০৯:২৪ পি.এম
চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুরের অধ্যক্ষ মো. নূর খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও একাডেমিক লিঁয়াজো অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাবুরহাট শাখার অধ্যক্ষ মো. সেলিম মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তাজবীর বিন হান্নান ও মুশফিকা আলম ইরা।
প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ধারাবাহিক সাফল্য শুধুমাত্র প্রতিষ্ঠানটির নয়, বরং পুরো চাঁদপুরের গর্বের বিষয়। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে দক্ষ শিক্ষক, সুষ্ঠু ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ওপর। এসব বিষয়গুলো নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ফলাফলে সমন্বিত প্রতিফলন দেখা যাচ্ছে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান, চাঁদপুরের কৃতি সন্তান ড. মো. সবুর খানের শিক্ষা বিস্তারে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, চাঁদপুরের মাটিতে জন্ম নিয়ে তিনি শিক্ষা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে দেশের তরুণ প্রজন্মের জন্য যে সুযোগ সৃষ্টি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তার দূরদর্শী চিন্তা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের কারণে ড্যাফোডিল গ্রুপ আজ দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটি চাঁদপুরে মানসম্মত শিক্ষা বিস্তারে আরও অগ্রসর হতে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ করে গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর সেই লক্ষ্য জোরদারভাবে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। ড. মো. সবুর খানের শিক্ষা দর্শন ও ড্যাফোডিল গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি চাঁদপুরের শিক্ষা অঙ্গনে ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে আরও কৃতী ও দক্ষ প্রজন্ম বেরিয়ে আসবে বলেও বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসির ফলাফল হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই সাফল্যকে ভিত্তি করে শিক্ষার্থীদের আরও উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে ভালো করতে হবে। এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরও কৃতজ্ঞতা জানান, যাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। বক্তারা জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শুধুমাত্র ভালো শিক্ষার্থী গড়ার প্রতিষ্ঠানই নয়, বরং আলোকিত মানুষ গড়ার বাতিঘর হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তারা আশা করেন শিক্ষার্থীরা এ সাফল্যকে ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করবে।
উল্লেখ্য, এবছর এসএসসি (২০২৬) পরীক্ষায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে মোট ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা সবাই শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন