মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:০৫ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনকালে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং ভিন্নমত দমনের মাধ্যমে দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, ওই সময় বিরোধী রাজনৈতিক মতাদর্শের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের নিপীড়ন, গুম ও হত্যার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি অ্যান্ডা ফিলিপসহ প্রতিনিধি দলের উপস্থিতিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।
স্পিকার আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশের মানুষ আর কখনো এ ধরনের গুম ও নিপীড়নের সংস্কৃতির শিকার হয়নি। বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করতে ক্ষমতা ধরে রাখা হয়েছে।
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘরের মতো গোপন বন্দিশালা এবং ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে দেশে ভয়াবহ রাষ্ট্রীয় নিপীড়নের পরিবেশ তৈরি করা হয়েছিল।
অনুষ্ঠানে সংসদ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পারিবারিক অভিজ্ঞতার আলোকে গুম ও নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।
‘নিপীড়ন থেকে বিপ্লব : রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক ডকুমেন্টেশনের মাধ্যমে বিগত শাসনামলে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকদের ওপর সংঘটিত গুম ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। সংসদ সদস্য সানজিদা ইসলাম তার ভাই সাজেদুল ইসলাম সুমনের দীর্ঘদিন গুম থাকার মর্মস্পর্শী বিবরণ তুলে ধরেন।
সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান তার আয়নাঘরে বন্দিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। অন্যদিকে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী সামরিক গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় প্রায় সাত মাস আটকে থাকার সময়ের অমানবিক নির্যাতনের বর্ণনা দেন।
সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ২০১২ সালের ১৭ এপ্রিল তার স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর বাংলাদেশের মানুষের কাছে ‘গুম’ শব্দটি ব্যাপকভাবে পরিচিতি পায়। তিনি অভিযোগ করেন, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেছিল। বিচারবহির্ভূত এসব গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী মতাদর্শের অনুসারীদের ওপর নিপীড়ন অমানবিক ও জঘন্য। তিনি বাংলাদেশের তৎকালীন সরকারপ্রধানের শাসনামলের সঙ্গে তার নিজ দেশ রোমানিয়ার সাবেক শাসক নিকোলায়ে চউশেস্কুর নির্মম দমননীতির মিল খুঁজে পান।
তিনি আরও জানান, বাংলাদেশ সফর শেষে তিনি এ দেশের স্বৈরাচারী শাসনামলে সংঘটিত গুম, হত্যাকাণ্ড ও নিপীড়নের বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আইপিইউর গভর্নিং বডির কাছে উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, জহরত আদিব চৌধুরী, তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম আরমান, মোহাম্মদ নাজিবুর রহমান, আনিসুর রহমান, সানজিদা ইসলাম, মাধবী মারমাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তারেক রহমান শান্তির দূত হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার রাজনীতি চালু করেছেন, যা রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ের রাজনীতির বিপরীতে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্টেশন সংলগ্ন পেন্নাই ঈদগাহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ উল্লেখ করেন, ‘১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে বিএনপির প্রতিষ্ঠা ছিল সময়োপযোগী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত।
তৎকালীন সরকার অভিশপ্ত একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতা এবং গণতন্ত্রের পথ রুদ্ধ করে ফেলেছিল। শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথমেই রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা তুলে দেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, ‘জাতীয় সমৃদ্ধির জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা অপরিহার্য। সর্বাত্মক গণ-অভ্যুত্থানের পর সব দেশেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।
আমাদেরও সে পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে জনগণ সুফল পেতে শুরু করেছে।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দুঃশাসন, জুলুম-নিপীড়ন চালিয়ে গণতন্ত্র, অর্থনীতিসহ রাষ্ট্রের সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে সক্ষম হবেন তিনি।সভায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া এমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্মীয়মাণ কালভার্ট দিয়ে চলাচল বিকল্প না থাকায়
যশোরের কেশবপুর-পাঁজিয়া সড়কের মাগুরাডাঙ্গা ঈদগাহসংলগ্ন এলাকায় দুই মাসের বেশি সময় ধরে চলছে কালভার্ট নির্মাণের কাজ। তবে দীর্ঘ সময় ধরে কাজ সম্পন্ন না হওয়ায় ওই স্থান দিয়ে চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সূত্রে জানা গেছে, নির্মাণকাজটি দুই মাসের বেশি সময় ধরে চলমান। এর মধ্যে অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি অর্ধেক অংশে ঢালাই দেওয়ার কাজ হলেও তা এখনো মজবুত হয়নি। বিকল্প ব্যবস্থা না থাকায় সম্পন্ন অংশ দিয়ে যানবাহন চলাচল করছে।
এ কারণে দীর্ঘ সময় ধরে কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (৩০ আগস্ট) ও সোমবার রাতে নির্মীয়মাণ কালভার্ট পার হতে গিয়ে দুটি মালবাহী ট্রাক উল্টে যায়। দুর্ঘটনায় চালকরা অল্পের জন্য বেঁচে গেলেও ট্রাকে থাকা মালামাল নষ্ট হয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এই সড়কের উন্নয়ন কাজের কার্যাদেশ পায় গোপালগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স।
অভিযোগ উঠেছে, যশোরের মণিরামপুরের আব্দুল খালেক নামের এক ঠিকাদার তার প্রতিষ্ঠান মেসার্স দিগন্ত এন্টারপ্রাইজের নামে কাজটি কিনে নিয়ে কাজ করাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্ট নির্মাণের কাজ চললেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এই কারণে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা না থাকায় কাজটিতে স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।
সড়কটি দিয়ে চলাচলকারী বেলকাটি গ্রামের পথচারী রায়হান রনি বলেন, ‘কালভার্টের পাশের মাটি কেটে রাখা হয়েছে প্রায় দুই মাস। অথচ ঠিকাদার দ্রুত কাজ শেষ না করে ফেলে রেখেছেন। এতে চলাচলে ভোগান্তি হচ্ছে।’
এ ব্যাপারে ঠিকাদার আব্দুল খালেক বলেন, ‘একটি কালভার্ট নির্মাণ করতে সাধারণত দুই মাস সময় লাগে। কালভার্টের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। দু-চার দিনের মধ্যেই কাজটি শেষ করার চেষ্টা করছি। তিনি বলেন, হালকা বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত কাজ শেষ করে সড়কটি চলাচলের উপযোগী করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’
উপজেলা প্রকৌশলী এম এ জাসির বলেন, ‘সড়কটির কাজ শেষ হয়েছে। কালভার্টের ঢালাইও শেষ। পাশে মাটি দিয়ে নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমোদন প্রয়োজন হবে না ‘জেড’ শ্রেণির কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে, এমনকি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেও।
এ বিষয়ে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আজ কমিশনের ১০৯তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/৭৭ নম্বর নির্দেশনার সংশ্লিষ্ট বিধান সংশোধনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জেড’ শ্রেণির কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকের শেয়ার হস্তান্তর, ঋণখেলাপির কারণে শেয়ার বাজেয়াপ্ত এবং শেয়ারহোল্ডারের মৃত্যুর পর শেয়ার হস্তান্তরের জন্য কমিশনের পূর্বানুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া, তালিকাভুক্ত কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর বিষয়ে একটি সিদ্ধান্তও গৃহীত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠাতে হবে।
একই সময়ে, স্থানীয় শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্পন্ন হওয়ার পর প্রাথমিক লভ্যাংশ পরিপালন প্রতিবেদন এবং বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠানোর ৩০ দিনের মধ্যে চূড়ান্ত লভ্যাংশ পরিপালন প্রতিবেদন কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।
এছাড়াও, সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিল করা আর্থিক ডেরিভেটিভস পণ্য চালুর কর্মপরিকল্পনাও অনুমোদন করা হয়েছে। এর আওতায় পণ্য উদ্ভাবন, পদ্ধতি উন্নয়ন, অবকাঠামো তৈরি, ঝুঁকি ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনার অংশ হিসেবে, সূচকভিত্তিক ফিউচার পণ্য চালুর মাধ্যমে ডেরিভেটিভস বাজারে লেনদেন শুরু হবে। ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে আর্থিক ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু করার আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, নতুন বেতন-ভাতা কার্যকর করার জন্য কেবল তাদেরই সুযোগ দেওয়া উচিত, যারা নিয়মিতভাবে আয়-ব্যয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন। যারা এই কাজ করবেন না, তাদের জন্য নতুন বেতনকাঠামো প্রযোজ্য হওয়া উচিত নয়।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, আর্থিক সক্ষমতার কঠোর সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তটি যৌক্তিক। তিনি উল্লেখ করেন, যদি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ এবং দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন হয়ে পড়ে।
তিনি এ ব্যাপারে সতর্ক করে বলেন, জনগণের করের টাকায় বেতন-ভাতা বৃদ্ধির কাঙ্ক্ষিত সুফল পেতে হলে সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ ও প্রকাশের বাধ্যবাধকতা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ