০৭:১৯ এম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রবাসীদের দেশে ফিরে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি নামে একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিল্প ও সংস্কৃতিকে অর্থনৈতিক মূল্যে রূপান্তরের উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন: ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা রক্ষার আহ্বান
তিনি আরও বলেন, দেশের শিল্পীরা যখন ছবি আঁকেন, তখন অনেক ক্ষেত্রেই তাদের ন্যায্য মূল্য প্রদান করা হয় না। এর ফলে শিল্প-সংস্কৃতি দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত অবদান রাখতে পারে না। একজন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারক হিসেবে তিনি শিল্পকলা, ভাস্কর্য, কারুশিল্প, থিয়েটার, সংগীত, সাহিত্য ও চলচ্চিত্রকে কীভাবে অর্থনৈতিকভাবে লাভজনক ও টেকসই করা যায়, সে বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন, মানসম্মত প্রকাশনার পাশাপাশি শিল্পসমালোচক তৈরির এবং দেশে শিল্পকর্মের নিলাম চালুর ওপর গুরুত্ব দেন। ঢাকায় একটি মানসম্মত থিয়েটার চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে যুক্তরাষ্ট্রসহ সফল দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং বাংলাদেশে মার্কিন দূতাবাসের জনসংযোগ পরিচালক স্কট হার্টম্যান।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন