রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:২৭ পি.এম
ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা চান।
বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র সাচিং প্রু স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে মন্ত্রী ড. আবদুল মঈন খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
সারাদশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে সাচিং প্রু বলেন, "পার্বত্য অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"
এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগের এই ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।
পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে মন্ত্রী সাচিং প্রু বলেন, "পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে এখনও অনেক রাস্তা কাঁচা ও মাটির তৈরি। ফলে বৃষ্টির দিনে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।"
তিনি আরও বলেন, "পাহাড়ি অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী। আশা করি, তাদের চলাচলের সুবিধার জন্য স্থানীয় সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের মানুষ সর্বদা প্রয়োজনীয় সহযোগিতা পাবে।"
পার্বত্য মন্ত্রীর এই উদ্যোগ ও প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ড. মঈন খান বলেন, "পাহাড়ি ও সমতল-উভয় অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা ছাত্রী হোস্টেলে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় কলেজের গণিত বিভাগের এক ছাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, শরীফা নামের ওই ছাত্রীকে আটক করা হয়। স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় দোলনচাঁপা ছাত্রী হোস্টেলে অভিযান ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক ছাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে ইয়াবাগুলো হোস্টেলের কোন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে, এগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—এসব বিষয়ে পুলিশ তদন্ত করছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে পরিস্থিতির উত্তাপ এখন তীব্র। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের মাঝে নতুন একটি ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে ছুটি কাটাতে গিয়েছিলেন।
কিন্তু তিনি হঠাৎ করে ছুটির সফর সংক্ষিপ্ত করে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। ট্রাম্পের দপ্তর থেকে কেন তিনি সফর ছোট করলেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
একই সময়ে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সাবধান থাকার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা সতর্ক করে বলেছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি এবং সৌদি আরবের মধ্যে চলমান এই সংঘর্ষ যেকোনো মুহূর্তে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
মধ্যপ্রাচ্যের প্রায় ১১টি মার্কিন দূতাবাস ইতোমধ্যে সতর্কতা জারি করেছে যে, পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে এবং ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক অসুবিধা সৃষ্টি হতে পারে।
শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। চারপাশ কালো ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। ইয়েমেনের হুথিরা এই হামলার দায় স্বীকার করে বলেছে, তারা সৌদি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে।
অন্যদিকে, ট্রাম্পের কাছে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর জন্য নিজেদের তিনটি প্রধান দাবি তুলে ধরেছে ইরান। ইরানের নিরাপত্তা বিভাগের প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, লড়াই বন্ধ করতে হলে প্রথমত সব জায়গায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
দ্বিতীয়ত, ইরানের যেসব অর্থ আমেরিকা আটকে রেখেছে, তা মুক্ত করতে হবে। আর তৃতীয়ত, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌবাহিনীর যে অবরোধ রয়েছে, তা পুরোপুরি তুলে নিতে হবে।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট .
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অভিযোগের মধ্যে থাকা শিক্ষার্থীরা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্র। এদের মধ্যে ৮ জন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।
রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ৯টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখ করা হয়, গত ১২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার সময় কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-২০০ নম্বর কক্ষে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে দুই ঘণ্টা ধরে অপমান, হেয় ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই ধরনের একটি ঘটনা ২ সেপ্টেম্বরেও ঘটেছিল বলে জানানো হয়েছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ঘটনায় অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, প্রশাসন র্যাগিং এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে, যিনি ওহিদুল ইসলাম নামে পরিচিত। এই ঘটনা ঘটে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদা গ্রামে।
নিহত কৃষক ওহিদুল ইসলাম ছিলেন মোস্তফা হোসেনের পুত্র।
পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যার সময় ওহিদুল ইসলাম তার ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। বাগানের সুরক্ষার জন্য দেওয়া নেটে পেঁচিয়ে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। কামড়ের বিষয়টি অনুভব করে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। ওঝার ঝাড়ফুঁকের এক পর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার সময় বিকেলে তার মৃত্যু ঘটে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান এ বিষয়ে মন্তব্য করেন, বর্ষার কারণে সাপের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ