১০:৩৬ পি.এম
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঢাকায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন বাজিতপুর সমিতি-ঢাকার সম্মেলন ২০২৬ উপলক্ষে একটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাজিতপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ী, চিকিৎসক, চাকরিজীবী, শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সমিতির সদস্যরা সম্মেলন সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বক্তারা সভায় উল্লেখ করেন, ঢাকায় বসবাসরত বাজিতপুরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে সমিতিকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, সামাজিক সহায়তা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমিতির সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
আরও পড়ুন: এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬ আজ শুরু, উদ্বোধন আনোয়ারা সৈয়দ হকের
তারা বলেন, বাজিতপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একই প্ল্যাটফর্মে এনে ঐক্যবদ্ধ করা সমিতির অন্যতম লক্ষ্য। নিজেদের পেশাগত অবস্থান ও ব্যস্ততার বাইরে এলাকার মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় বক্তারা আরো বলেন, ‘বাজিতপুরের মানুষ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ঢাকায় থাকা এই মানুষগুলোকে একটি শক্তিশালী সামাজিক বন্ধনে যুক্ত করতে পারলে এলাকার জন্যও অনেক ভালো কাজ করা সম্ভব।’
আয়োজকরা জানান, ‘চলতি মাসেই একটি দিনক্ষণ ঠিক করে সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; এর মাধ্যমে নতুন নেতৃত্ব ও নতুন কর্মপরিকল্পনা তৈরি হবে। বাজিতপুরের মানুষের কল্যাণে সমিতিকে আরো সক্রিয় করার সুযোগ তৈরি হবে।’
সভায় সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সদস্যদের অংশগ্রহণ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাজিতপুরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসময় নেতারা সম্মেলন সফল করতে ঢাকায় বসবাসরত বাজিতপুরের সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন
সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর সমিতি ঢাকার সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রফিকুর রহমান দিলীপ, সদস্য সচিব সাবেক সিনিয়র জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভূইয়া। এ ছাড়া সমিতির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যদের মধ্যে ছিলেন- সাবেক বাসস’র ব্যবস্থাপনা সম্পাদক মনোজ কান্তি রায়, সমিতির সিনিয়র সদস্য বাচ্চু মিয়া, ব্যবসায়ী ঝন্টু কুমার সাহা, সাংবাদিক ফারুক আহমেদ, মো. সেলিম আহমেদ, বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ব্যবসায়ী আবুল হাসনাত লরেল, শামীম ইমাম, শাহরিয়ার শামীম, সুশান্ত কুমার ঘোষ, শহীদুল ইসলাম দুলাল ও মো. ফারুকসহ বিভিন্ন পেশাজীবী শতাধিক সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন