মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫১ পি.এম
দীর্ঘ আলোচনার পর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষ উপস্থাপন করেছে। অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, দ্রুত আলোচনা করে আজই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। ওই সভায় মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব তুলে ধরেছিল। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
পরে মঙ্গলবার দুপুর ২টায় আবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় মঙ্গলবারের আলোচনায় নতুন মজুরি নিয়ে দর কষাকষি চলছে।
মজুরি বোর্ডের তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশগ্রহণ করেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহরে কেনা জমিতে দীর্ঘকাল ধরে বসবাসরত এক বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একাধিক সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে আদালতে মামলা করার পর ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে ১১ শতক জমি ক্রয় করেন। জমির নামজারি ও খাজনা পরিশোধ করে সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
জামেনা খাতুন অভিযোগ করেছেন, কেনা জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণের পর জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনেরা তার পরিবারকে জমিটি ছেড়ে দিতে চাপ দিতে শুরু করেন। বিভিন্ন সময়ে বাড়িতে এসে হুমকি-ধমকি দেওয়া হয়। এ বিষয়ে থানায় একাধিকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা মানেননি। পরে পুলিশের পরামর্শে তারা আদালতে দুটি মামলা দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও কয়েকজন।
জামেনা খাতুন বলেন, ‘আমার কেনা জমি, দলিলও আছে। কিন্তু এখন তারা জমি ছাড়তে বলছে। আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার সালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার অভিযোগ করেন, বিএনপি নেতা মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি অন্যদের নেতৃত্ব দিয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে হামলা করতে আসছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়া ও পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। এ সময় তার খালু মমিন আলী তাদের পাশে দাঁড়ানোয় তাকেও মারধর করা হয়।
মমিন আলী জানান, জামেনা খাতুনের পরিবারকে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। এ সময় মামলা তুলে নিতে বলা হয় এবং মামলা না তুললে গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় একটি পজিশন তৈরি হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনেরা জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।’
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মহির উদ্দিন। তিনি বলেন, ‘জামেনা খাতুন জমি কিনে সেখানে বসবাস করছেন, সবকিছু ঠিক আছে। তবে তার বাড়ির পাশে আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি রয়েছে। জামেনার বাড়ির মোটরের পানি ওই জমিতে পড়ে। এ বিষয়ে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হন। আমার ভাতিজাকে মারধরের চেষ্টা করেন জামেনার ছেলে সবুজ। এ ঘটনা শুনতে আমরা সেদিন ওই বাড়িতে গিয়েছিলাম। তবে কারও ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করেছি এবং তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তাদের নামে হয়েছে। সেখানে অনেক দিন ধরে তারা বসবাস করছেন। কিন্তু আমার আত্মীয়স্বজন তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তাদের নিষেধ করেও লাভ হয়নি। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় না এলে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগ পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি দেখা হয়। থানায় এ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের শুষ্ক আবহাওয়ার কারণে ত্বককে ভেতর থেকে কোমল এবং উজ্জ্বল রাখার জন্য বাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ এবং জাফরান দিয়ে তৈরি একটি পুষ্টিকর উষ্ণ পানীয়ের ব্যবহার করা যেতে পারে। শীতের হাওয়া শুরু হলে ত্বকে টান ধরতে দেখা যায়। আর্দ্রতা কমে যাওয়ার ফলে মুখের চামড়া রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে।
ত্বকের যত্নে শুধুমাত্র প্রসাধনী ব্যবহার করলেই হবে না, বরং শরীরের ভেতর থেকেও প্রয়োজন পুষ্টি ও পর্যাপ্ত পানি। তাই শীতকালে ত্বকের যত্নে এমন একটি বিশেষ পানীয় পান করা উচিত।
কাজুবাদাম, আখরোট, হালিম বীজ, এলাচ, জাফরান এবং দুধ দিয়ে সহজে এই পানীয়টি প্রস্তুত করা সম্ভব। তবে শুধুমাত্র এই পানীয় পান করলেই ত্বকের শুষ্কতা দূর হবে, এমনটি ভাবা ঠিক নয়। ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা অত্যন্ত জরুরি।
উপকরণ
প্রণালি
প্রথমে কাজুবাদাম, আখরোট এবং হালিম বীজকে ২-৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পানি ঝরিয়ে উপকরণগুলোকে ভালোভাবে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রে দুধ গরম করে তাতে এলাচ ও জাফরান মিশিয়ে নিতে হবে। এবার বাদাম ও বীজের মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে তুলে ফেলতে হবে। হালকা গরম অবস্থায় এটি পান করতে হবে। গরুর দুধ সহ্য না হলে আমন্ড বা ওটসের দুধ ব্যবহার করা যেতে পারে।
কাজুবাদাম এবং আখরোটে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও কোমলতা বজায় রাখতে সহায়তা করে। হালিম বীজে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান। অন্যদিকে, এলাচ ও কেশর পানীয়টির স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি করে। দুধ ও বাদামের এই মিশ্রণ শীতের দিনে শরীরকে আরাম দেওয়ার পাশাপাশি পুষ্টির জোগানও দিতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যদি রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার যুক্তিগুলো অনুসরণ করে, তাহলে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গাজা গণহত্যা মামলায় ইসরাইল সম্ভবত হেরে যাবে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক এলিয়াভ লিবলিখ এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
গত সপ্তাহে ৯-৬ ভোটে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই প্রথম রাষ্ট্রীয় গণহত্যার রায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় শক্তিশালী নজির হয়ে দাঁড়িয়েছে।
অধ্যাপক লিবলিখ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, "আদালতের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার আগে ইসরাইলের নিজেকেই দোষারোপ করা উচিত; কারণ নেতানিয়াহু সরকার নিজেই এই গর্ত খুঁড়েছে।" তাঁর মতে, মিয়ানমারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চেয়ে নেতানিয়াহু, বেন গভির ও স্মোট্রিচের বক্তব্যে গণহত্যার অভিপ্রায় প্রমাণ করা আরও সহজ।
মিয়ানমারের রায়ে আদালত জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে উচ্ছেদ করা এবং ফিরতে বাধা দেওয়া গুরুতর মানসিক ক্ষতির শামিল, যা গণহত্যার সংজ্ঞায় পড়ে। এছাড়া একটি গোষ্ঠীকে কার্যকরভাবে টিকে থাকতে না দেওয়ার লক্ষ্যও গণহত্যার অভিপ্রায় হিসেবে গণ্য হয়। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি এবং ইসরাইলি নেতাদের বক্তব্য বিবেচনায় সংখ্যাগরিষ্ঠ বিচারকদের দৃষ্টিভঙ্গিতে ইসরাইলের হারার সম্ভাবনাই বেশি বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের যে কোনো বক্তব্যের পরও শেখ হাসিনা আর ফিরবেন না। তিনি বলেন, “আওয়ামী লীগের পলাতক নেতারা যত যা-ই বলুক না কেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না। সীমান্ত দিয়েও ফিরবেন না, সমুদ্র পথেও ফিরবেন না, আকাশ পথেও ফিরবেন না।”
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন রাশেদ খান। এই আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি সংগঠন।
ভারত সরকারকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, “ভারতকে ও মোদি সরকারকে বলব- শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবেন না।” তিনি আরও বলেন, “তাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়া হোক। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার বৈধতা দেওয়া হোক।”
রাশেদ খান অভিযোগ করেন, “অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান। এনআইডি কার্ড চান, পাসপোর্ট চান।”
তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে এবং সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বিরোধী দলকে বলেন, “আপনারা কথা-বার্তায় সতর্ক থাকবেন।”
রাশেদ খান বলেন, “সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়ে কী লাভ? বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে। সুতরাং এ নিয়ে নতুনভাবে বিতর্কের কিছু নেই। আপনারা বিএনপিকে আঘাত করতে গিয়ে শর্ত দিতে গিয়ে ফ্যাসিবাদ কিন্তু বড় বড় কথা বলছে।”
গোপালগঞ্জে চুয়াত্তরের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, “সেখানে হাসিনাকে ফেরাতে নিজেরা নিজেরা এখন হানাহানিতে লিপ্ত। গোপালগঞ্জে স্কুল, পেট্রলপাম্প খুলছে না। অতএব গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকবেন? নাকি দুর্ভিক্ষ ডেকে আনবেন?”
তালাশ বিডি/মিডিয়া লিঃ