ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো


পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ২৭ বছরের কারাদণ্ড ভোগরত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো পেটের ব্যথার কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতের শিকার হওয়ার পর থেকে কট্টর ডানপন্থী এই নেতা দীর্ঘ সময় ধরে পেটের সমস্যায় ভুগছেন।

এ খবরটি ব্রাসিলিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

আরও পড়ুন: ইরানের পরমাণু নীতির পরিবর্তন চায় না চীন ও রাশিয়া

তার ছেলে ও নবনির্বাচিত সিনেটর কার্লোস বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “তীব্র পেটব্যথার কারণে আমার বাবা আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।”

ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৭১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ‘অ্যাবডোমিনাল ডিসটেনশন’ বা পেট ফুলে যাওয়া সমস্যায় ভুগছেন এবং তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

২০২২ সালের নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে গত বছর বলসোনারো দোষী সাব্যস্ত হন।

তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি বামপন্থী বিচারিক প্রতিহিংসার শিকার।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বারবার অসুস্থ হয়ে পড়ার কারণে গত মার্চ মাস থেকে তিনি ব্রাসিলিয়ায় গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করছেন।

কার্লোস বলসোনারো জানান, “তার স্বাস্থ্যের অবস্থা প্রতিদিনই অবনতি হচ্ছে।” বাবার চলাফেরার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রের পক্ষ থেকে কথিত ‘মানসিক নির্যাতন’কে এর জন্য দায়ী করেন তিনি।

বলসোনারো এবং অভ্যুত্থান ষড়যন্ত্রে দণ্ডিত অন্যদের সাজা কমানোর একটি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে আগামী ডিসেম্বরে ব্রাজিলের সুপ্রিম কোর্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

এদিকে, কার্লোসের বড় ভাই সিনেটর ফ্লাভিও বলসোনারো গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে লুলার কাছে পরাজিত হন।

আরও পড়ুন: কুয়েতে বাস করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন যেসব অভিবাসী

পরাজয়ের পরদিনই অর্থপাচারের একটি তদন্তের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের এক বিচারপতি তার পাসপোর্ট জব্দের নির্দেশ দেন।

এরপর ফ্লাভিও বলসোনারো যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে অবস্থান করেই তিনি নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশ মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে, আগামী ডিসেম্বর মাসে বিজয়ের মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা নিশ্চিত করা হয়েছে।

ঢাকা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক যোগাযোগকে বৃদ্ধি করছে। বিশেষভাবে, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, প্রবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি, আঞ্চলিক যোগাযোগের সম্প্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করছে বাংলাদেশ।

গত জুনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। তিনি দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরটি করেন।

অন্যদিকে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু উপস্থিত ছিলেন। এবারের সম্ভাব্য সফরের মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া এবং মালদ্বীপের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগকে আরো এগিয়ে নেওয়ার আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


অপকর্মের বিচার ছাড়া আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ নেই: হাসনাত কাইয়ূম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেছেন, ২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

তিনি শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে এই মন্তব্য করেন। সমাবেশটি জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে আয়োজিত হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

এ সময় হাসনাত কাইয়ূম আরও উল্লেখ করেন, "আপনারা নিজেদের অতীত থেকে শিক্ষাগ্রহণ করুন। যদি রাজনীতিতে ফিরতে চান তবে রাজনৈতিকভাবেই ফিরতে হবে, গুণ্ডামি করে রাজনীতিতে ফেরা যাবে না।"

এসকেডি/ আরটিভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


ধর্ষণের পর ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করালেন কোনাবাড়ী থানার ওসি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জানান, অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে তাকে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। সেই সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর তিনি এ বিষয়ে পুলিশের কাছে দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে।

ওই নারী জানিয়েছেন, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। তাই তিনি বর্তমানে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় যান। সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয় এবং এর ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তিনি দাবি করেন, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সোহেল এ কাজে সহযোগিতা করতেন এবং ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন এবং পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ পেলে সোহেল তাকে হুমকি দেন যে এর পরিণতি ভালো হবে না।

ওই নারীর অভিযোগ, ইফতেখারের বাবা ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।

তিনি আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন এবং পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।

জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর তিনি দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অভিযোগকারী দাবি করেন, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।

তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’

তিনি আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ২২ বছর বয়সী শাহরিয়ার নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার, ২১ নভেম্বর, দুপুর দুইটার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের ভেতর থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটককৃত শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে গিয়েছিলেন। এক পর্যায়ে পাথর সংগ্রহের সময় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যান্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু শাহরিয়ারকে আটক করে বিএসএফ নিয়ে যায়।

এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া জানিয়েছেন, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এই কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%