০৬:১৬ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন প্রণয়ন করবে।
আজ জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে প্রচুর অভিযোগ এসেছে। এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।’
আরও পড়ুন: অর্থমন্ত্রী: ব্যাংকের এমডি নিয়োগ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ভিত্তিতে
মন্ত্রী উল্লেখ করেন, তিনি প্রতিদিনই এ বিষয়ে নানা অভিযোগ ও প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন