জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
০৯:১৮ পি.এম
বালিয়াকান্দি উপজেলার মানুষদের আস্থা অর্জণ ও মানবিকতা, দায়িত্বশীলতা, জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান পদোন্নতি লাভ করেছেন। এখন তিনি মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ৬ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে তাঁর পরিচিতি নম্বর ১৭৯৫০ উল্লেখ করা হয়েছে। আদেশ অনুসারে, ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের সঙ্গে তিনি আইন অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন। চৌধুরী মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে তিনি সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি কর্মসূচি বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয়ের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা খেয়াল করেন। তাঁর মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন। বালিয়াকান্দি এলাকার অসহায়, অসুস্থ ও নিঃসন্তান মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদের সাথে সমন্বয় করে অসহায় পরিবারগুলোর জন্য দোকানঘরসহ প্রয়োজনীয় সহায়তার উদ্যোগও নিয়েছেন। এর আগে সরকারি কর্মসূচিতে যাওয়ার সময় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা একজন নারীকে দেখে গাড়ি থামিয়ে তাঁর খোঁজ নেন ইউএনও। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওই নারীর চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। চৌধুরী মুস্তাফিজুর রহমানের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়। এছাড়া, খাল খনন প্রকল্পের আওতায় তিনি দু’টি খাল খনন শেষে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এ ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে তাঁকে কথা শোনেন। নতুন দায়িত্ব সম্পর্কে চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে আমি সবসময় সাধারণ মানুষের সেবা ও সরকারি দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা ছিল। নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।” স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে চৌধুরী মুস্তাফিজুর রহমান বালিয়াকান্দিতে একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে আস্থা অর্জন করেছেন। তাঁর পদায়নে নতুন দায়িত্বে যাওয়ার আনন্দের সঙ্গে একজন মানবিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপও রয়েছে স্থানীয়দের মধ্যে। মাদারীপুরে নতুন দায়িত্বে চৌধুরী মুস্তাফিজুর রহমান সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তাঁরা তাঁর নতুন দায়িত্বের সফলতা এবং তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক ডেকেছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ হবে। বৈঠকের পরে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দলীয় সূত্র থেকে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, সে বিষয়ে আলোচনা চলছে দলের নীতিনির্ধারণী স্তরে। বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। বুধবার, ১২ আগস্ট ২০২৬ তারিখে দুপুরে তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্ধারিত স্থান পরিদর্শনের কাজ সম্পন্ন করেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রমের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পরিবেশ অফিসের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম, নমুনা সংগ্রহকারী মাহিন মন্ডল এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার, মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের। তিনি বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ শক্তি। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান। এ সময় উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা শেষে দেশ, জাতি ও যুবসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মালদ্বীপে বাংলাদেশিদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান হুমায়ুন কবির।
সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক কল্যাণমূলক সম্পৃক্ততা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়।
মানবসম্পদ খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে, হুমায়ুন কবির মালদ্বীপকে বাংলাদেশি নাগরিকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার অনুরোধ জানান।
দুই পক্ষই বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ