শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:০৯ পি.এম
অফিসে সারাদিন বসে কাজ করা, দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকা অথবা ভারী ব্যাগ নিয়ে চলাফেরা করা, এসব কারণে পিঠে ব্যথা হওয়া নতুন কিছু নয়। অনেকেই এই ধরনের ব্যথাকে দৈনন্দিন জীবনের অংশ মনে করে গুরুত্ব দেন না। ব্যথা হলে মলম লাগানো, গরম পানির সেঁক দেওয়া অথবা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু যদি ব্যথা দিন দিন বাড়তে থাকে, রাতে ঘুম ভাঙিয়ে দেয় অথবা হাত-পায়ে অবশভাব ও দুর্বলতা দেখা দেয়, তাহলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। কারণ, দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার পেছনে মেরুদণ্ডের গুরুতর সমস্যা থাকতে পারে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অধিকাংশ পিঠের ব্যথা সাধারণ চিকিৎসায় কমে যায়। তবে যদি ব্যথা দীর্ঘ সময় স্থায়ী থাকে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের স্পাইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান চিকিৎসক হরবিন্দর সিং চাবরা জানিয়েছেন, সাধারণ সর্দি-কাশির পর পিঠের ব্যথা অন্যতম পরিচিত স্বাস্থ্য সমস্যা। জীবনের কোনো না কোনো সময় প্রতি ১০ জনের মধ্যে আটজন উল্লেখযোগ্য মাত্রায় পিঠের ব্যথায় ভোগেন। তাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশের আবারও এ সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, ভুল ভঙ্গিতে বসা এবং সঠিক নিয়ম না মেনে ভারী জিনিস তোলা পিঠের ব্যথার অন্যতম কারণ। যদিও মলম বা গরম পানির সেঁকে সাময়িক আরাম মিললেও সমস্যার মূল কারণ দূর হয় না।
কখন চিকিৎসকের কাছে যাবেন
যদি কয়েক সপ্তাহ ধরে পিঠের ব্যথা থাকে, চিকিৎসা নেওয়ার পরও ব্যথা না কমে বা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে বিশ্রামের সময়ও যদি ব্যথা থাকে অথবা বারবার ঘুম ভেঙে যায়, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসক হরবিন্দর সিং চাবরার মতে, এ ধরনের ব্যথার পেছনে মেরুদণ্ডের সংক্রমণ, প্রদাহজনিত সমস্যা, অস্টিওপোরোসিসের কারণে মেরুদণ্ডের হাড়ে চিড় বা ফাটল এবং বিরল ক্ষেত্রে টিউমারও থাকতে পারে।
এছাড়া হাত-পায়ে অবশভাব, ঝিনঝিন করা বা দুর্বলতা দেখা দিলে অবহেলা করা যাবে না। হাঁটতে সমস্যা হওয়া কিংবা শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হওয়াও সতর্কসংকেত। মেরুদণ্ডের স্নায়ুতে চাপ পড়লে এমন উপসর্গ দেখা দিতে পারে। দুর্বলতা ক্রমাগত বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
যেসব লক্ষণে জরুরি চিকিৎসা প্রয়োজন
পিঠের ব্যথার সঙ্গে যদি প্রস্রাব বা মল নিয়ন্ত্রণে নতুন সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রস্রাব করতে অসুবিধা, প্রস্রাব আটকে যাওয়া কিংবা উরুর ভেতরের অংশ ও যৌনাঙ্গের আশপাশ অবশ হয়ে যাওয়াও বিপজ্জনক লক্ষণ। বিশেষ করে তীব্র কোমরব্যথা বা পায়ে দুর্বলতার সঙ্গে এসব উপসর্গ দেখা দিলে তা ‘কডা ইকুইনা সিনড্রোম’-এর লক্ষণ হতে পারে।
এটি মেরুদণ্ডের নিচের অংশের স্নায়ুগুচ্ছে চাপ পড়ার কারণে ঘটে। সময়মতো চিকিৎসা না হলে মূত্রথলি, অন্ত্র ও যৌন কার্যক্ষমতার ওপর স্থায়ী প্রভাব পড়তে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
কারা বেশি ঝুঁকিতে
তরুণদের মধ্যে দীর্ঘ সময় বসে কাজ করা, শারীরিক পরিশ্রমের অভাব এবং ভুল ভঙ্গিতে বসার কারণে পিঠের ব্যথা বাড়ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে বসার চেয়ার ও টেবিলের সঠিক বিন্যাস না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, বয়স্কদের ক্ষেত্রে বয়সের সঙ্গে মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় হওয়া এবং মেরুদণ্ডের স্নায়ু চলাচলের পথ সরু হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের সামান্য পড়ে যাওয়া কিংবা সাধারণ শারীরিক কাজের কারণেও মেরুদণ্ডের হাড় ভেঙে যেতে পারে।
কিভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা হয়
পিঠের ব্যথার কারণ জানতে চিকিৎসক প্রথমে রোগীর শারীরিক অবস্থা, আগের উপসর্গ ও চিকিৎসার ইতিহাস পর্যালোচনা করেন। পাশাপাশি স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী এক্স-রে বা এমআরআই করার পরামর্শ দিতে পারেন।
চিকিৎসক চাবরার মতে, মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত মাত্র ৩ থেকে ৫ শতাংশ রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রে ওষুধ, ফিজিওথেরাপি, বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যায়াম, সঠিক দেহভঙ্গি বজায় রাখা এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা সম্ভব। তবে স্নায়ুতে গুরুতর চাপ, ক্রমাগত স্নায়বিক দুর্বলতা কিংবা মেরুদণ্ডের অস্থিতিশীলতা থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাই পিঠের ব্যথাকে সাধারণ সমস্যা ভেবে দীর্ঘকাল অবহেলা করা উচিত নয়। ব্যথার ধরন ও সঙ্গে থাকা উপসর্গের দিকে খেয়াল রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ