি.এম
মহাত্মা লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছ আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউল পাগলা বাবলু খান ও বাউল নিজাম সাঁই। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনাদর্শ, মানবতাবাদী দর্শন ও সাহিত্যচিন্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তারা ফরিদপুরে একটি লালন গবেষণাগার প্রতিষ্ঠা ও নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা উল্লেখ করেন, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক ও বাউল সম্রাট। তাঁর জীবনদর্শন মানুষকে মানবতা, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। বক্তারা বলেন, লালনের সাহিত্য ও দর্শন নিজেদের জীবনে ধারণ করতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে এমন এক সমাজ গঠন করতে হবে, যেখানে মানুষকে যথাযথ মূল্যায়ন করা হয়।
আরও পড়ুন: চারঘাট সিমান্তে বিজিবির অভিযানে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা জব্দ
তারা আরও বলেন, লালনের জীবন ও দর্শন নিয়ে নতুন করে গবেষণার সুযোগ সৃষ্টি করা জরুরি। বক্তারা সরকারের প্রতি ধন্যবাদ জানান, যারা দেশের ৬৪টি জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছেন এবং ফরিদপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, লালনের অসাম্প্রদায়িক চেতনা চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পীরা লালন গীতি পরিবেশন করেন।
আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন