০৭:৪০ পি.এম
একসময় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং দেশটির জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য ছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক লিউ জুন। বর্তমানে তিনি চীনে ফিরে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের দেশে ফিরে আসার পাশাপাশি, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত চীনা বিজ্ঞানী ও গবেষকদেরও দেশে ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গণিত ও বিজ্ঞানের মেধাবীদের চীনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন।
একসময় উন্নত গবেষণার সুযোগ ও স্বাধীনতার আশায় চীনের মেধাবীরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতেন। তাদের গবেষণা মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বর্তমানে অনেকেই চীনে ফিরে আসছেন। তারা নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে বেইজিং।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিভক্ত ইউরোপ, ন্যাটো ভেঙে পড়ার শঙ্কা
সাম্প্রতিক বছরগুলোতে হার্ভার্ড, ইয়েলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় ছেড়ে চীনে ফিরছেন অনেক খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানী। তাদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের সাবেক গবেষক ইয়াও শুনিয়ু এবং এআই বিশেষজ্ঞ ইয়াং ঝিলিন। প্রিন্সটন ও হার্ভার্ডের গবেষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে চীনা বংশোদ্ভূত ৬৬৮ জন বিজ্ঞানী মার্কিন প্রতিষ্ঠান ছেড়েছেন।
গবেষকদের অনেকে ব্যক্তিগত কারণে দেশে ফিরলেও চীনের উন্নত সুযোগ-সুবিধা ও আর্থিক প্রণোদনাও তাদের আকৃষ্ট করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ ও অভিবাসন নীতির কারণে চীনা গবেষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের এক সমীক্ষায় দেখা গেছে, চীনা বংশোদ্ভূত বিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডিধারীদের ৮৩ শতাংশই পড়াশোনা শেষের পাঁচ বছর পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে চীনে গবেষণার সুযোগ ও অর্থায়ন বাড়ায় অনেকেই দেশে ফিরতে আগ্রহী হচ্ছেন। বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় চীনের পাঁচটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান ষষ্ঠ।
সেটন হল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট লুইসের মতে, যুক্তরাষ্ট্রে গবেষণার অর্থায়ন কমে যাওয়ার কারণে বিজ্ঞানীরা দেশটিতে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা কমতে পারে।
আরও পড়ুন: ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?
হার্ভার্ডের সাবেক গণিতবিদ লিউ ১৯৬৫ সালে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় তাদের গ্রামে পাঠানো হলে ছেলেকে কষ্ট থেকে দূরে রাখতে লিউকে চীনের আনহুই প্রদেশে দাদা-দাদির কাছে পাঠিয়ে দেন।
দেং জিয়াওপিংয়ের সংস্কারের ফলে লিউ পিকিং বিশ্ববিদ্যালয়ে গণিত পড়ার সুযোগ পান। ১৯৮৫ সালে স্নাতক শেষে সরকারি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে যান। পরে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডি করেন।
তিনি হার্ভার্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। মেশিন লার্নিং নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’ অর্জন করেন। যুক্তরাষ্ট্র-চীনের সুসম্পর্কের সময় লিউ চীনের গবেষকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ২০১৪ সালে সিংহুয়া বিশ্ববিদ্যালয় তাকে দেশে ফেরার প্রস্তাব দিলেও সন্তানদের কথা ভেবে তিনি যুক্তরাষ্ট্রে থেকে যান।
তবে ২০২৩ সালে বাবার মৃত্যুর পর মায়ের পাশে থাকতে চীনে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। সিংহুয়া বিশ্ববিদ্যালয় তাকে নতুন পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিভাগের প্রধান নিয়োগ দেয়।
আরও পড়ুন: রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানাল ইরান
লিউয়ের মতে, যুক্তরাষ্ট্রে চীনবিরোধী মনোভাব ও গবেষণায় নানা বিধিনিষেধের কারণে দুই দেশের বিজ্ঞানীদের যৌথ কাজ কঠিন হয়ে পড়েছে। এমনকি হার্ভার্ডের সহকর্মীদের সঙ্গে কয়েকটি গবেষণা প্রকল্পও বাতিল করতে হয়েছে।
চীনে ফিরে লিউ রাজনৈতিক চাপমুক্ত থেকে গবেষণা করছেন। বর্তমানে তিনি ক্যানসার গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রশিক্ষণে কাজ করছেন। তার মতে, মেধায় চীনা শিক্ষার্থীরা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সমকক্ষ হয়ে উঠছে। তবে দুই দেশের ক্রমবর্ধমান দূরত্ব নিয়ে উদ্বিগ্ন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন