০৩:০১ পি.এম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সফরের দুই দিন আগে এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে স্থানীয় শেরিফের কার্যালয় থেকে।
প্রাপ্ত তথ্যে বলা হয়েছে যে, আটক ব্যক্তির নাম জিনিন জন টেইলে এবং তার বয়স ৩৮ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার কাছের শহর ডাউনি এলাকার বাসিন্দা। এই সশস্ত্র ব্যক্তিকে রোববার বিকেলে র্যাঞ্চো পালোস ভার্দেসের গলফ কোর্স থেকে আটক করা হয়।
বিষয়টি সম্পর্কে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন: সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ২২ হাজার যাত্রী ভোগান্তিতে
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের কার্যালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সাদা পোশাকের ফেডারেল এজেন্টরা যখন ওই ব্যক্তিকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে ছবি ও ভিডিও ধারণ করতে দেখে, তখন তারা তাকে আটক করে। একইসাথে, তাকে নিরাপত্তা পরিকল্পনা-সংক্রান্ত কার্যক্রমও পর্যবেক্ষণ করতে দেখা যায়।
ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে একই গলফ ক্লাবে পৌঁছান। গলফ ক্লাবে পৌঁছানোর পরে তিনি রিপাবলিকান ন্যাশনাল কমিটির আয়োজিত একটি তহবিল সংগ্রহ নৈশভোজে অংশগ্রহণ করেন।
শেরিফের কার্যালয় জানায়, আটকের সময় সন্দেহভাজনের পকেট থেকে ১৬ রাউন্ড ধারণক্ষম একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং এই ম্যাগাজিনে বিশেষ ধরনের ‘হলো-পয়েন্ট’ গুলি ছিল।
এরপর, তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ভর্তি পিস্তল এবং একই ধরনের গুলি থাকা আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
এরপর শেরিফের তদন্তকারী দল ও এফবিআইয়ের সন্ত্রাসবিরোধী ইউনিট টেইলের বাড়িতে তল্লাশি চালিয়ে সেখানে একটি অ্যাসল্ট-ধরনের রাইফেল, একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, গুলি, দুটি রেডিও এবং ‘উদ্বেগজনক বক্তব্য লেখা একাধিক নোটবুক’ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে তদন্তকারীরা মামলার তথ্য উপস্থাপনের পর লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না।
এর আগে, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। যেমন, ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন, সেই সময় এক বন্দুকধারী এক দর্শককে হত্যা করে এবং তৎকালীন প্রার্থী ট্রাম্পের কানে হালকা আঘাত লাগে।
এর কয়েক মাস পর, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন সেখান থেকেও এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়।
আরও পড়ুন: শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন
এপ্রিল মাসে ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করা এক সশস্ত্র ব্যক্তিকে ঘিরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে গোলাগুলি হয় এবং পরে ট্রাম্পকে ওই অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গলফ ক্লাব সফর গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি।
এই সফরে ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের প্রশাসনের সাফল্য তুলে ধরবেন এবং রিপাবলিকান পার্টির নির্বাচনী তহবিল সংগ্রহে অংশ নেবেন, এমন ধারণা করা হচ্ছে।
এদিকে, ক্যালিফোর্নিয়া দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এ অঙ্গরাজ্যের অবস্থানের পার্থক্য থাকায় সেখানে তার সফর তুলনামূলকভাবে খুবই কম হয়ে থাকে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য পলাশ ও তোতা মিয়া গ্রেফতার
ট্রাম্পের আগমনের কয়েক ঘণ্টা আগে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে বিলম্বিত ফেডারেল অর্থ সহায়তা দ্রুত ছাড় করার আহ্বান জানান।
নিউসম আরো বলেন, এ বিষয়টি রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি ট্রাম্পের রক্ষা করা উচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন