০১:১৫ এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ এলে অনেক সময় ২০ মিনিটও স্থায়ী হয় না, আবার চলে গেলে ২ থেকে ৩ ঘণ্টার আগে সংযোগ ফিরে আসে না। এতে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থী এবং শিল্প-কারখানার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত মিলিয়ে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। রাতে ঘুম ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না এবং বিদ্যুৎনির্ভর ছোট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
মাধবপুরের কয়েকজন ব্যবসায়ী বলেন, হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ফ্রিজ, কম্পিউটার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
শুধু সাধারণ মানুষই নন, মাধবপুরের চা শিল্পও বিদ্যুৎ সংকটের কারণে ক্ষতির মুখে পড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছরেও মাধবপুরে ঘন ঘন লোডশেডিং নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে এবং স্থানীয়রা বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
স্থানীয়দের দাবি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন