ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ট্রাম্প: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে


ট্রাম্প: ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বুলহেড সিটিতে এক জনসভায় এই বক্তব্য দেন। যদিও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংঘাতের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ট্রাম্প বক্তব্য দেওয়ার সময় বলেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে। তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যে তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হারিয়েছে।

ট্রাম্প ইরানের নেতৃত্বের ক্ষয়ক্ষতি তুলে ধরে জানান, দেশটির প্রথম সারির নেতাদের নিহত হওয়ার পর দ্বিতীয় সারির নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে তাদের অনেককেও হত্যা করা হয়। এরপর তৃতীয় সারির নেতৃত্ব সামনে আসে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

তিনি বলেন, ‘তাদের প্রথম সারির নেতারা চলে গেছেন। এরপর তারা দ্বিতীয় সারির নেতাদের বেছে নেয়। তারাও চলে গেছেন। এরপর তৃতীয় সারির নেতাদের বেছে নেয়। তাদের অর্ধেকও শেষ হয়ে গেছে। তারা আমাকে আর কাউকে হত্যা না করার প্রতিশ্রুতি দিতে বলেছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছি।’

ট্রাম্প যুদ্ধের কারণে ইরানের সঙ্গে আলোচনা জটিল হয়ে পড়ার বিষয়েও ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘সম্ভবত আমি একটু বেশিই দূর এগিয়ে গেছি। এ জন্য আমি দুঃখিত। কারণ, এখন আমরা আসলে কার সঙ্গে আলোচনা করছি, তা-ই জানি না।’

এদিকে, যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি আশা প্রকাশ করেন যে, সংঘাত শেষ হলে তেলের দাম ও পেট্রল-গ্যাসের মূল্য দ্রুত কমে আসবে।

ট্রাম্প বলেন, ‘আমি জানতাম, পেট্রোলের দাম বাড়বে। তবে সত্যি বলতে, আমি ভেবেছিলাম দাম আরও অনেক বেশি বাড়বে।’

আরও পড়ুন: জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড ৪২ লাখ ৮১ হাজার ২৬

তিনি যুদ্ধ শেষ হওয়ার পরপরই জ্বালানির দাম কমতে শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ের পাশাপাশি মানবিক কাজের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে তিনি একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি একযোগে ৪০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর ওই পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খরচের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

রাশমিকা ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন, আসন্ন ছবি ‘রানা বালি’-তে তার অভিনীত চরিত্র ‘জায়াম্মা’-র সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বা ইচ্ছা তাদের দুজনের মধ্যেই একরকম।

অভিনেত্রী জানিয়েছেন, এই সহায়তার মাধ্যমে ওই পরিবারগুলোকে প্রতি তিন মাস পর পর খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এর ফলে ওই পরিবারগুলো নিত্যপণ্যের খরচের টাকা সঞ্চয় করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে পারবে।

ভক্তদের উদ্দেশে তিনি ছোট ছোট ভালো কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘ছোট একটি সদয় কাজও মানুষের জীবন বদলে দিতে পারে, আর এর জন্য সেটি বিশাল কিছু হতে হবে না। চলুন, আমরা সবাই ছোট কিছু দিয়েই শুরু করি!’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বাস করুন, এই মানুষগুলোর মুখের হাসিই আমার গত কয়েক বছরের কর্মজীবনের প্রতিটি ঘুমহীন রাত, আঘাত, সংগ্রাম, কষ্ট এবং চোখের পানির মূল্য ফিরিয়ে দেয়। এটি একেবারেই অমূল্য।’

এই উদ্যোগের অংশ হিসেবে তিনি কোন কোন খাদ্যসামগ্রী দান করবেন, তার একটি তালিকাও প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণের দাম কমলো, নতুন দাম আজকের ১৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


স্বর্ণের দাম কমলো, নতুন দাম আজকের ১৫ অক্টোবর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমে গেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে, ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও এই সমন্বিত দামে স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুসারে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। একইভাবে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, দেশের বাজারে রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির সময় ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালনের তিরোধান দিবসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৫ এম


লালনের তিরোধান দিবসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বর এবং এর আশপাশের এলাকায় বিশেষ মাদকবিরোধী যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই স্মরণোৎসবকে সম্পূর্ণ মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল ১৪ অক্টোবর এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান এবং জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কঠোর নির্দেশনা প্রদান করেছেন যাতে মেলা প্রাঙ্গণে গাঁজাসহ যেকোনো ধরনের মাদকদ্রব্যের সেবন এবং ক্রয়-বিক্রয় ঠেকানো যায়। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, আনসার, ট্যুরিস্ট পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা একত্রে অংশগ্রহণ করেন।

গতকাল মেলা চত্বরে পরিচালিত যৌথ অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাজার ও মেলা প্রাঙ্গণে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ এবং ব্যাগপত্র তল্লাশি করেন। একইসাথে দর্শনার্থী, সাধু-ভক্ত ও সাধারণ লোকজনকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, লালনের এই আধ্যাত্মিক মিলনমেলায় কোনোভাবেই মাদকের অনুপ্রবেশ সহ্য করা হবে না। পূণ্যভূমি ছেঁউড়িয়াকে শতভাগ মাদকমুক্ত রাখতে এবং দর্শনার্থীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেলার সার্বিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের যৌথ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফার ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ফিফার ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগামী চার বছরের জন্য ৬৩৫ কোটি ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনা করছে।

এ বিষয়ে ফিফার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে তথ্য প্রদান করেছে।

বৃহস্পতিবার জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় এই পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সভায় ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির নির্বাহী পরিষদের অন্য ৩৬ সদস্য উপস্থিত থাকবেন।

২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই উন্নয়ন তহবিলের অর্থায়নে ২০২৬ বিশ্বকাপ থেকে প্রাপ্ত বিপুল বাণিজ্যিক আয়ের একটি অংশ ব্যবহার করা হবে। এই তহবিলের মাধ্যমে ফিফার ২১১টি সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ প্রদান করা সম্ভব হবে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) প্রথম এই পরিকল্পনার খবর প্রকাশ করেছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার প্রতিটি সদস্য ফেডারেশন ২ কোটি ৫০ লাখ ডলার করে পাবে।

এই অর্থের পরিমাণ ফিফা সভাপতি ইনফান্তিনোর দুই প্রধান সমালোচক ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রধান আলেকসান্দার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের প্রধান ভিক্টর মন্টাগলিয়ানির প্রস্তাবিত ১ কোটি ডলারের চেয়ে অনেক বেশি।

বিশ্ব ফুটবলের প্রশাসনিক কাঠামো নিয়ে চলমান সংকটের মধ্যে বৃহস্পতিবারের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৮ এপ্রিলের পর এটিই ফিফা কাউন্সিলের প্রথম সভা।

চলতি গ্রীষ্মে ফিফার মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাগুলো, বিশেষ করে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন ইনফান্তিনো। এর পর থেকেই বিশ্ব ফুটবলে প্রশাসনিক সংকট আরও গভীর হয়।

তবে ফুটবলবিশ্বের ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এ ক্ষেত্রে উয়েফা, কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) নেতৃত্ব দিয়ে বিরোধিতা করে।

সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংস্কারের লক্ষ্যে সদস্য ফেডারেশনগুলোর সঙ্গে পরামর্শ প্রক্রিয়া শুরু করেন ইনফান্তিনো। তিনি জানান, বৃহস্পতিবারের কাউন্সিল সভাতেই সংস্কারের প্রাথমিক প্রস্তাবগুলো পর্যালোচনা করা হতে পারে।

৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে রয়েছেন। ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

তবে এখন পর্যন্ত তার বিরোধীরা ঐকমত্যের ভিত্তিতে কোনো প্রার্থী বেছে নিতে পারেননি।

সেফেরিন উয়েফার সভাপতি পদে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্টাগলিয়ানিও কনকাকাফের প্রধান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারেন।

সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%