১০:৩০ এম
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোর উপর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। তাদের দাবি অনুযায়ী, এক রাতের মধ্যে ১ হাজার ২৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর এটি অন্যতম সর্বোচ্চ সংখ্যা বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল শনিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সামরিক বাহিনী রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি তেল শোধনাগার এবং সামারা অঞ্চল ও বাশকোরতোস্তানের দুটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।
রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে গত পাঁচ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি, সামারা অঞ্চলের এলপিডিএস সামারা স্থাপনায়ও ইউক্রেনীয় বাহিনী হামলা করেছে। এটি অপরিশোধিত তেল পরিবহন, সংরক্ষণ ও মিশ্রণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল
বাশকোরতোস্তানের এলপিডিএস নুরলিনো তেল পাইপলাইনের গুরুত্বপূর্ণ পাম্পিং স্টেশনেও হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে, রাশিয়ার বাহিনী কিয়েভের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এ তথ্য জানিয়েছেন।
নিজের টেলিগ্রাম চ্যানেলে ক্লিচকো বলেন, "এ হামলার কারণে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বিঘ্নিত হতে পারে।" শনিবার দিনের শুরুতে বিমান হামলার সতর্কসংকেত চলাকালীন কিয়েভে বিস্ফোরণ ও ড্রোন হামলার শব্দ শোনা যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কিয়েভ অঞ্চলের একটি তাপবিদ্যুৎকেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে। এ ছাড়া, কৃষ্ণসাগরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজেও হামলা চালানোর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল
ইউক্রেনে প্রাণহানি, হাসপাতালে ড্রোন হামলা
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের নিজিন শহরে একটি প্রতিষ্ঠানে রাশিয়ার হামলায় সাতজন নিহত ও সাতজন আহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।
এছাড়া, কিয়েভে রাশিয়ার হামলায় এক নারী নিহত এবং চারজন আহত হয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি হাসপাতালের গাড়িতে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নার্স এবং অন্যজন গাড়িচালক। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন বলে রাশিয়ার নিয়োগ করা স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে সম্মুখসারির হাসপাতালটির প্রধান চিকিৎসকও রয়েছেন।
আরও পড়ুন: ভারতে মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত
জাপোরিঝঝিয়া ইউক্রেনের চারটি অঞ্চলের একটি, যেখানে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে এবং পুরোপুরি দখলের চেষ্টা করছে।
অঞ্চলটির সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ শনিবার জানান, গত ২৪ ঘণ্টায় জাপোরিঝঝিয়া অঞ্চলে ৭০০টির বেশি ড্রোন ছুড়েছে রাশিয়া। এসব হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
মস্কোর দিকে ১২৩ ড্রোন ভূপাতিতের দাবি
আরও পড়ুন: রিয়াদের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তাদের বাহিনী ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধ শুরুর পর এক রাতে এত বিপুলসংখ্যক ড্রোন ধ্বংসের ঘটনা অন্যতম সর্বোচ্চ। তবে ইউক্রেন মোট কতটি ড্রোন ছুড়েছিল কিংবা কতটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি মস্কো।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, আট ঘণ্টায় রাজধানীর দিকে এগিয়ে আসা ১২৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে বৃহত্তর মস্কো অঞ্চলের দিকে মোট ৪৬২টি ড্রোন এগিয়ে এসেছিল। এর বেশির ভাগই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
যুদ্ধের পঞ্চম বছর ঘিরে বাড়ছে হামলা
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পঞ্চম বার্ষিকী ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হামলার ধরন ও সংখ্যা বাড়ছে। এখন আরো নিয়মিতভাবে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ১০ জন নিহত
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বন্দিবিনিময় ছাড়া এখন পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি পক্ষগুলো। ফলে যুদ্ধ অবসানের বিষয়ে অগ্রগতি না থাকলেও দুই দেশের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন