০৫:১০ পি.এম
লক্ষ্মীপুরের মেঘনা নদী এবং মাছঘাটে পৃথক অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুই জনকে সাত দিনের কারাদণ্ড এবং তিন জেলেকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কার্যকর করা হয়।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন এবং কমলনগর উপজেলা মৎস্য অফিস এই তথ্য প্রকাশ করে। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের মো নুরনবীর ছেলে মাকসুদ (৩৪) এবং চর কালকিনি ইউনিয়নের মো. নাসিরের ছেলে আরিফ (১৯)।
অভিযানের সময় জব্দকৃত ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা জানান, সোমবার ভোররাতে উপজেলা মৎস্য অফিস ও হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে মতিরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইশ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এই সময় সিএনজি অটোরিকশা যোগে ইলিশ পরিবহনকারী দুই ব্যক্তিকে আটক করা হয়। মা ইলিশ রক্ষার অভিযান চলাকালীন ইলিশ পরিবহনের নিষেধাজ্ঞা অমান্য করায় আটককৃত মো. মাকসুদ ও আরিফকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ডের রায় প্রদান করেন। এ সময় সিএনজি চালককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, সোমবার সকালে মেঘনা নদীতে কোস্টগার্ডের সহযোগিতায় আরেকটি অভিযানে তিনটি মাছ ধরার নৌকা এবং প্রায় ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাগুলো জব্দ রাখা হয়েছে।
অন্যদিকে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, রোববার রাতে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই সময় মৎস্য সংরক্ষণ আইনে তিনজন জেলেকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২ ক্যারেট জাটকা ইলিশ জব্দ করে ৩ টি মাদরাসা ও এতিমখানা এবং জেলা শিশু পরিবারে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ড সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আরও পড়ুন: বিরোধী দল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন