১০:৫৫ এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের পৃথক অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) গোল্ড পেস্ট থেকে উদ্ধার করা সোনা, ভ্যাপ ও ভ্যাপ লিকুইড, বিপুলসংখ্যক মোবাইল ফোন, বিদেশি সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ গৌরি ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে। ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি।
সিআইআইডি সূত্র জানায়, ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এমিরেটসের EK582 ও কাতার এয়ারওয়েজের QR640 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয় একই দিনে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
এর আগে ২০ আগস্ট এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা EK582, BS342 ও GF250 ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি বা ১ হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি NAN Pro Nutrition মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।
একই দিন বি-শিফটের অভিযানে BS346, BS316 ও EK586 ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।
১৮ আগস্ট কলম্বো থেকে ঢাকায় আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন, রেডমি মোবাইল ফোন এবং ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।
সর্বশেষ ১৭ আগস্ট সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে। দুবাই থেকে আসা এমিরেটসের EK584 ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কর্তৃপক্ষ ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেন। পরে পরীক্ষায় ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেটও জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।
সিআইআইডির হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব পৃথক অভিযানে জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা, যা প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন