০৪:২২ পি.এম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রশিবির, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কৃষ্ণসড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘আপা আপা করিস না’, ‘তোদের আপা আসবে না’, ‘লীগ ধর জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর’, ‘ধরা ধরা জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: চব্বিশের গণ-অভ্যুত্থানের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী
ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান মন্তব্য করেন, "ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই ভারত যদি বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা করতে চায় বাংলাদেশের জনগণ এটা কোনভাবেই মেনে নিবে না।" তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ জুলাই যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও যদি দরকার হয়, বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে যেকোন নৈরাজ্যকে রুখে দিবে।"
তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগকে সতর্ক করে বলেন, "আপনারা যেভাবে আগে চুপচাপভাবে ছিলেন, সেভাবেই থাকেন। যদি আপনারা নৈরাজ্য সৃষ্টি করতে চান তাহলে এর ফলাফল কোনভাবেই ভালো হবে না।" সারাদেশের ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনকে তিনি আহ্বান জানান, "আপনারা আসেন, আমরা একসঙ্গে মাঠে থাকি এবং আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগকে রুখে দিতে আমরা সবসময় ঐক্য থাকব।"
ইমরান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, "জুলাই সনদ মেনে নিন, গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, না হলে আপনারা এই ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।"
ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ জানান, "ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।" তিনি বলেন, "আমরা দেখেছি এই আওয়ামী লীগ ১৭ বছর ক্ষমতায় থেকে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম খুন হত্যার রাজনীতি শুরু করে দিয়েছিল।"
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
তিনি আরও বলেন, "সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি তৈরি করতে চায়। আমরা সেই জায়গায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আবারও জুলাইয়ের মত জীবন দিব। আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু হলেও সেই পতিত স্বৈরাচারকে আর আমরা ফিরে আসতে দেব না।"
রাকিব বলেন, "স্পষ্ট ভাষায় বলতে চাই, গণভোটের গণরায়কে বাস্তবায়ন করুন যে জনগণ ৭০ শতাংশ গণভোটের রায়ের পক্ষে রায় দিয়েছে, শেষ গণভোটকে মেনে নিন, জাতীয় জুলাই সনদকে মেনে নিন, তাহলে এই আওয়ামী রাজ্যকে আমরা রুখে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন