ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত


মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো অপরাধ, যানজট, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “মোল্লাহাট উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তবে শুধু প্রশাসনের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধ ও একটি নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ, মাদক, কিশোর অপরাধসহ সামাজিক সমস্যাগুলো রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাই।”

সভায় সর্বসম্মতিক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের সময় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়। কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় পরীক্ষার নীতিমালা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সারাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার প্রস্ফূট কুমার মন্ডলসহ অনেকে।

উক্ত সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা- ২০২৬ এর কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ পুলিশ সদরদপ্তরে ভার্চুয়াল মাধ্যমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া, এতে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। তিনি পুলিশ সদস্যদেরকে জানিয়েছেন, অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনটি মেট্রোপলিটন এবং রেঞ্জের কর্মকর্তাগণের সাথে অনুষ্ঠিত হয় এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভার চলতি বছর মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নরওয়ে ও আইভরি কোস্ট মাঠে নেমেছে। মঙ্গলবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে।

 

প্রথমবারের মতো আইভরি কোস্ট এই বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে। এদিকে, সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে, নরওয়ের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। কাগজ-কলমের দিক থেকে নরওয়েই ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের তুলনায় নরওয়ে এগিয়ে রয়েছে। লাইভ র‍্যাঙ্কিংয়ে নরওয়ে ২৩ নম্বরে অবস্থান করছে, অন্যদিকে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।

 

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে মন্তব্য করেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে সক্ষম।‘

 

যদিও আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেছেন ফায়ে, ‘ওরা খুবই গোছানো দল। ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। কিন্তু আমাদেরও শারীরিক শক্তি রয়েছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’

 

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেছেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে এবং যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’

 

এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা

চার বছর ধরে চলা যুদ্ধে রাশিয়াকে বাধ্য করতে ইউক্রেন ড্রোন হামলার আক্রমণ বাড়াচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের কর্তৃপক্ষ দাবি করেছে রাশিয়ার একটি বৃহৎ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। কিন্তু মস্কো এ হামলা সম্পর্কে এখনো নিশ্চিত করার তথ্য দেয়নি।

এই দুবনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারটি প্রায় ৫০০ কিলোমিটার দূরে মস্কোর উত্তরে অবস্থিত। এটি এক সপ্তাহের মধ্যে দুবার ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দুবনা সেন্টারটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সশস্ত্র বাহিনীর সমন্বয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, এক ড্রোন শহরের একটি 'প্রশাসনিক ভবনে' আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোরোবিওভ আরও জানান, মঙ্গলবার মস্কোর দক্ষিণ-পূর্বে ইয়েগোরিয়েভস্কে একটি ড্রোন একটি বাড়িতে বিধ্বস্ত হয়েছে এবং সেখানে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে পড়ে। এতে এক ছয় মাস বয়সী শিশু মারা যায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, সোমবার রাত থেকে ইউক্রেন একের পর এক ড্রোন মস্কোর দিকে ছুঁড়ছে। তবে রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী ৬০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মোট ৪১৯টি ধ্বংসের দাবি করেছে।

জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়াকে বাধ্য করতে গত সপ্তাহে ৪০ দিনের অভিযান ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে ইউক্রেন রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে। তারা ক্রমশ রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে আক্রমণ করছে। ড্রোন হামলার মূল লক্ষ্য রাশিয়ার তেল শোধনাগার, তবে মস্কো এবং সেন্ট পিটার্সবার্গেও বড় আকারের হামলা চলছে।

যুদ্ধ ধীরে ধীরে রাশিয়াদের দোরগোড়ায় চলে আসায় কিছু রাশিয়ানদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো অঞ্চলে এই হামলার জন্য কিয়েভের তীব্র নিন্দা করে মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, 'বেসামরিক মানুষ ভুগছে, শিশুরা মারা যাচ্ছে।'

এর আগে গত ২২ জুনও ইউক্রেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুবনা যোগাযোগ কেন্দ্রে হামলা চালিয়েছিল। মঙ্গলবারের হামলা সম্পর্কে মস্কোর কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেনি। তবে প্রথম হামলার সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রটি ব্যাপক ড্রোন হামলার মুখে পড়েছিল, কিন্তু যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচার ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোন কর্মীও আহত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%