রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৮ এম
জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন শনিবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালীগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ চলবে। এই কারণে ওই সময়ে উপজেলার একটি অংশ বিদ্যুৎহীন থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে এমন এলাকাগুলো হলো পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় এবং মহতপুর এলাকা।
যদি নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
কালীগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করে স্থানীয় জনতা পুলিশে দিয়েছে। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
রকি হোসেন মৃত বজলুর রহমানের ছেলে এবং তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার রাতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল আয়োজন করে। রাতে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি চলছে- এমন খবর পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান।
স্থানীয়দের অভিযোগ, তাদের উপস্থিতি বুঝতে পেরে রকি হোসেনসহ তার আরও ১০-১২ জন সহযোগী আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়েন এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।
পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রকিকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি আহত হন।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রামদা ও একটি ককটেল জব্দ করার কথা জানিয়েছে।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, ‘এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলছিল। এর মধ্যে রাতে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, বিস্ফোরকসহ এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫ কোটি ৩০ লাখেরও বেশি ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি ডার্ক ওয়েবে বিক্রির অভিযোগ উঠেছে। এই বিপুলসংখ্যক সরকারি পরিচয়পত্রের তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সাইবার নিরাপত্তা সাংবাদিক ব্রায়ান ক্রেবসের অনুসন্ধানে ‘নেক্সাস’ নামে একটি ডার্ক ওয়েব প্ল্যাটফর্মে এসব ড্রাইভিং লাইসেন্স বিক্রির তথ্য প্রকাশিত হয়েছে। প্ল্যাটফর্মটির দাবি, তাদের কাছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপুলসংখ্যক ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথির তথ্য বিদ্যমান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েকটি ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই করে সেগুলোর সত্যতা পাওয়া গেছে। তবে এত বিপুলসংখ্যক তথ্য ঠিক কোথা থেকে সংগ্রহ করা হয়েছে কিংবা কোনো নির্দিষ্ট সাইবার হামলার মাধ্যমে এসব তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও তদন্তকারীরা এ ঘটনার সম্ভাব্য উৎস নিয়ে কাজ করছেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ড্রাইভিং লাইসেন্সে থাকা নাম, ছবি, জন্মতারিখ ও অন্যান্য ব্যক্তিগত তথ্য যদি অপরাধীদের হাতে চলে যায়, তাহলে পরিচয় চুরি, ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খোলা এবং আর্থিক প্রতারণার মতো অপরাধের ঝুঁকি সৃষ্টি হতে পারে। বিশেষভাবে, যদি ডিজিটাল কপি ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়ে, তাহলে তা দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপরাধে ব্যবহার হতে পারে।
এদিকে এফবিআইয়ের তদন্তের দিকে এখন নজর রয়েছে। তদন্তের মাধ্যমে তথ্যগুলো সত্যিই কোনো বড় ধরনের সাইবার হামলার মাধ্যমে ফাঁস হয়েছে কি না এবং কতজন মানুষের ব্যক্তিগত তথ্য এতে জড়িত, তা স্পষ্ট হবে।
অভিযোগটি সত্য প্রমাণিত হলে, এটি উত্তর আমেরিকার ইতিহাসে সরকারি পরিচয়পত্র ফাঁসের অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টটেনহ্যামে রিশার্লিসনের অধ্যায় শেষের পথে- এমন গুঞ্জনের মধ্যেই লন্ডনের ক্লাবটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ভাগের জন্য ঘোষিত স্কোয়াডে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জায়গা হয়নি। এর ফলে, ২৯ বছর বয়সী এই তারকা অন্তত জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের শীর্ষ লিগে টটেনহ্যাম হয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না।
গত সপ্তাহে টটেনহ্যামের কোচ রবের্তো দে জের্বি জানিয়েছিলেন যে, রিশার্লিসন ক্লাব ছাড়তে চান। তার সাবেক ক্লাব এভারটনে ফেরার সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছিল। তবে গত মঙ্গলবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় তাকে টটেনহ্যামেই থাকতে হচ্ছে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি মৌসুমের পরিকল্পনায় রিশার্লিসনকে রাখা হচ্ছে না- এ কথা ক্লাবের পক্ষ থেকে তাকে আগেই জানানো হয়েছিল।
২০২২ সালের গ্রীষ্মে এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেন রিশার্লিসন। এরপর গত দুই মৌসুমে দলটি কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও তিনি ছিলেন তাদের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। গত মৌসুমে অবনমন থেকে কোনোমতে বেঁচে যায় টটেনহ্যাম। শেষ দিনে জয় নিয়ে শীর্ষ লিগে টিকে থাকার নিশ্চয়তা পায় তারা। সেই বাজে সময়ের মধ্যেও রিশার্লিসন দলের হয়ে লিগে সর্বোচ্চ ১১ গোল করেন। ৩২ ম্যাচে তার গোলের সঙ্গে ছিল চারটি অ্যাসিস্ট।
টটেনহ্যামের সঙ্গে চুক্তির শেষ বছরে রয়েছেন এই ব্রাজিলিয়ান। ফলে, এখন তার সামনে ক্লাব ছাড়ার আরেকটি সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে তিনি তুরস্ক অথবা সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দিতে পারেন। কারণ ইউরোপের বেশিরভাগ লিগের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলেও তুরস্ক ও সৌদি আরবে তখনও খেলোয়াড় নিবন্ধনের সুযোগ খোলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক তৈরি ও পাচারের অভিযোগে মিসরের একটি আদালত দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মাদক তৈরির উপকরণ আমদানি করে মাদক উৎপাদন ও পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন করা হয়েছে।
এএফপি জানায়, কায়রোর আদালত সারাহ খলিফা ও অন্য ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা মাদক তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছেন এবং সেগুলো দিয়ে মাদক উৎপাদন ও পাচার করেছেন। এছাড়া, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। এই অনুষ্ঠানে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হতো। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সারাহ খলিফার বক্তব্য, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তিনি দাবি করেছেন, জীবনে এর আগে কখনো মাদক দেখেননি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে কৃত্রিম মাদক উৎপাদন ও তা পাচারের উদ্দেশ্যে রাখার অভিযোগ রয়েছে।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া, মাদক তৈরির জন্য ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্টকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।
মামলার বিচারকাজে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আসামিদের মধ্যে কথোপকথনের রেকর্ড ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
এছাড়া, সারাহ খলিফাসহ কয়েকজনকে এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সারাহ খলিফার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক ও অনুষ্ঠান আয়োজনের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ