১২:২৪ পি.এম
চাঁদপুর থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করা মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে অন্তত ৮০০ যাত্রী প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে রয়েছেন। সকাল ৮টা ২২ মিনিটের দিকে ট্রেনটি ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ছাড়ানো ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে ইঞ্জিনের মোটরে আগুনের আভাস পাওয়া গেলে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়। দীর্ঘ সময় ট্রেন আটকে থাকার কারণে অনেক যাত্রী সড়ক গন্তব্যে ফিরে যাচ্ছেন।
আরও পড়ুন: আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই
লাকসাম থেকে চট্টগ্রামগামী যাত্রী এনামুল হক বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনে উঠেছি। ফেনীতে এসে দুটি ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। অনেক যাত্রী ট্রেন ছেড়ে সড়কপথে চলে যাচ্ছেন।’
অন্য আরেক যাত্রী রাশেদা বেগম বলেন, ‘চট্টগ্রাম পৌঁছানোর কথা ছিল। দুই সন্তান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এখানে আটকে পড়ায় খুব ভোগান্তিতে পড়েছি।’
আরও পড়ুন: নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ‘চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি ইতোমধ্যে ফৌজদারহাট অতিক্রম করেছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন অপসারণের পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। এছাড়া ফেনী থেকে যেসব যাত্রীরা এই ট্রেনে ওঠার কথা ছিল, তাদের কেউ কেউ টিকিট ফিরত দিয়ে বিকল্প পরিবহনে গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে মেঘনা ট্রেনটি একটি লাইনে আটকে থাকলেও পাশের দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন