১০:৪৯ পি.এম
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে যেকোনো গুরুতর পরিস্থিতির ক্ষেত্রে সরকার এবং সব রাজনৈতিক পক্ষ একত্রে বসবে বলে বিশ্বাস করেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সরকারের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন এবং নাশকতার হুমকি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। জনগণকে নিরাপত্তার আস্থা দেওয়া সরকারের দায়িত্ব।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন তাজনূভা জাবীন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি লেখেন, ‘হাসিনা যখন ইন্ডিয়া পালিয়ে যায়, তখন যেমন ওখানে বিজেপি-কংগ্রেস এক টেবিলে বসেছিল, ঠিক তেমনি এখানেও হাসিনার ফেরার বিষয়ে যেকোনো সিরিয়াস ইস্যুতে সরকারসহ সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে বসবে বলেই আমার বিশ্বাস।’
গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায় এসে কোনো রাজনৈতিক দল বা সাধারণ মানুষ গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনা ভুলে যাবে না বলে তিনি মনে করেন। তাজনূভা লেখেন, ‘গণঅভ্যুত্থানের মাত্র দুই বছরের মাথায় এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আসেনি যে কোনো দল এবং সাধারণ মানুষ গত ১৭ বছরের স্বৈরশাসনের সকল অপকর্ম, লুটপাট, খুন, গুম, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাইয়ের এত বড় অধ্যায় ভুলে যাবে। হাসিনা প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেই আমি মনে করি। হাসিনা যদি ফিরে, তাকে বিচারের মুখোমুখি হতে হবে, এটা সবার অফিসিয়াল বক্তব্য।’
আরও পড়ুন: জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আ. লীগ নেতাকে ছিনতাই
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যকে ফাঁকা বুলি উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই বুঝে তার সেই সৎ সাহস নেই দেশে ফেরার, এগুলো সবই ফাঁকা বুলি এখন পর্যন্ত।’ তবে তিনি এই ইস্যুকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাজনূভা লেখেন, ‘কিন্তু চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে সরকারের বিশেষ মনোযোগ প্রয়োজন। হাসিনা বিষয় হেসে উড়িয়ে দেওয়া বা স্ট্যান্ডবাজি বলা/বোঝা এক জিনিস আর সাধারণ জনগণকে নিরাপত্তার আস্থায় রাখা আরেক জিনিস। ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন, নাশকতার হুমকি—এসব সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে।’
সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সবাই সমানভাবে রাজনৈতিকভাবে সচেতন বা শিক্ষিত না। মনে রাখতে হবে, জুলাইয়ে আপামর জনসাধারণ, অরাজনৈতিক মানুষের বিস্তর অংশগ্রহণ ছিল। জনগণকে সেফ ফিল করানো সরকারের দায়িত্ব, বিশেষ করে যেখানে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক।
আরও পড়ুন: আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জেডিপির বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন