০৭:১৬ পি.এম
‘কমনওয়েলথ ফিউচার স্টারস’ টি-টেন ম্যাচটি অনুষ্ঠিত হবে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও একতার বার্তা ছড়িয়ে দিতে। এই বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচটি আগামী রবিবার অ্যান্টিগার বিখ্যাত স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচে মুখোমুখি হবে ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ দল এবং ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দল। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সামিউন বশির রাতুল এই বিশেষ ম্যাচটিতে সুযোগ পেয়েছেন।
বাংলাদেশের এই স্পিনার ওয়াইডার কমনওয়েলথ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলবেন। ১২ সদস্যের স্কোয়াডে ইংল্যান্ড, কানাডা ও বারমুডার ক্রিকেটারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মাঝপথে অ্যান্টিগায় পৌঁছেছেন ম্যাচে অংশগ্রহণের জন্য।
২০২৬ কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের (চোগম) অংশ হিসেবে এই ক্রিকেট উৎসবের আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ডাগআউটে মেন্টর ও অনারারি ম্যানেজার হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটের দুই কিংবদন্তি। কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস ক্যারিবীয় তরুণদের দিকনির্দেশনা দেবেন এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার ওয়াইডার কমনওয়েলথ দলের দায়িত্বে থাকবেন। ক্যারিবীয় অনূর্ধ্ব-২৩ দলটি ১২টি ভিন্ন ক্যারিবীয় দেশের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গঠিত এবং এর নেতৃত্ব দেবেন ডোমিনিকার স্টিফান প্যাসকেল।
আরও পড়ুন: আর্তেতা-ইরাওলা: ২৯ বছর আগে সতীর্থ, আজ তারা প্রতিদ্বন্দ্বী
একই সন্ধ্যায় তরুণদের এই ম্যাচের পাশাপাশি অনুষ্ঠিত হবে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের নিয়ে একটি বিশেষ টি-৫ (৫ ওভারের) ম্যাচ, যার নাম দেওয়া হয়েছে ‘কমনওয়েলথ হেডস শোডাউন’।
এই ম্যাচে ক্যারিবীয় রাষ্ট্রপ্রধানদের দলের অধিনায়কত্ব করবেন গায়ানার প্রেসিডেন্ট ড. ইরফান আলী এবং ওয়াইডার কমনওয়েলথ একাদশের নেতৃত্বে থাকবেন কেনিয়ার ডেপুটি প্রেসিডেন্ট কিথুরে কিন্ডিকি। ক্রীড়া কূটনীতির মাধ্যমে বিশ্বমঞ্চে ঐক্য সুদৃঢ় করাই এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন