শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:৩৭ পি.এম
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার থানার মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস বিপরীত দিক থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
জাহেদুল ইসলাম আরও বলেন, হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২০ অক্টোবর বড়াইগ্রামে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে ১২ জন নিহত হন। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। ওই দিন ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর, ২৩ অক্টোবর, ২০২৬ : জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড়ে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষের ফলে একজন হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫ টায় সংঘটিত এই দুর্ঘটনাটি ঘটে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, ঢাকাগামী দেশ ট্রাভেলস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা তাবাসসুম পরিবহনের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাবাসসুম পরিবহনের হেলপার মিঠুন (৪০) নিহত হন। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার বাসিন্দা ছিলেন।
নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক আখতার হামিদ খান বাসস’কে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাক্বিতণ্ডার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব থানায় প্রবেশ করে ‘মব’ সৃষ্টির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেন। বিএনপির সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে সামান্য অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত।
এ ছাড়া রুমিন ফারহানাসহ কয়েকজন সংসদ সদস্য বর্তমান সরকারের দেওয়া বাক্স্বাধীনতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি। তাঁর দাবি, পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে।
ঘটনার সূত্রপাত
উল্লেখ্য, নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে সরাইল থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তাঁর বাক্বিতণ্ডা হয় বলে জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও অনলাইনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ওসির উদ্যোগে কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার জুমার নামাজের পর দাগনভূঞা থানা জামে মসজিদে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে মন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর মসজিদে উপস্থিত শতাধিক মুসল্লির মধ্যে তাবারক বিতরণ করা হয়।
এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান মন্তব্য করেন, ‘পরিবেশমন্ত্রী অসুস্থ। তিনি যেন মহান আল্লাহর অশেষ রহমতে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা লাভ করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন, সে জন্যই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে আমরা সবাই তার আশু আরোগ্যের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছি।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নির্বাচন ও ভোট সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম বা বাড়াবাড়ির ক্ষেত্রে পুরো নির্বাচন কমিশনকে দিন-রাত ঘেরাও করে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, দেশে আর কোনো চোরকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার, রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই কঠোর বার্তা দেন।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কড়া বার্তা প্রদান করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’
তিনি জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই বলে উল্লেখ করেন এবং বলেন, ‘এই দেশ এবং দেশের মানুষ আমাদের কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। এ দেশের জনগণই নির্ধারণ করবে কারা দেশ চালাবে, কারা সমাজ পরিচালনা করবে।’
রুকনদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের আস্থা বর্তমানে জামায়াতের প্রতি বাড়ছে। তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বুঝে নেওয়ার ব্যবস্থা করার তাগিদ দেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নির্দেশ দিয়ে বলেন, মেয়র কিংবা কাউন্সিলর—কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা যাবে না; সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও যোগ করেন, সমাজে অবিচার বা অনিয়ম ঘটলে জামায়াত ঘরে বসে তামাশা দেখবে না। নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ