ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অভিযোগের ঝড়


কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে অভিযোগের ঝড়

লক্ষ্মীপুরের কমলনগর থানার ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের অভিযোগ শোনা না হওয়া, ঘুষ গ্রহণ ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন। পোস্টের মন্তব্যে কয়েকজন ভুক্তভোগী নিজেদের ভোগান্তির কথাও লিখেছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ফরিদুল আলম কমলনগর থানার ওসি হিসেবে যোগদানের পর এলাকায় চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে। তিনি উল্লেখ করেন যে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। থানায় সেবা নিতে যাওয়া মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের কথা না শুনে নিজের বক্তব্য চাপিয়ে দেন বলেও তিনি তার ফেসবুকে উল্লেখ করেন।

এ ধরনের অভিযোগ তুলে ধরে মিজানুর রহমান নামে আরেকজন তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

পোস্টের মন্তব্যের ঘরে নাজমা নামের একজন অভিযোগ করেন, ওসি মানুষের অভিযোগ শোনেন না; বরং নিজের বক্তব্য মানুষকে শোনান। অপরাধীদের বিষয়ে কথা বলার সময়ও তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ নেওয়ার অভিযোগও তোলা হয়।

মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’ নূর উদ্দিন নামের আরো এক ব্যক্তি অভিযোগ করেন, তার একটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তার কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন তাকে।

হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তার বোনের ঘটনায় মামলা নেননি ওসি। স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। নিজে মামলা করতে গেলে থানা তার অভিযোগ নেয়নি বলেও দাবি করেন তিনি।

হাসান হাওলাদার নামে আরেক ব্যক্তি ওসির এসব কর্মকাণ্ড নিয়ে তার ব্যক্তিগত ফেসবুকে আরেকটি পোস্ট করলে সেখানে মীর রাকিব নামে একজন মন্তব্যের ঘরে লিখেন, ‘মৃত ব্যক্তির মরদেহ সামনে রেখে দুই ঘণ্টার নীতির কথা শুনাইছে, কি আর বলব!’ আব্দুর রহিম নামে একজন মন্তব্য করেন, ‘কেউ থানায় অভিযোগ করতে গেলে ওসির কথা বলে থানার মুন্সি ওসির জন্য এক হাজার টাকা বাধ্যতামূলক নেন।’

আরও পড়ুন: পাহাড়ের কৃষি আধুনিকায়নে ৭ কোটি টাকার কৃষিযন্ত্র দিচ্ছে রাঙামাটি জেলা পরিষদ

বিল্লাল হোসেন নামে একজন লিখেন, ‘কি করবে, যেই টাকা ঘুষ দিয়ে আসছে, সেই টাকা তো আগে উঠাইতে হবে।’ এর আগে চলতি বছরের ২২ এপ্রিলে উপজেলার মুন্সিরহাট এলাকায় তথ্য উদঘাটনে সহায়তা করাই এক নিরাপরাধ ব্যবসায়ীকে জেলে পাঠানোর অভিযোগ ওঠে ওসি ফরিদুল আলমের বিরুদ্ধে। তখন তাকে নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, ‘আমি সাবেক ছাত্রনেতা হিসেবে কমলনগর থানার ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ওসি ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘এটা স্বাধীন দেশ। যে কেউ তার মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনগত কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।

আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ সভাপতি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


যুক্তরাষ্ট্রই আগ্রাসন-হুমকির পথ বেছে নিয়েছে, কূটনীতিতে অটল ইরান

পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য প্রদানকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উল্লেখ করেছেন যে, সামরিক হামলার শিকার হওয়ার পরেও তেহরান কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ তথ্য জানায় আলজাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে আরাগচি বলেন, ‘গত দুই বছর ধরে আমরা কূটনীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার প্রতিশ্রুতি মেনে চলেছি। কিন্তু ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড ও অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে।’

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা ইরানের নীতি। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান শুধুমাত্র সেই দেশগুলোর সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখান থেকে ইরানের ওপর আক্রমণ করা হয়েছিল।

আরাগচি উল্লেখ করেন, ‘এ অঞ্চলের কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা কিংবা স্থাপনা অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ব্যবহার করা উচিত নয়।’

হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সেখানে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন দায়ী।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত ট্রেন্স সুজ লিমিটেডের এক শ্রমিক মারা গেছেন। তার নাম মো. সেলিম (২০)। হামলার শিকার হওয়ার পর গত ৪ নভেম্বর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

সেলিম ট্রেন্স সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। হামলার ঘটনা ঘটে ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায়। ওই দিন কারখানা ছুটি হলে, সেলিম অন্যান্য শ্রমিকদের সঙ্গে বের হন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, যার ফলে তিনজন আহত হন। সেলিম মাথায় গুরুতর আঘাত পান।

সেলিমের বাবা আব্দুর রহিম জানান, হামলার পর সহকর্মীরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি খবর পেয়ে সেখানে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকেরা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাকে সেখানে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু ঘটে।

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সাভারের আরাপাড়া এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। সেলিম এক ভাই ও এক বোনের মধ্যে ছিলেন ছোট।

সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তার মরদেহ নিয়ে যান। ময়নাতদন্তের আগে শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল গাফ্ফার হিমেল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আশুলিয়ার আউকপাড়ায় নিজ কারখানার সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন সেলিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

সেলিমের বাবা আব্দুর রহিম আগে ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। তবে হৃদ্‌রোগের সমস্যার কারণে তিনি এখন আর কাজ করতে পারেন না। তার মা সেলিনা খাতুন একটি পোশাক কারখানায় কাজ করেন। বড় বোন ফারজানা বিবাহিত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফারজানা বলেন, বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে মা ও ভাই দুজনই কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে এখন তাদের সংসার কীভাবে চলবে, তা বুঝতে পারছেন না তারা।

ছেলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে আব্দুর রহিম বলেন, ‘আমরা ছেলের হত্যাকারীদের বিচার চাই। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত শেখ হাসিনাকে ফেরাতে শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ভারত শেখ হাসিনাকে ফেরাতে শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ইস্যুর তুলনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, অন্যান্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত যদি কোনো আনুষ্ঠানিক শর্ত দেয়, তবে সরকার সেটিকে বিবেচনা করবে। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলের ধোঁয়াশার কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ইন্দোনেশিয়ার ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


দাবানলের ধোঁয়াশার কারণে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ইন্দোনেশিয়ার ক্ষমা প্রার্থনা

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৪ : দেশের ভেতরে চলমান তীব্র দাবানলের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা প্রতিবেশী দেশগুলোর আকাশে ছড়িয়ে পড়ার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বোর্নিও, সুমাত্রা ও পাপুয়া দ্বীপে মাসব্যাপী চলমান দাবানলে ব্যাপক এলাকা ছাই হয়ে গেছে। এর ফলে সৃষ্ট বায়ুদূষণে দেশের শত শত নাগরিক অসুস্থ হয়ে পড়েছে এবং এই ধোঁয়া সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।

রোববার ম্যানিলায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা আসিয়ান-এর এক শীর্ষ সম্মেলনে প্রাবোও উল্লেখ করেন যে, সীমানা অতিক্রম করা এই ধোঁয়াশা ‘আমাদের ভুল ছিল না’ এবং তিনি জোর দিয়ে বলেন যে ‘আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি’।

তবে রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত একটি ভিডিও অধিবেশন অনুযায়ী আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের উদ্দেশে প্রাবোও বলেন, ‘ইন্দোনেশিয়া সরকার ও ইন্দোনেশিয়ার জনগণের পক্ষে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের কষ্টের কারণ হয়ে থাকলে আমরা আন্তরিক ক্ষমা চাইছি’।

বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা ‘নুসানতারা অ্যাটলাস’-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ২৮ লাখ ৮০ হাজার হেক্টর (৭১ লাখ একর) এলাকা দাবানলে ভস্মীভূত হয়েছে, যা লন্ডন শহরের আকারের চেয়ে ১৮ গুণ বড়।

ইন্দোনেশিয়ায় প্রতি শুষ্ক মৌসুমেই দাবানল দেখা যায়, তবে এ বছরের দাবানল ছিল অত্যন্ত ভয়াবহ। গবেষকরা গত সপ্তাহে জানান যে, শক্তিশালী এল নিনো আবহাওয়া পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং খনি ও বাগানের জন্য পিটল্যান্ড (জলাভূমি) শুকিয়ে ফেলা এ বছরের দাবানলকে আরও ভয়াবহ করে তুলেছে।

প্রাবোও জানান, দাবানলের সঙ্গে জড়িত থাকার কারণে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ১৭টি জমির ইজারা বা কনসেশন বাতিল করেছে এবং আরও ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৭১ হাজার কর্মী মোতায়েন করা হয়। অভিযানে নেমে ১৬ জন অগ্নিনির্বাপক কর্মী মারা গেছেন এবং দুটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%