ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী


নিম্নতম মজুরি বোর্ড অচিরেই গঠন হবে: শ্রমমন্ত্রী

নিম্নতম মজুরি বোর্ড গঠন করার উদ্দেশ্যে মালিকপক্ষের কাছ থেকে ইতোমধ্যে প্রতিনিধি তালিকা সংগ্রহ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, শ্রমিকপক্ষের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিকপক্ষ, মালিকপক্ষ এবং সরকারপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৬তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি বিষয়ক টিসিসি)-এর ২৫তম সভায় সভাপতির বক্তব্যে এই তথ্য জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

মন্ত্রী শ্রম অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে একটি স্পষ্ট বার্তা প্রদান করে বলেন, "আমি মালিকপক্ষকে আহ্বান জানাই যেন মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করা হয়।" একই সঙ্গে তিনি আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, "আন্দোলনের নামে পথ রোধ করে কোনোভাবেই যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।" তিনি সমস্যা সমাধানের জন্য মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা করার আহ্বান জানান।

আরও পড়ুন: মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

মন্ত্রী আরো সতর্ক করে বলেন, "সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য বা অন্য কোনো অশুভ উদ্দেশ্যে যদি কেউ চেষ্টা চালায়, তবে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধি কেউ তা মেনে নেবে না।" তিনি আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন, "প্রকৃত শ্রমিক নেতৃত্বের বাইরে থেকে যারা প্ররোচনা দিচ্ছেন এবং নন-ইস্যুকে ইস্যু বানাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন।" তিনি বলেন, "তৃতীয় পক্ষ এসে শিল্প খাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করবে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।"

সভায় বক্তব্য প্রদানকালে শ্রমিক নেতা নাজমা আক্তার গাজীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় সাম্প্রতিক শ্রম অসন্তোষের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, "বকেয়া মজুরি দ্রুত পরিশোধে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা যৌথভাবে কাজ করছেন এবং শিল্প পুলিশ ও প্রশাসনের সহায়তায় সমস্যা নিরসনের চেষ্টা চলছে।" তিনি উল্লেখ করেন, "চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।" এছাড়াও শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস-জ্বালানি সংকট সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

আরেক শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন জানান, "মজুরি বোর্ড গঠনের বিষয়ে টিসিসি সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।"

তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সহসভাপতি রেজোয়ান সেলিম গাজীপুর ও কালিয়াকৈরের চলমান আন্দোলনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির দ্রুত ও টেকসই সমাধান দাবি করেন।

আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।" তিনি বলেন, "মালিক ও শ্রমিকপক্ষ একই মনোভাব পোষণ করলে নতুন করে আন্দোলনের প্রয়োজন নেই।" তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান, "শিল্প কারখানার কোনো ধরনের ক্ষতি না করা এবং সরকারকে বিব্রত না করার জন্য।"

উক্ত গুরুত্বপূর্ণ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ এম


শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে জুয়েল মিয়া (৪২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর সদরের হাওড়া খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল মিয়া শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার পুত্র।

আহতদের মধ্যে রয়েছেন নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২), শফিকুল ইসলাম (৪৫) এবং দুলাল মিয়া (৬০)।

ফেরদৌসুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আলমগীর হোসেন বর্তমানে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, শফিকুল ইসলাম ও দুলাল মিয়া শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষের ফলে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী জানিয়েছেন, তার ভাই প্রায় ১৪ বছর ধরে প্রবাসে ছিলেন। ২০ দিন আগে তিনি দেশে ফিরেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার বিকেলে শেরপুরে এসেছিলেন জুয়েল। বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুল হাসান আজাদ জানিয়েছেন, পৌরসভার হিসাবরক্ষক ও হিসাব সহকারীকে নিয়ে তিনি বিকেলে শেরপুর শহরে এসেছিলেন। পরদিন বদলিজনিত কারণে বিদায় নিতে যাওয়া তিন কর্মকর্তার জন্য উপহার কিনতে তারা শেরপুরে এসেছিলেন। কাজ শেষে তিনি শেরপুর শহরের বাসায় ফিরে যান। পরে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত ফেরদৌসুর রহমানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ এম


আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

রাজধানীর আদাবরে আব্দুল আহাদ মুন্না নামে স্থানীয় যুবদলের এক সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা (২৭ অক্টোবর) সোয়া ৬টার দিকে আদাবর-১৩ নম্বর সড়কের শেষ মাথায় ইয়ার উদ্দিন খলিফা ফ্যাশনের সামনে এ ঘটনা ঘটে।

আহত মুন্না আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, পূর্ববিরোধের জের ধরে রিপন ওরফে বাচ্চা রিপন এবং তার সহযোগীরা মুন্নার ওপর হামলা চালান। তারা চাপাতি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন মুন্নাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলাকায় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে টাকা উত্তোলন এবং ১৩ নম্বর সড়কের একটি খালি কক্ষ যুবদলের কার্যালয় হিসেবে ব্যবহার করা নিয়ে যুবদলের এই দুই সদস্যের মধ্যে বিরোধ চলছিল। হামলায় অভিযুক্ত রিপন এবং আহত মুন্না দুজনই আদাবর থানা যুবদলের সদস্য। তারা দুজনই যুবদল নেতা সজীব আহম্মেদ রানার অনুসারী হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সজীব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আমজনতার তারেক

তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ এম


তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান মন্তব্য করেছেন যে, জামায়াত ও এনসিপি তার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না। তিনি বলেন, "জামায়াত-এনসিপি আমাকে হেয় করতে করতে এমন মানসিক অবস্থায় চলে গেছে যে, আমার একটু রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও সহ্য করতে পারছে না। তারা হাঁফাচ্ছে জিহ্বাটা বের করে।"

মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন। তারেক রহমান তার পোস্টে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন, তারেক তুমি আবার যাবা আমার সঙ্গে। ওরা জ্বলতে থাকুক।’

তিনি আরও উল্লেখ করেন, ‘২০১৮ বা ২০২৪ এর সহযোদ্ধারা যারা রাজনীতিতে সময় দিচ্ছেন, বেশিরভাগকেই শুভাকাঙ্ক্ষীদের নিকট হতে চেয়ে চিনতে চলতে হয়। আমিও এ ধরনের সহযোগিতা নিয়ে চলেছি কিছু দিন। কি করবো, তখন না পারছিলাম কর্মে ফিরতে না পারছিলাম আন্দোলন ছেড়ে দিতে। প্রবাসী ভাইদের দেওয়া অর্থে আমি খেয়েছি, গাড়ি ভাড়া দিয়েছি, বাসা ভাড়াও দিয়েছি।’

তারেক রহমান জানান, তিনি এই চক্র থেকে বের হয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতে চেয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু আমি এই চক্র থেকে বের হয়ে কিছু কাজ করে খেতে চেয়েছি। বাবা-মায়ের রাজনীতিতে অনাগ্রহের কারণে আমাকে অনেক ক্ষুধা-দারিদ্রের সম্মুখীন হতে হয়েছে। বাধ্য হয়েই ফল ব্যবসা করেছি, মধু ব্যবসা করেছি। আমি জান-প্রাণ দিয়ে চেষ্টা করেছি কিছু একটা কর্ম থেকে আমার খাবার, বাসা ভাড়া যোগাড় করতে। এটা যদি অযোগ্যতার কারণ হয়, তাহলে আর কি করার আছে।’

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমার অতটা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি। কিন্তু যখন সুযোগ পেয়েছি আল্লাহর হাতে জান সঁপে দিয়ে ইফোর্ট দিয়েছি মুক্তির লড়াইয়ে।’ তিনি দাবি করেন, ২০১৮ সালের ধারালো ফলার মতো লিফলেট, মোদীবিরোধী আন্দোলনের লিফলেট এবং ভারতীয় পণ্য বর্জনের জনপ্রিয় লিফলেট তার হাতেই তৈরি হয়েছে।

তারেক রহমান উল্লেখ করেন, ২০১৮ সালের ১৪ মার্চ রমনা থানায় প্রথম আটক হন। একই বছরের ১৪ জুলাই ডিজিএফআইয়ের মাধ্যমে দ্বিতীয়বার গুম হন। ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি তাকে তৃতীয়বার আটক করে। এরপর ২২ জুলাই ডিজিএফআইয়ের হাতে চতুর্থবার আটক হন। ২০২৪ সালের ৩ আগস্ট ১০ দিনের রিমান্ডেও ছিলেন বলে জানান। তিনি বলেন, এগুলোই তার কিছুটা মনে আছে এবং এর চেয়ে বেশি কিছু করার সুযোগ পাননি বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন।

জামায়াত-এনসিপির সঙ্গে নিজের বিরোধকে রাজনৈতিক বিরোধ হিসেবে দেখতে নারাজ তারেক রহমান। তিনি বলেন, ‘যারা আমাকে সহ্য করতে পারছেন না, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ নেই। এই বিরোধ সার্বভৌমত্বের বিরোধ।’

তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, এমন বক্তব্য দেওয়া হয়েছিল। এর বিপরীতে তিনি মুক্তিযুদ্ধকে সবচেয়ে বড় সার্বভৌমত্বের লড়াই বলে মন্তব্য করেন।

তারেক রহমান আরও অভিযোগ করেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি যে কোনো মূল্যে ক্ষমতা চায়, সব বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা শেষে এরা গেছে ভারতের কাছে। তিনি বলেন, ২৮ আগস্ট ২০২৪ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ভারতের সহযোগিতা কামনা করে প্রেস ব্রিফিং করে। ভারত সাড়াও দিয়েছে এদের। এর পর ভারতীয় মিডিয়ায় ফাঁস হলো, জামায়াত আমির গোপনে ভারতের র এর সঙ্গে মিটিং করছে। ধরা খেয়ে মুখ পুরে শিকার করলো জামায়াত আমির। এবার ভারতের র এর নতুন করে বসছে গোলাম পরওয়ার। ধরা খেয়ে আমতা আমতা করছে। ৮ মাস হয়নি সরকারের, শকুনের দল অস্থির হয়ে গেছে ক্ষমতার জন্য।

তিনি বলেন, বিএনপির মাঝে কারও পদায়নে যদি জামায়াত খুশি হয়, আল্লাহর অস্তে তার বিষয়ে যেন খোঁজ-খবর নেয় বার বার।

নিজের বিরুদ্ধে হয়রানির ঘটনায় বিচলিত নন জানিয়ে তিনি জুলাইয়ের মামলায় কারাগারে থাকা কোনো বীর মুক্তিযোদ্ধাকে মুক্তিযুদ্ধের সম্মানে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। তার মতে, জামিনে থাকার সময় কেউ দোষী প্রমাণিত হলে তাকে আবার গ্রেফতার করা যাবে।

তারেক রহমান বলেন, ‘আর আমি এদের হয়রানিতে একদম বিচলিত না। আজ একটা দাবি জানাই, জুলাইয়ের মামলায় কোনো বীর মুক্তিযোদ্ধা যদি জেলে থাকে। মুক্তিযুদ্ধের সম্মানে তাকে যেন জামিন দেন আদালত। পরবর্তীতে জামিনে থাকাকালে দোষী প্রমাণিত হলে তাকে আবার গ্রেফতার করবে।’

তিনি বলেন, ‘এটাই জুলাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের দূরত্ব কমানোর একমাত্র উপায়।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, সবশেষে বাংলাদেশপন্থি দল, যাদের বিদেশে কোনো শাখা নেই, জাতীয়তাবাদী দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানাই আমার পাশে থাকার জন্য। আর ভালোবাসা জানাই আমার প্রধানমন্ত্রীকে আমাকে তার সঙ্গে রাখার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ এম


কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে, স্বাগতিকদের ৩২৯ রানে গুটিয়ে দেওয়ার মাধ্যমে। মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার শেষ ৪ উইকেট মাত্র ছয় বলের ব্যবধানে তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিং অর্ডারে ধস নামান তিনি।

অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংবান্ধব উইকেটে স্বাগতিকদের শুরুটা ছিল চমৎকার। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্কেস অ্যাকারম্যান এবং এইডেন মার্করামের উদ্বোধনী জুটি শক্ত ভিত গড়ে তোলে। তারা মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ৭৫ বলেই ৮২ রান করে ফেলেছিলেন অ্যাকারম্যান।

বিরতির পর দলীয় ১৫৮ রানের মাথায় আক্রমণাত্মক খেলার চেষ্টা করে অফ-স্পিনার নাথান লায়নের বলে স্টাম্পিংয়ের শিকার হন অ্যাকারম্যান। ৯৪ বলে ১২টি চার ও ২ ছক্কায় ৯৫ রান করে তার বিদায়ে ভাঙে জুটি। এরপরেই স্বাগতিক শিবিরে হঠাৎ ছন্দপতন ঘটে। অস্ট্রেলিয়া বোলাররা চড়াও হলে মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।

জশ হ্যাজলউডের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দেওয়ার আগে মার্করাম করেন ৭৮ রান। এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে (০) দুর্দান্ত এক বলে বোল্ড করেন লায়ন। এরপরই শুরু হয় স্টার্ক-শো! পরপর দুই ওভারে ডেভিড বেডিংহাম (৫০) ও উইয়ান মুল্ডারকে (০) ফিরিয়ে দেন তিনি।

সপ্তম উইকেটে ৯৫ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রায়ান রিকেলটন ও মার্কো ইয়ানসেন। তবে দিনের খেলার শেষের দিকে নতুন বল হাতে পেয়ে ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। নতুন বলের চতুর্থ ডেলিভারিতে রিকেলটনকে (৪২) এলবিডব্লুর ফাঁদে ফেলেন, আর ঠিক দুই বল পর ইয়ানসেনকেও (৫২) করেন বোল্ড।

নিজের পরের ওভারের প্রথম বলে জেরাল্ড কোয়েটজিকে আউট করার পর তৃতীয় বলে কাগিসো রাবাদাকে এলবিডব্লু করে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনে দেন এই বাঁহাতি পেসার। ৭২ রানে ৬ উইকেট পেয়েছেন স্টার্ক।

গেবেখায় সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হারানোর পর এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। ঘাড়ের চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে যান স্টিভ স্মিথ। বাদ পড়েন নিক ম্যাডিনসন, বো ওয়েবস্টার ও স্কট বোল্যান্ড। তাদের পরিবর্তে সুযোগ পান ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অলরাউন্ডার কুপার কনোলি ও স্পিনার নাথান লায়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%