০৪:৪৮ পি.এম
গাঢ় নীল এবং হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে বাংলাদেশ পুলিশ আবার ফিরে এসেছে। গত জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় বাংলাদেশের পুলিশের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পোশাকে একটি বড় পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং নতুন সরকার গঠনের পর আগের সেই পোশাক আবার বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নতুন এই সিদ্ধান্তের পর বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে কাজ করতে দেখা গেছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট পরা অবস্থায় দেখা যায় এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরছেন। তবে এখনও সব পুলিশ সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সব সদস্যই এই বিশেষ পোশাক পাবেন। বর্তমানে যারা নতুন পোশাক পেয়েছেন তারা মাঠে দায়িত্ব পালন করছেন নতুন ইউনিফর্মে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দাবি উঠতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২০ জানুয়ারি আইন-শৃঙ্খলাসংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী পুলিশ শার্টের রং আয়রন বা লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি শেল বা কফি-বাদামি ধূসর নির্ধারণ করা হয়েছিল। গত বছরের ২৫ নভেম্বর এই নতুন পোশাকে মাঠে নেমেছিল পুলিশ।
তবে ওই পোশাক নিয়ে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। বেশ কিছু পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি সহজভাবে গ্রহণ করতে পারেননি এবং পোশাকের রং নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক পুনরায় পরিবর্তনের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পুলিশের পোশাকের রং পরিবর্তন সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।
নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের রং পরিবর্তনের পাশাপাশি জার্সি, কার্টিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং-সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগের লোহা-ধূসর রঙের শার্টের পরিবর্তে এখন গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান অথবা পুলওভার যুক্ত হওয়া হয়েছে।
নতুন বিধান অনুসারে, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্ট হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। আর শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ে। শার্টটির সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে যে, নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা যাবে। এছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ বা হিজাব ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে সক্ষম হবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরায় অনুমতি পাবেন।
মৌসুম অনুযায়ী শার্টের ধরনও প্রজ্ঞাপনে নির্ধারণ করা হয়েছে যেখানে গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা এবং শীতকালে শার্ট হবে পূর্ণহাতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন