০৮:৪৫ পি.এম
ঈশ্বরদীতে স্কুলছাত্রীর ছবি মোবাইল ফোনের স্ক্রিন থেকে সরাতে বলার কারণে তার আপন ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে শহরের ফাতেমোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহত যুবকের নাম নওশাদ আলেম পাপ্পু (২৭), যিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিল কামাল আশরাফির ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি তারই এক সহপাঠী ছাত্রের মোবাইলে স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে ছাত্রীকে উত্তপ্ত করা হচ্ছিল। পাপ্পু এবং তার পরিবারের সদস্যরা ছবিটি মোবাইলের স্কিন থেকে সরিয়ে নেওয়ার জন্য ছাত্রের পরিবারের কাছে অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফতেমোহাম্মদপুরের নিজবাড়ি ফেরার পথে কথা-কাটাকাটি এক পর্যায়ে সহপাঠী ছাত্রের বড়ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮-১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর উপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে রাতেই পাপ্পুকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাপ্পুর বাবা কামাল আশরাফি বলেন, "বিষয়টি নিয়ে এলাকার লোকজন মিমাংসার জন্য আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু তার আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েক যুবক তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে- যা খুবই দুঃখজনক।" তিনি আরও জানান, ছুরিকাঘাতে হাত-পাসহ শরীরের অনেক স্থান ক্ষত হয়েছে। বিষয়টি নিয়ে তিনি পুলিশকে অবহিত করেছেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তরা পালিয়ে গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা চলছে।
আরও পড়ুন: পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে ১ লাখ ১০ হাজার টাকার দুর্ধর্ষ চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন