ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
কেন্দুয়া

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক


আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক

আগামী কয়েক ঘণ্টার মধ্যে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশে দেশের কোনো দল অংশগ্রহণ না করলেও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের কিছু কমতি নেই। সমর্থকরা তাদের পছন্দের দলের জার্সি কেনার জন্য হিড়িক পড়েছে। কেন্দুয়া উপজেলার ফুটবলপ্রেমীরাও পিছিয়ে নেই।

স্থানীয় সূত্র মতে, এই বিশ্বকাপ উপলক্ষে কেন্দুয়ায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার দলের জার্সি।

উপজেলার বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতে এখন ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দুই দলের সমর্থকরা এখন প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে নানা আয়োজন করছে। শেষ মুহূর্তে বিভিন্ন এলাকায় আনন্দ শোডাউন ও মিছিলও করছেন তারা।

আরও পড়ুন: সন্দ্বীপে ব্রাদারহুড স্পোর্টিং ক্লাবের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমিতির হাটের জয়

সরেজমিন উপজেলায় মধ্যবাজারসহ বিভিন্ন এলাকার দোকানগুলোতে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিলের দুটি দল সমর্থকরা জার্সি কেনার জন্য ভিড় করছেন। চায়ের দোকানে আলোচনা থেকে শুরু করে পাড়া-মহল্লা ও শহরের অলিগলিতে ফুটবল নিয়ে তুমুল আলোচনার প্রবণতা দেখা যাচ্ছে।

গোলাপ নামের একজন পোশাক ব্যবসায়ী জানান, গত এক সপ্তাহ ধরে ফুটবল বিশ্বকাপের জন্য জার্সির বিক্রি বেড়েছে। তবে দাম একটু বেশি। দোকানে বিভিন্ন মানের জার্সি বিক্রি হচ্ছে।

জার্সির দাম ২৫০ টাকা থেকে ৬০০ টাকা এবং ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। এছাড়া প্রিয় খেলোয়াড়ের নাম বা নিজের নাম লেখাতে অতিরিক্ত ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে।

আরেক ব্যবসায়ী রইছ উদ্দিন বলেন, ঈদের আগেই বিক্রি ভালো ছিল। অনেকেই বাড়িতে যাওয়ার সময় সন্তানদের জন্য জার্সি ও পতাকা কিনে নিয়েছেন। এবার ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। তিনি আশাবাদী যে খেলা শুরু হলে বিক্রি বাড়বে। এখন স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির পতাকাও বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২১৮ দুর্ঘটনায় ঝরেছে ১৬৯ প্রাণ

বিশ্বকাপ উপলক্ষে জার্সি কিনতে আসা রফিকুল ইসলাম জানান, ‘আমার ছেলে নেইমারের ভক্ত। তাই ব্রাজিলের জার্সি কিনেছি। জার্সিতে ওর নামও লিখে দেব।’

আরেক শিক্ষার্থী রাকিব বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলেই বন্ধুদের সঙ্গে নতুন জার্সি কিনি। এবার মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, তাই বিশেষভাবে আর্জেন্টিনার জার্সি কিনেছি।’

জার্সি কিনতে আসা গৃহিণী নাসরিন আক্তার বলেন, ‘আমার দুই ছেলে-মেয়ে ব্রাজিলের ভক্ত। ওদের জন্য জার্সি কিনেছি। বিশ্বকাপ ঘিরে বাসায়ও আলাদা একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে।’

অন্যদিকে দোকানে ব্যানার তৈরি করাতে আসা ব্রাজিল সমর্থক শফিক ও জাকির জানান, ‘আমাদের এলাকার প্রায় ১০০ জন মিলে টাকা তুলে বিশাল ব্যানার তৈরি করিয়েছি। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে এই আয়োজন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক গোলাপ ও আয়েশ জানিয়েছেন, তারা বন্ধুরা মিলে জমানো টাকা দিয়ে আর্জেন্টিনা ও মেসির ছবিসহ বড় ব্যানার তৈরি করাচ্ছেন।

ডিজিটাল সাইন ও প্রিন্টিং ব্যবসায়ী পাপ্পু জানান, নির্বাচনের মৌসুম বা ঈদের সময়ের মতো এখন তাদের ব্যবসা চাঙ্গা। প্রতিদিন শত শত তরুণ কম্পিউটারের পাশে বসে নিজেদের পছন্দমতো ডিজাইন করে ব্যানার তৈরি করছেন। কাজের চাপ এতটাই বেশি যে, ব্যবসায়ীদের সারা দিনের পাশাপাশি রাত জেগেও প্রিন্টিংয়ের কাজ করতে হচ্ছে।

ব্রাজিল সমর্থক সাবেক ফুটবলার রফিকুল ইসলাম বলেন, ‘ফুটবল মানেই ব্রাজিল, ব্রাজিল মানে ফুটবল’—এই কথাটা সবারই মানতে হবে। ব্রাজিলের খেলোয়াড়দের নৈপুণ্য দেখে মূলত আমি ব্রাজিল দল সমর্থন করি। বর্তমানে কেন্দুয়ার পরিবেশটা পুরোপুরি উৎসবমুখর বলে মনে হচ্ছে। শহরজুড়ে হাজার হাজার মানুষ একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছে। সব খেলোয়াড়ই ভালো ফর্মে রয়েছে। আমরা আশাবাদী, ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে।

আর্জেন্টিনা সমর্থক আয়েশ উদ্দিন বলেন, বিশ্বকাপ শুরুর প্রাক্কালে আমার প্রত্যাশা ২০২২ সালের বিশ্বকাপ জয়ের গৌরবগাথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও। আমার বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।

আরও পড়ুন: ধামরাইয়ে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

এদিকে, ফুটবলভক্তদের এই উন্মাদনায় সাধারণ মানুষও কৌতূহলী। তারা বলছে, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের উদ্দেশ্য। বর্ণাঢ্য শোডাউন, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দুই দলের সমর্থকরা।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জোবায়ের ইমন বলেন, ফুটবল একটি ক্রেজ সৃষ্টিকারী খেলা। বাংলাদেশের ফুটবলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দুই বিশ্ব ফেভারিট দল ব্রাজিল ও আর্জেন্টিনার রেকর্ডভক্ত রয়েছে এই দেশে। কেন্দুয়ার চিত্র আরো বৃহৎ। এই উন্মদনা অত্যন্ত সুখকর। এর মাধ্যমে যুবসমাজের মাঝে সুস্থধারা তৈরি হয়। দুই দলের পাল্টাপাল্টি যে শোডাউনসহ অন্যান্য কর্মসূচি, এতে উপজেলাজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সব মিলিয়ে, মাঠে বল গড়ানোর আগেই দেশে শুরু হয়ে গেছে মাঠের বাইরের ফুটবল উন্মাদনা। স্থানীয়দের প্রত্যাশা, এই উন্মাদনা যেন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই শেষ হয় বিশ্ব ফুটবলের এই শ্রেষ্ঠ আসর।

আরও পড়ুন: ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


সিলেটের ওসমানী হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ শয্যার ডেঙ্গু কর্নার খোলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবারের মধ্যে মোট ২৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৩ জন। এর মধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রশিদ মুনির বলেন, ‘হাসপাতালের নতুন ভবনে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। এতে ২০টি শয্যা রয়েছে।

তবে এখন পর্যন্ত হাসপাতালে কোনো রোগীর ডেঙ্গু শনাক্ত হয়নি। কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হুঁশিয়ারির পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ইরানের হুঁশিয়ারির পরও লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৬

ইরানের হুঁশিয়ারির পরও নতুন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলার ফলে দক্ষিণ লেবাননের টাইর জেলার তাইর দেব্বা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছেন আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সূত্র অনুযায়ী, বুধবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে এলাকা ত্যাগের নির্দেশনা বা জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকিও দেওয়া হয়েছে।

লেবাননের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে চলমান হামলার কারণে দক্ষিণাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চালিয়ে যাচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার ফলে লেবাননে ১০ লাখেরও বেশি বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এতে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হয়েছে।

এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে, একই সঙ্গে তেহরান সতর্ক করে জানিয়েছে, লেবাননে ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত থাকলে তারা আরও কঠোর ও ব্যাপক প্রতিক্রিয়া জানাবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবানের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি ‘বেদনাদায়ক জবাব’ দিয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ ওই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, “ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী নিপীড়িত লেবাননের জনগণের পক্ষে দাঁড়িয়ে এই দখলদার শাসনের (ইসরায়েল) বিরুদ্ধে কঠোর জবাব দিয়েছে।”

তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, বর্তমান পর্যায়ে সামরিক অভিযান স্থগিত রাখা হলেও পরিস্থিতির অবনতি হলে তারা আরও শক্তিশালী পদক্ষেপ নেবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে- বিশেষ করে দক্ষিণ লেবাননে- তাহলেভাগের যেকোন সময়ের তুলনায় আরও কঠোর, বিধ্বংসী এবং চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করা হবে।” সূত্র: সিএনএন, আনাদোলু এজেন্সি, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে

হরমুজ প্রণালীর উপরে মার্কিন সেনাবাহিনীর একটি টহলরত অ্যাপাচি হেলিকপ্টার ইরান দ্বারা ভূপাতিত হয়েছে। এ ঘটনার পর মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার (৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প পাল্টা হামলার বিষয়ে হুঁশিয়ারি প্রদান করেন। ট্রাম্প বলেন, এই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর কেশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং প্রণালীটির বন্দর নগরী সিরিকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পর ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপর দক্ষিণ ইরানের কেশম দ্বীপ থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই ঘটনাকে তৃতীয় দফার হামলা হিসেবে উল্লেখ করেছে।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রতিবেদক বারাক রাভিদের উদ্ধৃতিতে জানা গেছে, হরমুজ প্রণালির আশপাশে অবস্থিত ইরানের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই হামলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ব্যাহত করবে বলে ওয়াশিংটন মনে করে না। সেই কর্মকর্তা দাবি করেন, এটি মূলত একটি সতর্কবার্তা হিসেবেই পরিচালিত হয়েছে।

জানা গেছে, হামলার ঘোষণা দেওয়ার ঠিক আগে এবিসি নিউজের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জোনাথন কার্লের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে ‘খুবই শক্তিশালী’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ফরিদপুরে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরে প্রায় ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এই গাঁজার বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানা গেছে। বুধবার (১০ জুন) তাদের আদালতে পাঠানোর বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান জানিয়েছেন।

র‌্যাব সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে মধুখালী উপজেলার বেল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ মনির হোসেন ওরফে রুবেল (২৬) এবং আমির হোসেন (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এর আগে সোমবার (৮ জুন) গভীর রাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর এলাকায় ফরিদপুর-মাগুরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি যাত্রীবাহী বাস থেকে আরো সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জামিনযোগ্য ২৭ বছর বয়সী মোস্তফা কামাল এবং ২৬ বছর বয়সী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর এলাকায় অবস্থিত।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনই একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, মাগুরা এবং আশপাশের জেলায় সরবরাহ করছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের মতে, দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে বিভিন্ন মহাসড়ক ব্যবহার করে মাদক পরিবহনের প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। তবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের কারণে বড় বড় চালান জব্দ হচ্ছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই প্রসঙ্গে বলেন, ‘মাদক সমাজের জন্য ভয়াবহ হুমকি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। মাদক নির্মূলে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%