ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাইবান্ধায় ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি


গাইবান্ধায় ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর ১৩ ধারা মোতাবেক নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা এবং শূন্য পদে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে 'বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ'।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা পেশাগত সংকটের চিত্র তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ প্রদান।
এছাড়াও বর্তমান সামাজিক বাস্তবতা বিবেচনায় বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা (এফিডেভিট) বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার (চাহিদাপত্র) প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার তাদের ন্যায্য ও যৌক্তিক এই ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও এসএসসিতে বোর্ড বৃত্তিপ্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ, শিক্ষক তসলিমুর রহমান অনেকে।  

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণিতে ১০ এবং এসএসসিতে বোর্ডকর্তৃক বৃত্তিপ্রাপ্ত পাঁচজনকে সম্মাননা প্রদান ছাড়াও বিআরডিবির পক্ষ থেকে কিশোরী সংঘের কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির,

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর

       শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি; নিরাপদ যাতায়াতে নির্ধারিত৫টি নৌপথ, পরিচয়পত্রসহ করতে হবে আবেদন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নিতে পারবেন শুধু সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এ উৎসবে প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমবেত হন। তবে এবারের রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন।

তিনি জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।

সুন্দরবনে প্রবেশে বন বিভাগের কঠোর নির্দেশনা

সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাস উৎসবে যাওয়ার জন্য শুধু সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পাবেন। পুণ্যার্থীদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে এবং বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।

উৎসবে অংশ নিতে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের কপিসহ অনুমতির জন্য আবেদন করতে হবে। অনুমোদিত নৌযানগুলো শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের নির্ধারিত চেকপোস্ট ছাড়া সুন্দরবনের অন্য কোনো স্থানে লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।

নিরাপত্তা ও বনজ সম্পদ রক্ষায় নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।

বন বিভাগের নির্দেশনা মেনে নির্ধারিত নৌপথে চলাচল, দিনের আলোতে যাতায়াত এবং চেকপোস্টের নিয়ম অনুসরণের মাধ্যমে এবারের রাস উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করছেন আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অনুমোদিত পাঁচটি নৌপথের প্রথমটি হলো বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। দ্বিতীয় পথটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, এরপর শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন থেকে শিবসা ও মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ হয়ে দুবলার চর। পঞ্চম পথ বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে হবে। প্রত্যেকে পছন্দ অনুযায়ী একটি পথ ব্যবহার করতে পারবেন।

বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নির্ধারিত নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করা যাবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌযান থামানো যাবে না।

সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক তীর্থযাত্রীকে একটি টিকিট বা টোকেন দেওয়া হবে। বনে অবস্থানকালে তা সঙ্গে রাখতে হবে।

এ ছাড়া নৌযান ও পুণ্যস্নানস্থলে বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল বা করাতসহ অবৈধ কোনো সরঞ্জাম পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

সুন্দরবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ নেওয়া যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকা ও পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণও নিষিদ্ধ। বনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ বছরও রাসমেলা হবে না। শুধু পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই আলোরকোলে যেতে পারবেন।

দুবলার চরের আলোরকোল সংরক্ষিত বনাঞ্চল। ২০১৯ সালে ১০ থেকে ১২ নভেম্বর রাসমেলা হওয়ার কথা ছিল। তবে ওই বছরের ১০ নভেম্বর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানায় সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ করে দেয় বন বিভাগ। ফলে ওই বছর রাসমেলা অনুষ্ঠিত হয়নি। তবে মেলা উদ্‌যাপন কমিটির সদস্যরা সেখানে গিয়ে পূজা ও স্নান করেন।

বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে রাসমেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়াতেন। বন বিভাগের জনবল কম থাকায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সেখানে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।এস. এম. সাইফুল ইসলাম কবির

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র হল-২, এলাকায় তামার তার চুরির সময় নূর ইসলাম রাহুল (২১) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে টহল ডিউটি চলাকালে তাকে আটক করা হয়।

এ সময় রুয়েট বিশ্ববিদ্যালয় আনসার ক্যাম্পের পিসি মোঃ শাহিন আলমের (আইডি-৩৩৬৯৩) নেতৃত্বে আনসার সদস্য মোঃ নাহারুল ইসলাম ও মোঃ মোজাম্মেল চোরকে আটক করেন।

আটক নূর ইসলাম রাহুল (২১), সে কাটাখালি থানার টাংগন চৌমোহিনী বাজার এলাকার মোঃ মানিক সরদারের ছেলে।

আনসার ক্যাম্পের পিসি মোঃ শাহিন আলম জানান, আটক যুবকের কাছ থেকে তার কাটার কাজে ব্যবহৃত একটি হ্যাকসো ব্লেড উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পরে কর্তৃপক্ষের নির্দেশনায় আটক যুবকের অভিভাবকে ডেকে তাঁর জিম্মায় ছেড়ে হস্তান্তর হয় এবং সতর্ক করা হয়। পরবর্তী এরুপ কর্মকান্ডের সাথে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় একের পর এক চুরি, দুই পানি সরবরাহ পাম্পের মোটর উধাও, আতঙ্কে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ভাণ্ডারিয়ায় একের পর এক চুরি, দুই পানি সরবরাহ পাম্পের মোটর উধাও, আতঙ্কে বাসিন্দারা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একের পর এক চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ওজোপাডিকো কার্যালয় সংলগ্ন পানি বিশুদ্ধকরণ প্লান্টের একটি পানির পাম্প চুরি হয়। সোমবার দিবাগত রাতে চুরি হয় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পানি বিশুদ্ধকরণ প্লান্টের আরও একটি মোটর। এর মধ্যে একই রাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে ছয়টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল খোয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট ভবনের গ্রিল কেটে মোটরটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডে ওজোপাডিকো কার্যালয় সংলগ্ন পানির পাম্পটি গত ২ নভেম্বর রাতে চুরি হয়। পরপর দুটি পাম্পের মোটর চুরির ঘটনায় পৌর এলাকার সুপেয় পানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে কয়েক হাজার পরিবারের পানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, রোববার গভীর রাতে উপজেলার পশারীবুনিয়া গ্রামে চোরের দল পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে প্রবেশ করে চুরি করে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে পশারীবুনিয়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাকসুদ সরদার, সাবেক ইউপি সদস্য মাহাবুব হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাহাত খান, প্রবাসী পলাশ ও রাজমিস্ত্রি জাকির হোসেনের বাড়ি।

ভুক্তভোগী শিক্ষক মো. রাহাত খান জানান, গভীর রাতে তাঁর ঘরের শোকেসের তালা ভেঙে প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় চোরেরা।

একই সময়ে একাধিক বাড়িতে চুরি এবং পৌর এলাকার পানি সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে পাম্পের মোটর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, চুরির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান জানান, পৌর এলাকার সুপেয় পানি সরবরাহের পাম্প ও মোটর চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া চুরির ঘটনায় আগামী মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হবে। জনস্বার্থে পানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%