১১:৩২ পি.এম
উচ্চ বেতন ও নানাবিধ সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ কাজে ৩০ জন বাংলাদেশি যুবককে পাঠানোর অভিযোগে সরকার তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি লাইসেন্স বাতিল হওয়া এজেন্সির নাম— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
ভুক্তভোগী যুবকদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে জোর তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ফোন করে ভুক্তভোগীদের সার্বিক সুরক্ষা এবং নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল
এ বাসায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো এজেন্সির অসততার কারণে আমাদের সম্ভাবনাময় বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে তদারকি আরও জোরদার করার কথা জানান তিনি।
তিনি যোগ করেন, যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকা লেনদেন বা বিদেশে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট এজেন্সির বৈধতা এবং কাজের শর্তাবলি মন্ত্রণালয় বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে যাচাই করে নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন